শিক্ষকেরা ভুল করলে
১৯ মার্চ প্রথম আলো পত্রিকায় লেখক আনিসুল হকের ‘একটি দিন হোক গাড়ি পোড়ানোর দিন’ শিরোনামের লেখাটা পড়ে মনে হলো কাদের উদ্দেশ্যে এ লেখা? বহু বছর আগে ডিআইটির প্রাচীরঘেরা আঙিনায় তালাবদ্ধ অবস্থায় আটটি গাড়ি পোড়ানো হলে শেখ হাসিনা বলেছিলেন এ দেশে আর হরতাল দেওয়া হবে না। কেননা, এ দেশে হরতালের সব নীতি অচল হয়ে গেছে। ২০ বছর আগের কথার সত্যতা আজ প্রমাণিত হচ্ছে। এখন শুরু হয়েছে গাড়িতে আগুন দিয়ে গাড়ির ভেতরে যাত্রীকে আগুনে পুড়িয়ে মারা। এত নিষ্ঠুর তো বাঙালি কখনো ছিল না।
পুলিশের গায়ে হাত তোলা, পুলিশ পেটানো, এ তো একেবারে নবসংস্করণ। কথা ছিল পুলিশ জনগণকে বাঁচাবে, রক্ষা করবে। এখন যে দেখছি উল্টোটা।
এটা কিন্তু শুরু হয়েছে শিক্ষকদের লেখাপড়ার শিক্ষাদান থেকে সরে গিয়ে শুধুই টাকার পেছনে ছোটার জন্য, শিক্ষামন্ত্রী মহোদয় শুধু জিপিএ-৫ পাওয়ার সংখ্যা গুনছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কোনো পিয়ন নাকি কোটি টাকার মালিক। চিকিৎসক ভুল করলে একজন রোগী মরে। শিক্ষকেরা ভুল করলে গোটা জাতি মরে যায়।
রাধাকান্ত রায়
ঢাকা।