শিক্ষক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই। আমার উপজেলায় আমার মেধাতালিকায় স্থান ছিল ২৪তম। কিন্তু ইউনিয়ন কোটা নামক আজব কোটার কারণে আমি নিয়োগ না পেলেও মেধাতালিকার অনেক পেছনে থাকা ব্যক্তিও নিয়োগ পেয়েছেন। তাহলে এই মেধাতালিকা করার কী প্রয়োজন ছিল? ৪২ হাজার আবেদনকারী চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন এবং নিয়োগ লাভ করেন ১২ হাজার জন।

ইতিমধ্যে গত জানুয়ারিতে জাতীয়করণের ঘোষণা করলেও আমরা যারা ৩০ হাজার জন চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছি, তাদের ব্যাপারে কোনো দিকনির্দেশনা নেই। অথচ নিয়োগ পরীক্ষার প্রতিটি স্তরে (লিখিত ও মৌখিক) আমরা মেধার স্বাক্ষর রেখেই উত্তীর্ণ হয়েছিলাম এবং এর নিয়োগ-প্রক্রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার মতোই গ্রহণ করা হয়েছিল।

আজ আমার মতো অনেকের বয়স প্রায় শেষের দিকে এবং অনেকের বয়স শেষ হয়ে গেছে। অথচ আমরা উত্তীর্ণ হয়েও মানবেতর জীবন যাপন করছি, পরিবারের কাঁধে বোঝা হয়ে পড়ে আছি। প্রথম আলোতেই জানা গেল, এ মাসেই রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের গেজেট নোটিফিকেশন ঘোষণা করা হবে। আমাদের দাবি, এই ৩০ হাজার ভবিষ্যৎ শিক্ষকের ব্যাপারে যেন সুনির্দিষ্ট ঘোষণা এই গেজেটে স্থান পায়। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, গেজেট প্রকাশের আগেই আমাদের নিয়োগ দিয়ে মানবেতর জীবন থেকে মুক্তি দিন।

মো. আবদুল হাফিজ

সুন্দরগঞ্জ, গাইবান্ধা।