শিক্ষক নিয়োগ দিন
বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য ২০১০ সালের ৯ ডিসেম্বর সরকার কেন্দ্রীয়ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে। যথাযথ নিয়ম মেনে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল উপজেলাভিত্তিক মেধাক্রম অনুসারে প্রকাশিত হয় ২০১২ সালের এপ্রিলে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবে জানা যায় মেধাতালিকার সিরিয়াল অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। কিন্তু মেধাতালিকার সিরিয়াল ভঙ্গ করে নিয়োগ দেওয়ার কারণে প্রথম দিকে থেকেও অনেকেই নিয়োগ পাননি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪২ হাজার প্রার্থীর মধ্যে ১৬ হাজার নিয়োগ পেলেন। বাকি ২৬ হাজার প্রার্থী নিয়োগ পাবেন না, এটা কোন নিয়ম? আমার প্রশ্ন হলো ২৬ হাজার নির্বাচিত শিক্ষককে বঞ্চিত করে কেন জাতীয়করণ করা হলো? কেনই বা ১৯ আগস্ট ২০১৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলো? কেন প্রায় দুই বছর অতিবাহিত হওয়ার পরও সরকার যথাযথ নিয়ম মেনে তালিকাভুক্ত হওয়া এই বিপুলসংখ্যক বেকার দুর্ভাগা শিক্ষককে নিয়োগ দিল না? কেন ১৭ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্যানেলভুক্ত শিক্ষকদের বিষয়ে কোনো দিকনির্দেশনা অন্তর্ভুক্ত করা হলো না? কেন মেধাতালিকার সিরিয়াল ভঙ্গ করা হলো। গত মাসের শেষের দিকে শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকেরা যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলেন তখনই পুলিশ তাঁদের ওপর চড়াও হয় এবং গুরুতরভাবে আহত করে প্রায় ১৮ জন শিক্ষককে। শিক্ষা জাতির মেরুদণ্ড; কিন্তু আর কত লাঞ্ছিত বা কত নির্যাতিত হলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাবে, আমরা জানতে চাই। যদি ১৬ হাজার শিক্ষক নিয়োগ পায় তবে বাকি ২৬ হাজার শিক্ষকও নিয়োগ পাওয়ার জোর দাবি রাখে। সব মানবিক দিক বিবেচনা করে তালিকাভুক্ত শিক্ষকেরা যেন নিয়োগ পান, তার জোর দাবি রাখছি।
রিপন কুমার বড়াল
দেউলবাড়ী দোবড়া, নাজিরপুর, পিরোজপুর।