শিক্ষক সমিতির কাছে খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেই জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অর্থনীতি বিভাগের একজন শিক্ষককে লাঞ্ছিত করলে শিক্ষক সমিতি উপাচার্যের কাছে এই ঘটনার বিচার দাবি করে এবং পরবর্তী সময়ে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং তাঁর পদত্যাগ দাবি করে। এই লক্ষ্যে শিক্ষক সমিতি কর্মসূচি হিসেবে তাঁকে বয়কট করে এবং রেজিস্ট্রার ভবনে অবস্থান গ্রহণ করে প্রশাসনিক কর্মকাণ্ডকে বন্ধ করে দেয়। আমরাও শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবি করি এবং শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করে এমন কোনো কর্মসূচি না দিতে শিক্ষক সমিতির প্রতি অনুরোধ জানাই। কিন্তু শিক্ষক সমিতি গত ২০ এপ্রিলের সভা থেকে সর্বাত্মক কর্মবিরতি তথা ক্লাস বর্জনের ডাক দেয়। সংগত কারণেই আমরা শিক্ষক সমিতিকে এই শিক্ষাবিরোধী কর্মসূচি প্রত্যাহার করতে বলি এবং শিক্ষক লাঞ্ছনার বিচার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে অনুরোধ করি।

গত ৫ মে অনুষ্ঠিত শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় আমাদের বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেছিলাম, শিক্ষক লাঞ্ছনার বিচারের চেয়ে উপাচার্যের পদত্যাগের দিকেই শিক্ষক সমিতির মনোযোগ বেশি। আমাদের আশঙ্কা দ্রুতই বাস্তবে রূপ নেয়। ৭ ও ১৩ মের সভার কার্যবিবরণী থেকে শিক্ষক লাঞ্ছনার বিচারের বিষয়টি উধাও হয়ে যায়। এ ছাড়া শিক্ষক সমিতির এই আন্দোলন ও কর্মকাণ্ড ক্রমশ স্ববিরোধী হয়ে ওঠে এবং অযৌক্তিকতা ও স্বেচ্ছাচারিতায় রূপ নেয়।
আমরা ইতিমধ্যে শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভাগুলোতে আন্দোলনের অযৌক্তিকতা ও পদ্ধতিগত ত্রুটি সম্পর্কে বলেছি এবং আপত্তিপত্রের মাধ্যমে সমিতির সভাপতিকে জানিয়েছি। এখানে কিছু বিষয় উল্লেখ করা প্রয়োজন। শিক্ষক সমিতি ১৯ জুন শিক্ষার্থীদের স্বার্থে ক্লাস বর্জন কর্মসূচি উঠিয়ে নেয়, কিন্তু ২০ এপ্রিল এই বিবেচনার কথা তারা ভুলে গেল কেন? কেন তারা মাঝখানের এতগুলো কর্মদিবস নষ্ট করল? শিক্ষকদের সময়মতো বেতন-ভাতা পাওয়া অবশ্যই জরুরি। তাঁরা যাতে সময়মতো বেতন পান, সে জন্য ২৭ জুন অবরোধ শিথিল করা হলো। কিন্তু শিক্ষকদের পদোন্নতি, শিক্ষাছুটি, স্কলারশিপ ইত্যাদিও গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো, অবরোধের আওতায় এ-সংক্রান্ত ফাইলগুলো তাহলে আটকে দেওয়া হচ্ছে কেন?
