
দেশের পরিস্থিতি নিয়ে সবাই এখন উদ্বিগ্ন। এর প্রধান কারণ সংঘাতময় রাজনীতি, হরতাল-অবরোধের নামে অব্যাহত নাশকতা, সহিংসতা ও অনিশ্চয়তা। এসব সহিংসতার বলি আমাদের সংসদীয় গণতন্ত্র, আমাদের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামাজিক সুস্থিরতা। হরতাল-অবরোধের ক্ষতি নিয়ে নানা মহলে হিসাব-নিকাশ চলছে। ব্যবসা-বাণিজ্যে এই ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে নিরূপণ করা যায়, এমনকি গত ৫ মের সন্ত্রাসে বায়তুল মোকাররমের আশপাশের ফুটপাতে যেসব ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন, তাঁদের ক্ষতিরও একটি আঙ্কিক হিসাব করা যায়। কিন্তু যে খাতে ক্ষতিটা অপূরণীয় এবং কোনো হিসাবেই তার মূল্য নির্ধারণ সম্ভব নয়, তা হচ্ছে শিক্ষা। শিক্ষা নিয়ে আমার চিন্তা ও উদ্বিগ্নতা এ জন্য নয় যে আমি একজন শিক্ষক; বরং এ জন্য যে আমি দেশটির ভবিষ্যতে বিশ্বাসী—বর্তমানে তেমন একটা আস্থা না থাকলেও—এবং স্পষ্টতই দেখতে পাচ্ছি শিক্ষাচিত্রটি ক্রমেই অনুজ্জ্বল হচ্ছে, এর ওপর অনিশ্চয়তার আঁধার ভর করছে। অথচ ছেলেবেলায় স্কুলে শিখেছিলাম, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আত্মঘাতীরা নিজেদের পায়ে কুড়াল মারে, এমন কথা শুনেছি। বন্দুকপাগল মার্কিনরা একে বলে নিজেদের পায়ে গুলি করা। কিন্তু এ দেশে বা বিদেশে এই প্রবচনের এ রকম কোনো সংস্করণের সাক্ষাৎ পাইনি, যেখানে পায়ে কুড়াল মারার সমার্থক হিসেবে মেরুদণ্ড ভেঙে ফেলার কথা বলা হয়েছে। অথচ আমরা তা-ই করতে নেমেছি। একটা পায়ে কুড়াল মারলে বা গুলি করলে আরেকটা পা দিয়ে কষ্টেসৃষ্টে হলেও চলা যায়। কিন্তু মেরুদণ্ড ভেঙে ফেললে বিছানায় পড়ে থাকার আর বিকল্প থাকে না।
গত চার-পাঁচ মাসের হিসাবটা একবার নিন। দুই মাসের মতো হরতাল হয়েছে; হয় সারা দেশে, না হয় কোনো না-কোনো জেলা, উপজেলা বা শহরে। হরতাল-অবরোধের ঘোষণা এলেই আগের দিন থেকে শহরে-বন্দরে ভাঙচুর শুরু হয়ে যায়। বাসে-ট্রেনে আগুন লাগে, বোমা-ককটেল ফাটে। স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়, পরীক্ষা মুলতবি হয়ে যায়। এই চার-পাঁচ মাসে এইচএসসি পরীক্ষা ছিল, ও-লেভেল পরীক্ষা ছিল। এইচএসসি পরীক্ষার্থীরা পড়েছে ভয়ানক সংকটে। শুক্র-শনিবার পরীক্ষা নিয়ে কোনোক্রমে সংকট কাটানো গেছে, কিন্তু এই দীর্ঘায়িত পরীক্ষার একটা নেতিবাচক প্রভাব পরীক্ষার্থীদের ওপর পড়বে। সামনে কওমি শিক্ষাধারার পাবলিক পরীক্ষা আসছে। সে জন্য ওই পরীক্ষার সময় হরতাল না করার জন্য দলগুলোকে অনুরোধ করেছেন হেফাজতে ইসলামের প্রধান। তাঁর দৃষ্টিতে কি তাহলে এইচএসসি অথবা ও-লেভেল পরীক্ষা হরতালমুখী দলগুলোর অনুকম্পা পাওয়ার যোগ্য নয়।
কিন্তু পরীক্ষা থাকুক বা না-থাকুক, যেকোনো হরতালই শিক্ষার জন্য বিধ্বংসী। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় বুঝেই হোক, না-বুঝেই হোক অনেক দিন থেকেই সেমিস্টার পদ্ধতি চালু করেছে। এর অর্থ যথাসময়ে ক্লাস ও পরীক্ষা শুরু এবং শেষ করা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোয় এক ধাপ এগিয়ে রীতিমতো ‘ফল’ আর ‘সিপ্রং’ সেমিস্টারের মতো মার্কিন সময়ক্রমে পাঠদান শুরু করেছে সেই গোড়া থেকেই। ফলে, এখন গোনাগুনতি ক্লাস হয়। হরতালে সেই গোনায় টান পড়ে, লাগাতার হরতাল হলে পদ্ধতিটাই টালমাটাল হয়ে পড়ে। দুই মাসের মতো হরতালে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রম