শিক্ষকদের আচরণ হোক শিক্ষকসুলভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন চলাকালে ক্লাস-পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন চলাকালে ক্লাস-পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মিছিল

‘ছাত্রছাত্রীদের পদভারে মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’। সোমবার সকালের বিভিন্ন জাতীয় দৈনিকে এই সংবাদ ছাপা হয়েছে। বিশ্ববিদ্যালয় অঙ্গন ছাত্রছাত্রীদের পদভারে মুখরিত হবে, সেটি কোনো সংবাদ হওয়ার মতো বিষয় নয়। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হলো। কারণ, দেশের এই সরকারি বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে কোনো ছাত্রসংগঠনের মারামারি খুনোখুনির জন্য নয়, বরং তাদের শিক্ষকদের একাংশের ওই বিশ্ববিদ্যালয়ের একজন নির্বাচিত উপাচার্যকে বা তাঁর কাজকে অপছন্দ, সেই কারণে। তাঁদের ভাষায়, উপাচার্য নিয়মিত বিভিন্ন অনিয়ম এবং শিক্ষকদের সম্পর্কে অবমাননাকর উক্তি করেন। সুতরাং তার প্রতিবাদ করতে হবে এবং সেই প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা উপাচার্যকে তাঁর দপ্তরে টানা ৮৪ ঘণ্টা অবরুদ্ধ রাখলেন। এটি একটি অভূতপূর্ব ঘটনা। অন্য রকমের আরেকটি অভূতপূর্ব ঘটনাও কয়েক দিন আগে রাজধানী ঢাকা শহরে ঘটেছে। একজন কিশোরীর বিরুদ্ধে তার মা-বাবার ওপর ক্ষুব্ধ হয়ে তাঁদের বুকে চাকু চালিয়ে দুজনকেই হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। চিন্তা করছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মিলে বিশ্ববিদ্যালয়টিকে খুন করল কি না, সে প্রসঙ্গ নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ছেড়ে একটু ফ্লাশব্যাক করে পাঠকদের ১৯৯১ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে চাই।
১৯৯০ সালের ৬ নভেম্বর গণ-আন্দোলনের তোড়ে স্বৈরাচার এরশাদ পদত্যাগ করলেন। ক্যাম্পাসে চাকসুর নেতৃত্বে বিজয় র‌্যালি বের করা হলো। তাদের সঙ্গে যোগ দিয়ে একাত্মতা জানানোর জন্য সিনেট কর্তৃক বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটে নির্বাচিত উপাচার্য অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন র‌্যালি শেষে তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় আন্দোলনে ছাত্র-শিক্ষকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন এবং শুধু একটি বাক্য যোগ করে বললেন, ‘একাত্তরের পরাজিত শত্রুরা নব্বইতে বিপ্লবী সেজেছে, তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।’ আর যায় কোথায়! একাত্তরে ইসলামের ধ্বজাধারী পরাজিত শত্রুদের সন্তানেরা, যারা দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাস দখল করে রেখেছে, তারা উপাচার্যের বিরুদ্ধে তাৎক্ষণিক যুদ্ধ ঘোষণা করল এবং কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয় অচল করে দিল। তালা পড়ল বিশ্ববিদ্যালয় সদর ফটকে। সাধারণ শিক্ষকেরা ঘোষণা করলেন, তাঁরা যেকোনো মূল্যে ক্লাস চালু রাখবেন, শিক্ষার্থীদের ক্ষতি হোক, এমন কোনো অযৌক্তিক আন্দোলন তাঁরা হতে দেবেন না। ১৯৯০ সালের ২২ ডিসেম্বর তাঁরা একযোগে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ করার উদ্যোগ নিলে ক্যাম্পাস দখলকারীরা তাঁদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে দুই শতাধিক শিক্ষক ও ছাত্রছাত্রীকে গুরুতর আহত করে। এর এক দিন পর আহত ছাত্রনেতা ফারুকুজ্জামান ফারুক মারা যায়। সম্ভবত শিক্ষকদের ওপর একাত্তরের পরাজিত শত্রুদের এটি প্রথম সুপরিকল্পিত হামলা। পরবর্তীকালে এই হামলায় যাঁরা নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের কমপক্ষে তিনজন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন।
তখন বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। ঘটনা তদন্তের জন্য তিনি এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেন। বিচারপতি মহোদয় চট্টগ্রামে আসেন। দীর্ঘ প্রায় এক মাস তিনি ওই দিনের ঘটনার বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। কিন্তু তদন্ত প্রতিবেদন দিতে তিনি অহেতুক বিলম্ব করেন। এরপর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট অপ্রত্যাশিতভাবে বিজয় লাভ করে। খালেদা জিয়া সরকার গঠন করার পর বিচারপতি চ্যান্সেলর বরাবর ১৯৯১ সালের আগস্ট মাসে তাঁর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। চ্যান্সেলর দপ্তর সেই প্রতিবেদন প্রকাশ না করলেও একটি অধুনালুপ্ত ইংরেজি দৈনিক তা ফাঁস করে দেয়। জানা যায়, সেই প্রতিবেদনে বিচারপতি ২০ ডিসেম্বরের ঘটনার জন্য উপাচার্য আর শিক্ষকদের একতরফাভাবে দায়ী করেন এবং লেখেন, ‘ছাত্রদের অবরোধ ভেঙে শিক্ষকদের ক্লাস করতে যাওয়া অনুচিত হয়েছে।’ তিনি আরও মন্তব্য করেন, ‘এই উপাচার্যকে রেখে পরিস্থিতির উন্নতি হবে না, আবার তাঁকে সরালেও সমস্যার সমাধান হবে না।’ বিচারকের এই অদ্ভুত মন্তব্যের পর ১৯৯১ সালের ডিসেম্বর মাসে ক্যাম্পাস দখলকারীরা উপাচার্যের সরকারি বাসভবনকে সাব-জেল ঘোষণা করে তাঁর বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং তাঁকে সপরিবারে ১২ দিন ওই অবস্থায় বন্দী করে রাখে। তারা উপাচার্যের বাসভবনের সামনে একটি বাসে তাদের অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। বাসে মাইক লাগানো হয় এবং উপাচার্যের বাসভবনের দিকে তা তাক করে ১২ দিন বিরামহীনভাবে পালা করে দিন-রাত ২৪ ঘণ্টা উপাচার্যকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. বদরুদ্দোজা চৌধুরী বিএনপির একজন স্থানীয় নেতাকে সঙ্গে নিয়ে উপাচার্যের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করতে আসেন। সেই নেতা একসময় উপাচার্যের ছাত্র ছিলেন। অবরোধকারীরা তাঁদের পাহাড়ি ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। শিক্ষামন্ত্রী ভেতরে গিয়ে উপাচার্যকে বাইরে অবস্থানরত দুবৃর্ত্তদের দাবি অনুযায়ী পদত্যাগ করার আহ্বান জানান। উপাচার্যের সাফ জবাব, তিনি একজন নির্বাচিত উপাচার্য, চার বছরের জন্য চ্যান্সেলর তাঁকে নিয়োগ দিয়েছেন। তিনি যদি কিছু দুর্বৃত্তের দাবির কাছে আত্মসমর্পণ করেন, তাহলে ভবিষ্যতে কোনো উপাচার্যই দায়িত্ব পালন করতে পারবেন না। দীর্ঘদিন অবরুদ্ধ থাকার কারণে তাঁর বাসভবনের পানি এবং খাদ্য তখন ফুরিয়ে আসছিল। এরই মধ্যে বিচারপতি সাহাবুদ্দীনের পরিবর্তে আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর চ্যান্সেলর প্রফেসর আলমগীর সিরাজুদ্দীনকে ব্রিটিশ আমলের একটি কালাকানুন, জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭ ব্যবহার করে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেন। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ছিল একটি কালো অধ্যায়। পরবর্তীকালে সেই বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছিলেন। বিশ্ববিদ্যালয় যখন অচল ছিল, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এক যুগান্তকারী প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন। তাঁরা শহরের একটি বেসরকারি কলেজে (এমইএস কলেজ) প্রতীকী ক্লাস নেওয়া শুরু করেন এবং তাতে ব্যাপকসংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এই কর্মসূচিতে শিক্ষক সমিতির কোনো অবদান ছিল না। কারণ, তখন শিক্ষক সমিতির কর্মকর্তারা জামায়াত-বিএনপি ঘরানার ছিলেন। উপাচার্য নাজেহালে জামায়াত-বিএনপি ঘরানার শিক্ষকদের সহায়তা থাকলেও তা কিন্তু প্রকাশ্যে করা হয়নি।
ফিরে আসি বর্তমানে। বাংলাদেশে ছাত্র অসন্তোষ আর সংঘাতের কারণে সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। তবে নতুন হচ্ছে, সম্পূর্ণ শিক্ষকদের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। সাম্প্রতিক কালে এই সংস্কৃতিটা চালু হয়েছিল কিছুদিন আগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। তারপর তা সংক্রামক ব্যাধির মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়েছে। এমন মনে করার যথেষ্ট কারণ আছে যে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যত না সমস্যা ছাত্রসংগঠনগুলোকে নিয়ে, তার চেয়েও বেশি সমস্যা