বর্তমান সরকার দেশে শিক্ষার সর্বস্তরে যথেষ্ট সফলতা অর্জন করেছে। শিক্ষা খাতে সরকার প্রতিবছর বিনিয়োগ বাড়াচ্ছে। কিন্তু শিক্ষার গুণগত মান সে হারে বাড়ছে না। সরকারি ও বেসরকারি কলেজ পর্যায়ে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। সম্মানিত অনেক শিক্ষক আছেন যাঁরা ‘অফ ডে’ নামে কলেজে নিয়মিত উপস্থিত থাকেন না। বিশেষ করে, উপজেলা ও মফস্বল এলাকার কলেজগুলোতে এ ধরনের প্রবণতা বেশি। তাঁরা অফ ডের নামে বাসায় প্রাইভেট পড়ান। কোনো বিভাগে একজন শিক্ষক কর্মরত থাকলেও তিনি সপ্তাহে তিন দিন এবং একাধিক শিক্ষক থাকলেও পালাক্রমে দুই দিন বা তিন দিন উপস্থিত থাকেন। শিক্ষার্থীদের বড়ই দুর্ভাগ্য, অফ ডের নামে তারা নিয়মিত ক্লাস পাচ্ছে না। আমি কোনো এক কলেজে সাময়িক দায়িত্ব পালনকালে দেখলাম, একজন ম্যাডাম একদিন কলেজে এলেন এবং এক ঘণ্টার মতো অবস্থান করলেন। তিনি কোনো ক্লাস নিচ্ছেন না। আমি না জানার ভান করে তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘আপনি কি ক্লাস নিয়েছেন?’ তিনি জবাব দিলেন, ‘আজ আমার অফ ডে।’ তারপর তিনি কলেজ থেকে চলে যাওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করলেন। অসহায় শিক্ষার্থীরা জানে আজ ম্যাডামের ‘অফ ডে’। এসব দেখার দায়িত্ব শিক্ষা প্রশাসনের কারোরই নয়। এটা শুধু অধ্যক্ষের দায়িত্ব। অপ্রিয় সত্য, এমন অনেক কলেজ আছে, যেখানে অধ্যক্ষ নিজেই কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকেন না। উপাধ্যক্ষ বা সিনিয়র শিক্ষককে মৌখিক দায়িত্ব দিয়ে থাকেন। কলেজের শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে ১২ এপ্রিল ২০১১ তারিখ শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা জারি করা হয়েছিল, তারও কোনো সুফল পাওয়া যায়নি।
শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়া উদ্বেগজনক। নিয়ম অনুযায়ী ক্লাসে উপস্থিতির হার ন্যূনতম ৬০ শতাংশ না হলে চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণে অযোগ্য হলেও অনেক প্রতিষ্ঠানই তা অনুসরণ করে না। কলেজগুলোতে তৃতীয় বা চতুর্থ পিরিয়ড ক্লাসের পর অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকতে চায় না। কারণ জানতে চাইলে নিঃসংকোচে জবাব দেয় ‘প্রাইভেট পড়তে যাচ্ছি।’ শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে ক্লাসে, প্রাইভেট বা কোচিং সেন্টারে নয়। ক্লাসে পাঠদানের প্রতি একজন শিক্ষককে হতে হবে আন্তরিক ও নিবেদিত। শিক্ষার্থীরা কেন কলেজে নিয়মিত ক্লাস করতে আগ্রহী নয়, তা খতিয়ে দেখা প্রয়োজন। শিক্ষকদের সম্মান রক্ষা করে তাঁদের উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে নিয়মিত মনিটরিং করা উচিত। বিষয়টিতে শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক
কুমিল্লা।