সম্প্রতি চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিন্তু এতে পদ্ধতিগত কিছু ত্রুটিবিচ্যুতি রয়েছে। ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ করা হয়নি, এর মধ্যেই চতুর্দশ নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনেকে এনটিসিআরএর কার্যক্রম নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এ প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়েও কথা উঠেছে। ত্রয়োদশ নিবন্ধন পরীক্ষায় উপজেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে তিনজনকে লিখিত পরীক্ষায় পাস করানো হয়। ফলে অনেকেই লিখিত পরীক্ষা ভালো দেওয়া সত্ত্বেও উত্তীর্ণ হতে পারেননি।
বিজ্ঞপ্তিতে কোন উপজেলায় কোন বিষয়ের শূন্য পদ আছে কিংবা নেই, তা উল্লেখ করা ছিল না। ফলে অনেকেই নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করেন, সময় ও অর্থ খরচ করে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন, অথচ তিনি জানেনই না, তাঁর পঠিত বিষয়ে উপজেলায় পদ ফাঁকা নেই। অন্যদিকে যাঁরা প্রিলিতে উত্তীর্ণ হন, তাঁদের একটা বড় অংশ সময় ও অর্থ ব্যয় করে লিখিত পরীক্ষায় অংশ নেন, ভালো পরীক্ষা দিয়েও ফেল করেন। কারণ, উপজেলাতে পদ ফাঁকা ছিল না। আর এই পদ ফাঁকা না থাকার বিষয়টা জানতে হচ্ছে দীর্ঘ সময় পড়াশোনা করে প্রিলি পাস করার পর। তাই উপজেলা ও জেলা পর্যায়ে শূন্যপদের তালিকা প্রকাশ করা হোক। সর্বোপরি এ প্রতিষ্ঠানের ব্যাপারে সরকারের নজরদারি বাড়ানো উচিত।
মো. আবু তাহের মিয়া, রংপুর।