২৫ জুন থেকে আন্দোলন পরিচালনা কমিটি সমিতির সভাপতিকে জরুরি বিষয়গুলোর ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয়, তাদের প্রদত্ত ক্ষমতায় সভাপতিই প্রশাসনিক ও একাডেমিক জরুরতের নির্ধারক হয়ে উঠেছেন। নিঃসন্দেহে এর নাম স্বেচ্ছাচারিতা। এমন সিদ্ধান্ত সমিতির কর্মকাণ্ডে স্বৈরতান্ত্রিকতার জন্ম দিচ্ছে। ৫ মের সভার কার্যবিবরণীতে শিক্ষকদের বাক্স্বাধীনতাবিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় গণমাধ্যমগুলোতে বক্তব্য প্রদানকে সমিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শিক্ষক সমিতির কর্মসূচির আওতায় ক্লাসরুমে তালা লাগানোর মতো ঘটনাও ঘটানো হয়। শিক্ষক-আন্দোলনে এই ঘটনা নজিরবিহীন। ৭ ও ১৩ তারিখের সভার কার্যবিবরণী থেকে ভিন্নমতাবলম্বী শিক্ষকদের বক্তব্য বাদ দেওয়া হয় অগণতান্ত্রিকভাবে। এই সভায় চালু করা হয় গোপনে ধারণকৃত রেকর্ড বাজানোর বিপজ্জনক চর্চা; সিদ্ধান্তে আপত্তি জানালেও তা কার্যবিবরণীতে অনুল্লেখিত থেকে যায়। সভায় বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদান করা হয় শিক্ষকদের প্রতি। ৮ জুলাইয়ে সভার কার্যবিবরণীতে লেখা হয়, সিদ্ধান্ত ‘(৫) আন্দোলন বেগবান করার লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় আলোচনাসাপেক্ষে যেকোনো কর্মসূচি গ্রহণ করতে পারবেন।’ সভায় এমন কোনো আলোচনা হয়নি, এমনকি সভাপতিকে এমন কোনো সিদ্ধান্ত পাঠ করতে শোনা যায়নি। বানোয়াট এই সিদ্ধান্তটি স্বৈরতান্ত্রিক ও দুরভিসন্ধিমূলক।
উল্লিখিত বিষয়গুলো প্রতিপন্ন করে যে শিক্ষক সমিতির আন্দোলন অত্যন্ত দুর্বল নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এই আন্দোলন ক্যাম্পাসে আন্দোলনের সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করছে। সমিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষক লাঞ্ছনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে বলেনি, তদন্ত প্রতিবেদনে বিবৃত নির্দেশনাও জানতে চায়নি কিংবা শাস্তি প্রদান নিশ্চিত করতে কার্যকর ভূমিকা নেয়নি; উল্টোভাবে তদন্ত কমিটি ও শৃঙ্খলা কমিটির সদস্যদের কেউ কেউ (যাঁরা একই সঙ্গে আন্দোলনকারী) পদত্যাগ করেছেন বা বিব্রত হয়েছেন কিংবা সভায় অনুপস্থিত থেকেছেন। এ সবই বিচার প্রক্রিয়াকে অকার্যকর করার বাহানা।
শিক্ষক সমিতির অবরোধের ফলে শিক্ষাপর্ষদের সভাসহ বিভিন্ন তদন্ত কমিটির জরুরি সভাগুলো হতে পারছে না। শিক্ষকদের ছুটি ও পদোন্নতিসহ অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক কাজ বন্ধ হয়ে আছে। ফলে অন্যায়ের প্রতিবিধানের জন্য শিক্ষক সমিতি অবরোধ আরোপ করলেও আমরা দেখতে পাচ্ছি, আরও অধিক অন্যায়ের জন্ম দিচ্ছে এই অবরোধ।
