শিক্ষামন্ত্রী সমীপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিগত বছরগুলোতে এসএসসি ও এইচএসসিতে পাসের হার বাড়লেও বেশির ভাগ স্কুল-কলেজের পড়ালেখার মানের তেমন কোনো উন্নয়ন হয়নি। দক্ষ ইংরেজি শিক্ষকের ঘাটতি থাকার কথা ব্যাপকভাবে আলোচিত হলেও অনেক স্কুল-কলেজে বিভিন্ন বিষয়ে সঠিকভাবে ব্যবহারিক ক্লাস না করানোর ব্যাপারটি কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় না। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই ঠিকমতো ব্যবহারিক ক্লাস নেওয়া হয় না। বেসরকারি স্কুল-কলেজগুলোতে এই সমস্যা অনেক বেশি। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, কম্পিউটার ও সাচিবিকবিদ্যা এসব বিষয়ে দক্ষতা অর্জনের জন্য তত্ত্বীয় শিক্ষার সঙ্গে সঙ্গে ব্যবহারিক শিক্ষা অর্জনও খুব জরুরি। বেশির ভাগ হাইস্কুলে মানসম্মত গবেষণাগার নেই। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্কুলে বিজ্ঞান বিভাগে ২০০ জনের বেশি শিক্ষার্থী থাকলেও একটি ছোট কক্ষকে নামমাত্র গবেষণা বা ব্যবহারিক শিক্ষার জন্য ব্যবহার করা হয়। বেসরকারি স্কুলগুলোতে ভর্তির সময় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৮০০-১৫০০ টাকা পর্যন্ত ব্যবহারিক শিক্ষার খরচ হিসেবে নেওয়া আর কলেজগুলোতে ২০০০-৪০০০ টাকা পর্যন্ত ব্যবহারিক ফি নেওয়া হয়। কিন্তু বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবইয়ে নির্দেশিত ব্যবহারিক কোর্সের শতকরা ৫০ ভাগই পড়ানো হয় না। এর ফলে তরুণ শিক্ষার্থীদের কাছে পদার্থবিজ্ঞান ও রসায়নের মতো বিষয়ও খুব কঠিন মনে হয়।
সার্বিক অবস্থা পর্যালোচনা করে দেখা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষার কাঠামো বদলানো প্রয়োজন। নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক শিক্ষকের দ্বারা ব্যবহারিক খাতা সাইন করানো শুধু স্কুল ও কলেজের টেস্ট পরীক্ষার জন্যই প্রযোজ্য করা হোক। শিক্ষা বোর্ড কর্তৃক প্রতি বিষয়ে অন্তত সাতটি ব্যবহারিক প্রজেক্ট করানোর ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া যেতে পারে।
প্রমা তাপসী খান, ঢাকা।