কাটছাঁট করতে হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম ৩০ শতাংশ পর্যন্ত অপূর্ণ রাখতে হয়েছে। স্কুল-কলেজগুলোর অবস্থা একই রকম। সাম্প্রতিক সময়ের হরতালচিত্রে একটা নতুন প্রহসন যোগ হয়েছে: হরতালবাদীরা বলছেন, পরীক্ষা এখন হরতালের আওতামুক্ত—যেন পরীক্ষা রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অথবা খাবারের দোকান। দিনে দিনে যে রকম বীভৎস হয়ে দাঁড়াচ্ছে হরতাল-অবরোধ, এই আওতামুক্তি কি সন্তানদের মা-বাবার বুকে আলাদা হিম্মত জোগাবে? সন্তানদের তাঁরা নিশ্চিন্তে যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে পরীক্ষা দিতে পাঠাবেন? হরতালকারীরা যদি গোটা শিক্ষাব্যবস্থাকেও হরতালের আওতামুক্ত রাখেন, কিছুমাত্র লাভ হবে না। ক্ষতি যা হওয়ার তা হবেই, হচ্ছেও।
যদি বুঝতাম হরতাল দিচ্ছে দেশের কোনো শত্রুপক্ষ অথবা এমন কোনো পক্ষ, যে নির্ঘাত বুঝে নিয়েছে, কোথায় আঘাত করলে দেশটির দীর্ঘমেয়াদি ক্ষতি হবে, তাহলে আমাদের হতাশাটা এত তীব্র হতো না। কিন্তু হায়, পরীক্ষার দিনও হরতাল দিচ্ছে সেই দল, যে দল একাধিকবার এ দেশের শাসনক্ষমতায় ছিল! এ যেন এক ক্রমাগত প্রহসনের পালা। এক শাসনামল আগে যাঁরা ‘হরতাল দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই’ বলে হরতাল দিতেন, লাগাতারও দিতেন, তাঁরা এখন হরতাল বন্ধ করার আইন খুঁজছেন আর যাঁরা হরতালের বিরুদ্ধে জ্বালাময়ী কথা বলে খবরের কাগজের আগুনে-শিরোনাম হতেন, তাঁরা এখন ‘হরতাল ছাড়া বিকল্প নেই’ বলে রাস্তায় নেমে পড়ছেন। কিন্তু বাংলাদেশের সবকিছুর মতো হরতালেরও তো অধঃপতন হয়েছে। এখন হরতাল মানেই সহিংস ভোগান্তি। প্রাণঘাতী ‘সাংবিধানিক অধিকার’ চর্চা। ফলে, ফ্রি-স্টাইল হরতাল শুরু হওয়ার পর থেকে গণতন্ত্রের এই দুই দশকে আমাদের শিক্ষাচিত্রে বড়সড় বিপত্তি দেখা দিয়েছে। যে দেশে দলগুলো ক্ষমতায় যাওয়া বা থাকার প্রতিযোগিতায় শিক্ষাকে বলি দিতে পারে, সে দেশে বিশ্বমান দূরে থাক, একটা আঞ্চলিক মানে শিক্ষাকে নিয়ে যাওয়াও অলীক স্বপ্ন হয়ে দাঁড়ায়।
ফলটাও আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার মান যে পরিমাণ বাড়ার কথা ছিল গত কুড়ি বছরে, সে পরিমাণ তো বাড়েইনি, বরং কোনো কোনো ক্ষেত্রে, যেমন ভাষাশিক্ষায়, কমেছে। শিক্ষামন্ত্রী অবশ্য দ্বিমত পোষণ করবেন। তিনি বিশ্বাস করেন মান কমছে না, বাড়ছে বরং। কিন্তু আমার অভিজ্ঞতা বলে, এ দেশের শ্রেষ্ঠ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর যেসব শিক্ষার্থী ভর্তি হচ্ছে, ভাষার ওপর তাদের দখল ক্রমেই নিম্নগামী। আমার এক সহকর্মী ১০ বছরের ব্যবধানে সম্প্রতি সরকারি কর্মকমিশনের একটি পাবলিক পরীক্ষার খাতা দেখেছেন এবং দেখে হতাশ হয়েছেন। কী এমন ঘটল এই ১০ বছরে? তিনি আমাকে জিজ্ঞেস করেছেন।
আমি বলেছি, যা ঘটেছে তা হচ্ছে লোভের সংস্কৃতি এবং স্বার্থের রাজনীতির উত্থান; নানা ধরনের অন্ধত্বের প্রকোপ এবং বিবেকহীনতার বিস্তার। একজন তরুণ সাংবাদিক অথবা বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক যখন অন্ধ দলপ্রেম থেকে কিছুতেই স্বীকার করতে চান না তাঁর দল কোনো রকমের দুর্নীতির সঙ্গে কোনোকালেই যুক্ত ছিল বা আছে, তখন এ দেশ নিয়ে আশাবাদী হওয়াটা মুশকিল। যদি একজন ব্যারিস্টার বিশ্বাস করেন, নারীকে চারদেয়ালে বন্দী করে রাখলে ধর্মের সেবা করা হয়, তাহলে কীই-বা আর বলার থাকে। এসব অন্ধত্ব গ্রাস করে বুদ্ধির অঞ্চলকে, বিবেকের খোলা বারান্দাকে। ফলে, শিক্ষা তার মূল উদ্দেশ্য—মানুষের মনকে আলোকিত করা—পূরণে ব্যর্থ হয়।
অথচ শিক্ষা এমনই একটি অপরিহার্য বিষয়, যাকে পূর্ণাঙ্গভাবে অর্জন করা না গেলে আমরা জাতি হিসেবে পথভ্রষ্ট হব। শিক্ষাকে সবার আগে রাখতে হবে, এমনকি জাতীয় নিরাপত্তারও অনেক আগে, যেহেতু যে জাতি মানসম্মত শিক্ষা পায় না, সে জাতি তার নিরাপত্তা নিজে নিশ্চিত করতে পারে না। দুনিয়াজুড়ে এখন সবাই স্বীকার করছে, মানসম্পন্ন শিক্ষাই পারে একটি জাতিকে সবচেয়ে ভালো সুরক্ষা দিতে। আমরা যদি আন্তর্জাতিক মানের বিজ্ঞানী তৈরি না করি, দার্শনিক অথবা সাংবাদিক তৈরি না করি, পেশাজীবী, শিক্ষক ও গবেষক তৈরি না করি, তাহলে আমরা চিরদিন অন্যের প্রত্যক্ষ বা পরোক্ষ তাঁবেদারিতেই থাকব। আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালেই বুঝতে পারব, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে, দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে, সামাজিক বিনিয়োগের একটি ক্ষেত্রে পরিণত করে, শিক্ষায় ক্রমাগত উচ্চ থেকে উচ্চতর মান অর্জন করে তারা কোথায় চলে গেছে। ভারত শিগগিরই জাপানকে সরিয়ে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে। এটি সম্ভব হচ্ছে ছয় দশকের বেশি সময় ধরে শিক্ষার ক্ষেত্রে দেশটির বিনিয়োগ, যার সূত্রপাত নেহরু ও মাওলানা আজাদের হাত ধরে। শ্রীলঙ্কা যে মানবসম্পদ উন্নয়ন, সাক্ষরতাসহ অনেক সামাজিক-অর্থনৈতিক সূচকে আমাদের ওপরে, তার কারণ শিক্ষার প্রতি দেশটির দায়বদ্ধতা। বছর দশেক আগে শ্রীলঙ্কার এক গ্রামে দু-তিনটি স্কুল দেখে আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম, শিক্ষার প্রতি কতটা ভালোবাসা থাকলে এ রকম স্কুল এবং এ রকম শিক্ষক ও শিক্ষাক্রম একটি দেশ তৈরি করতে পারে।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে দুটি দলে দ্বন্দ্ব-সংঘাত, হানাহানি হতে পারে, এমনকি রক্তারক্তির ঘটনাও ঘটতে পারে। ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকার জন্য অনেক সময় সরকার জোর খাটাতে পারে, বিরোধীরা রাস্তায় নেমে ভাঙচুর করতে পারে। সারা বিশ্বে এ রকম ঘটনা মোটেও বিরল নয়। কিন্তু হরতাল-অবরোধ দিয়ে একটা আস্ত বিদ্যুৎকেন্দ্র পুড়িয়ে দিতে হবে, ট্রেনের স্লিপার উপড়ে ফেলে যাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে, হাজার হাজার গাছ কেটে ফেলতে হবে, এ রকম কথা আমরা ছাড়া আর কোথাও কেউ শোনেনি। যেভাবেই হোক ক্ষমতায় যাব, প্রয়োজনে পোড়ামাটি নীতি অনুসরণ করে অথবা যেভাবেই হোক ক্ষমতায় থাকব; প্রয়োজনে বিরোধী দলের সব নেতা-নেত্রীকে জেলে পুরে—এ রকম কথাও আমরা ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ কখনো শোনেনি। অর্থনীতি বা ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়তো একসময় পুষিয়ে নেওয়া যায়, কিন্তু শিক্ষায় যে ক্ষতি হয়, তা কখনো সামলে ওঠা যায় না।
কওমি পরীক্ষার সময় যদি ১৮ দল হরতাল না দেয়, তাহলে বুঝতে হবে, একটা আশা এখনো আছে: শিক্ষা হয়তো শেষ পর্যন্ত রেহাই পাবে। নিজেদের আস্থাভাজন এক নেতার অনুরোধে ১০-১৫ দিন হরতাল না দিলে হয়তো ভবিষ্যতে দেশের স্বার্থে শিক্ষাবিধ্বংসী হরতাল আর তারা দেবে না। কে জানে!
সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকাবিশ্ববিদ্যালয়।