শিক্ষক সমিতি ১৯ জুন সাধারণ সভার কার্যবিবরণীতে উপাচার্যের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ উত্থাপন করে। আমরা মনে করি, একটি আন্দোলনকে যথাযথ ও যৌক্তিক হতে হলে তার কারণগুলোকে সুনির্দিষ্ট ও সত্য হওয়া বাঞ্ছনীয়। কোনোভাবেই অস্পষ্ট, মিথ্যা ও স্ববিরোধী তথ্যের ওপর ভিত্তি করে কোনো আন্দোলন দাঁড় করানো যায় না। এমন কোনো কারণ দেখানো ঠিক নয়, যার দায়দায়িত্ব নিজেদেরই কাঁধে এসে পড়ে। যেমন ‘উপাচার্য তদন্ত কমিটিকে প্রভাবিত করেছেন’ শিক্ষক লাঞ্ছনার ঘটনা তদন্তে এমন দাবি করা হলে আন্দোলনকারীরাই দায়ী হয়ে পড়েন; কারণ তাঁদের মধ্য থেকেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অকৃতকার্য প্রার্থীকে ভর্তি করা ও মুক্তিযোদ্ধা কোটায় অমুক্তিযোদ্ধার সন্তানকে ভর্তি করার অভিযোগটির কোনো সত্যতা পাওয়া যায় না। আমরা মনে করি, সমিতি এমন তথ্য প্রচার করে ক্যাম্পাসবাসীকে বিভ্রান্ত করেছে। জরুরি সভায় ‘প্রশাসনিক ভবনের সামনে অবস্থান’ গ্রহণের সিদ্ধান্ত নিয়ে সহ-উপাচার্যদ্বয়সহ কর্মচারীদের অবরোধ করা সমিতির সদস্যের সঙ্গে প্রতারণারই নামান্তর। উপাচার্য ‘বাইরের লোক’ বলে যে ধারণা কোনো কোনো সদস্য প্রচার করেন এবং তাঁকে তাড়াতে চান, সেই ধারণা অত্যন্ত সংকীর্ণ এবং বিশ্ববিদ্যালয় পরিসরে বেমানান। এ ছাড়া ‘পদ-পদবির লোভে’ কিছু শিক্ষক আন্দোলন করছেন—ক্যাম্পাস ও দেশবাসীর এমন ধারণার বিপক্ষে শিক্ষক সমিতি আন্দোলনের যৌক্তিক ও গ্রহণযোগ্য কোনো কারণ দাঁড় করাতে পারেনি।
তবে, শিক্ষক সমিতির ন্যায়সংগত দাবিগুলোর সঙ্গে আমরা একমত। আমরা মনে করি, উপাচার্য মহোদয়কে তাঁর বক্তব্যে সংযত, সংগতিপূর্ণ ও সুনির্দিষ্ট হতে হবে। বিশ্ববিদ্যালয় কমিউনিটির এবং শিক্ষকদের মর্যাদার হানি ঘটে এমন কোনো বক্তব্য দেওয়া অনভিপ্রেত নয়। শিক্ষক লাঞ্ছনাসহ অপরাধ-ঘটনাগুলোর তদন্ত ও বিচার-প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁকে আরও বেশি উদ্যোগী হতে হবে। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনের নামে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কৃত্রিমতার অনুপ্রবেশ, কৃত্রিম লেক-খনন এবং জীববৈচিত্র্য ধ্বংসের কোনো কর্মসূচি নেওয়া কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা মনে করি, শিক্ষক লাঞ্ছনার যথাযথ বিচার হয়নি, এই বিচার নিশ্চিত করতেই হবে। তদন্তাধীন অপরাধমূলক ঘটনাগুলোর তদন্ত শেষ করে বিচারসমূহ দ্রুত সম্পন্ন করতে হবে। গত প্রশাসনের দুঃশাসনের সময় যাঁরা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন, তাঁদের চাকরিতে পুনর্বহালের কার্যকর উদ্যোগ গ্রহণ করাও জরুরি। বিশ্ববিদ্যালয়ে একটি পরিবেশ নীতিমালা করার দাবি বহুদিনের। শিক্ষক নিয়োগে একটি নিয়োগবিধি প্রণয়ন করতে হবে, যাতে মেধাবী ও যোগ্য প্রার্থীরা শিক্ষকতার পেশায় আসতে পারেন।
আমরা শিক্ষক সমিতির যে দাবিগুলো ন্যায়সংগত, সেগুলোর সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের আরও যে দাবিগুলো আছে তা পূরণের জন্য উপাচার্যকে তিন মাস সময় বেঁধে দিতে সমিতিকে অনুরোধ করছি। একই সঙ্গে প্রশাসনিক ভবনে অবরোধসহ সব কর্মসূচি প্রত্যাহার করার জন্য সমিতিকে অনুরোধ জানাচ্ছি। আমরা আশা করছি, শিক্ষক সমিতি তার গঠনতন্ত্র মোতাবেক বিশ্ববিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি ও জাতীয় দায়িত্বের প্রতি নিষ্ঠাবান হয়ে তার কর্মকাণ্ড পরিচালনা করবে।
লেখকেরা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক।