শারদীয় দুর্গোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী দুর্গার স্থানও পরম ভক্তিময়। তাঁর এক রূপ অসুরবিনাশী, আরেক রূপ মমতাময়ী মাতার। তিনি অশুভর প্রতীক অসুরদের দলপতি মহিষাসুরকে বধ করে দেবকুলকে রক্ষা করেছিলেন। এর মধ্য দিয়ে অন্যায়-অশুভর বিপরীতে ন্যায় ও শুভশক্তির জয় হয়েছিল বলে বিশ্বাস করা হয়। তিনি কেবল সৌন্দর্য-মমতা-সৃজনের আধারই নন, অসহায় ও নিপীড়িতের আশ্রয় বলেও গণ্য হন। মানবকুলের জন্য তিনি বয়ে আনেন মঙ্গলবার্তা।

দুর্গোৎসব আনন্দ-মিলনের উৎসবও বটে। আর সে আনন্দ ধর্ম সম্প্রদায়ের গণ্ডি পেরিয়ে সমাজের সবাইকে কাছে ডেকে নেয়। দুর্গোৎসব হয়ে উঠেছে বাঙালি সংস্কৃতির অন্যতম বৃহৎ সামাজিক উৎসব। বাঙালি হিন্দু সম্প্রদায় এই উৎসবকে তাদের ধর্মীয় ও সামাজিক জীবনের একটি কেন্দ্রীয় উৎসব হিসেবে দেখে থাকে।

দুর্গোৎসব আদিতে ছিল কেবল বনেদি জমিদার বাড়ির উৎসব। কালক্রমে এর আকর্ষণ বর্ণনির্বিশেষে হিন্দু সমাজের সব অংশেই ছড়িয়ে গেছে। এ উৎসবে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ—সব সম্প্রদায়ের প্রতিবেশীর মধ্যে শুভেচ্ছা ও সম্প্রীতির আদান-প্রদান ঘটে। এর মাধ্যমে ফুটে ওঠে বাঙালি সংস্কৃতির অন্তর্নিহিত সর্বপ্রাণবাদ, নারী তথা মাতৃচরিত্রের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। এই গুণাবলি যতটা ধর্মের বিশ্বাস, ততটাই সংস্কৃতির প্রাণরসও।

উৎসাহ-উদ্দীপনা ও সম্প্রীতির পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপিত হচ্ছে সারা দেশে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পূজামণ্ডপগুলোয় যথারীতি বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের নারী-শিশুসহ সব বয়সের দর্শনার্থীর ভিড় লক্ষ করা যাচ্ছে। কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে কিছু প্রতিমা ভাঙার খবর পাওয়া গেছে, যা দুঃখজনক। আর কোথাও যেন এমন একটি ঘটনাও না ঘটতে পারে—এটা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের আরও সজাগ দৃষ্টি প্রয়োজন। শান্তি-সম্প্রীতি ও যথাযথ উৎসবমুখর পরিবেশেই যেন দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটে।

শারদীয় দুর্গোৎ​সবে আমাদের কামনা: সত্য, ন্যায় ও শুভশক্তির বিজয় হোক।