শিক্ষক নিয়োগ
রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ২০১২ সালের এপ্রিল মাসে। এতে ৪২ হাজার শিক্ষকের নাম তালিকাভুক্ত করা হয় এবং এ পর্যন্ত ১২ হাজার শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি ৩০ হাজার শিক্ষকের ব্যাপারে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তালিকাভুক্ত শিক্ষকদের প্রত্যেকে দরিদ্র মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের, যাঁদের অধিকাংশই অতিকষ্টে লেখাপড়া শেষ করে হতাশাপূর্ণ বেকার জীবন অতিবাহিত করছেন। এর মধ্যে অনেকের সরকারি চাকরির মেয়াদ শেষ হয়ে গেলেও নিয়োগ পাওয়ার অপেক্ষায় তাঁরা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, মানসিক সমস্যাসহ বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েও এক বছরের অধিক সময় দিনরাত নতুন নতুন স্বপ্নের জাল বুনছেন।
গত ৯ জানুয়ারি সরকারের ঘোষণা অনুযায়ী, ইতিমধ্যে কয়েক হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে শিক্ষা মন্ত্রণালয় থেকে জাতীয়করণের গেজেট নোটিফিকেশন ঘোষণা করে। অথচ ৩০ হাজার তালিকাভুক্ত শিক্ষকের ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
তাই প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে আকুল প্রার্থনা, এই তালিকাভুক্ত শিক্ষকদের নিয়োগদানের ব্যবস্থা করে ৩০ হাজার পরিবারকে হতাশার অন্ধকার থেকে মুক্তি দেওয়া হোক।
রাহাত চাকলাদার, সদরপুর, ফরিদপুর।