আর প্রাথমিক শিক্ষা হলো সব শিক্ষার মূল ভিত্তি। স্বাধীনতাত্তোর বাংলাদেশের জাতির জনক ১৯৭৩ সালে এক ঘোষণার মাধ্যমে সব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। সেই প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন সময় প্রকল্প গ্রহণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা নামক পৃথক মন্ত্রণালয় করা হয়। মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষকদের পাশ কেটে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদটি ননগেজেটেড থেকে দ্বিতীয় শ্রেণী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদটি দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর পদকে পর্যায়ক্রমে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়।
শুধু তা-ই নয়, উপরোক্ত পদগুলো পদোন্নতির মাধ্যমে অধিদপ্তরের কর্মকর্তা করা হলেও সাধারণ প্রাথমিক শিক্ষকদের কোনো সুযোগ-সুবিধাই দেওয়া হয় না। দেশের প্রাথমিক বিদ্যালয়সমূহে এখন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষকদের পদোন্নতির সুযোগই নেই। এ অবস্থায় প্রাথমিক শিক্ষকদের মনে চরম হতাশা বিরাজ করছে।
প্রজাতন্ত্রের সব দপ্তরে পদোন্নতির বিধান আছে। প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেল অধিদপ্তরের ড্রাইভারদের চেয়েও নিম্ন স্কেলে। প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি স্বতন্ত্র বেতন স্কেলের। সেটাও বর্তমানে পাশ কেটে দেখা হয়। কথায় কথায় শিক্ষকদের মানুষ গড়ার কারিগর আখ্যায়িত করে ভুলিয়ে রাখা হয়। প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা হওয়ার সুযোগদানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
এ কে এম আবদুল মজিদ
তাড়াশ, সিরাজগঞ্জ।