কিছুসংখ্যক শিক্ষককে নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর আগে অপসারিত হয়েছিলেন এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রথম উপাচার্য ড. শরীফ এনামুল কবির। শুনেছি তিনি তাঁর ক্ষেত্রে একজন স্বীকৃত পণ্ডিত ছিলেন। তাঁর আমলে এই বিশ্ববিদ্যালয়ে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। তাঁর বিরুদ্ধে একইভাবে আরেক দল শিক্ষক আন্দোলন শুরু করলেন এবং তাঁকে তাঁর বাসভবনে অবরুদ্ধ করে রাখা হলো। সেবার তাঁরা সঙ্গে পেল কিছু ছাত্রকে। অচল হয়ে গেল বিশ্ববিদ্যালয়। যাঁরা তাঁর বিরুদ্ধে সে সময় আন্দোলন করেছিলেন, তাঁদের আন্দোলনের আসল মতলব ব্যক্তি আর গোষ্ঠীস্বার্থ ছিল বলে এই বিশ্ববিদ্যালয়ের সুস্থ চিন্তাধারার সব শিক্ষকই মনে করেন। মনে করা হয়েছিল, ড. কবির গেলে আন্দোলনরত কেউ একজন তাঁর পদে স্থলাভিষিক্ত হবেন। কিন্তু সরকার তাঁদের সেই সুযোগ না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. আনোয়ার হোসেনকে উপাচার্য নিয়োগ দেন। এতে বেশ ক্ষুব্ধ হন আন্দোলনকারীরা এবং প্রথম দিকে তাঁরা নতুন উপাচার্যের বিরুদ্ধে নানা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন।
ড. আনোয়ার হোসেন আমাদের মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) তাহের বীর উত্তমের ভাই এবং নিজেও তাঁর সব ভাইবোনের মতো অকুতোভয় মুক্তিযোদ্ধা। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল হিসেবে সব বিধিবদ্ধ পর্ষদের নির্বাচন দিয়ে দেন এবং নিজেও সিনেট কর্তৃক নির্বাচিত হয়ে নির্বাচিত উপাচার্যের দায়িত্ব পালন শুরু করেন। তাতে স্বার্থান্বেষী মহল নিবৃত্ত হবে কেন? কিছুদিন বিরতি দিয়ে আবার নতুন উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনের নামে ক্যাম্পাসে চরম নৈরাজ্য সৃষ্টি করা হয়। যার ফলে গত এপ্রিল থেকে থেমে থেমে বিশ্ববিদ্যালয় অচল এবং তার স্বাভাবিক পঠন-পাঠনের কার্যক্রম বন্ধ। আগে এক ভাগ ছাত্র বিশ্ববিদ্যালয়ে এই কাজটি করত, আর এখন গুটি কয়েক শিক্ষক এই কাজটি করছেন। তাহলে এই দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়? বিভিন্ন সময় উপাচার্যেরা অনিয়ম যে করেননি তা নয়, কিন্তু তার প্রতিবাদ করার বিভিন্ন পর্ষদ এবং আরও ভদ্র উপায় আছে। তবে উপাচার্য আর ছাত্রছাত্রীদের জিম্মি করে তা কোনোভাবেই কাম্য নয়। আরও পরিতাপের বিষয়, এই তথাকথিত আন্দোলনকারীদের মধ্যে নাকি কিছু স্বঘোষিত বঙ্গবন্ধুর সৈনিকও আছেন, যাঁরা আসলে দেখা গেছে, বর্তমান সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থ বাস্তবায়ন করতে গিয়ে প্রতিপক্ষকে সার্বিক সহায়তা করেছেন। তাঁদের অনেকেরই উপাচার্য হওয়ার খায়েশ আছে, কিন্তু তার জন্য কতটুকু যোগ্যতা আছে, তা কখনো তাঁরা চিন্তা করেন না।
জাহাঙ্গীরনগরের আন্দোলনরত শিক্ষকদের নিয়ে শিক্ষামন্ত্রী বৈঠক করেছেন এবং ১৫ দিনের মধ্যে উপাচার্যের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের তদন্ত করার আশ্বাস দিয়েছেন। ভালো কথা, কিন্তু অভিযোগগুলোর যদি সত্যতা প্রমাণিত না হয়, তা হলে কী হবে? তদন্ত রিপোর্ট কি আন্দোলনরতরা মেনে নেবেন? উপাচার্য বলেছেন, তিনি মেনে নেবেন। পত্রিকায় সংবাদ প্রচারিত হয়েছে, উপাচার্যকে এই ১৫ দিন কোনো বিধিবদ্ধ পর্ষদের সভা আহ্বান করতে অলিখিতভাবে বারণ করা হয়েছে। তা যদি সত্য হয়, তাহলে তা হবে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ওপর অযাচিত হস্তক্ষেপ, যা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের কাছে কাম্য নয়। বঙ্গবন্ধুই বিশ্ববিদ্যালয়গুলোতে স্বায়ত্তশাসন নিশ্চিত করেছিলেন। তবে এটা ঠিক, আন্দোলনের নামে এই বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক শিক্ষক কিছুদিন ধরে যা করেছেন, তা কোনো অবস্থাতেই প্রত্যাশিত নয় এবং তা সব সুস্থ চিন্তাধারার শিক্ষকদের লজ্জিত করেছে। এই মুহূর্তে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এই ক্যাম্পাসে সুদূরপরাহত মনে হয়।
আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।