শিক্ষার্থী ঝরে পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, কলুষিত ছাত্ররাজনীতি, অসাম্য, আর্থিক সংকট, অসৎ সঙ্গ, মাদকের হাতছানি প্রভৃতির কারণে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা ছিটকে পড়ছে।
অভিভাবকেরা তাঁদের সন্তানদের মনে কত আশা-আকাঙ্ক্ষার বীজ বুনে শহরের কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য পাঠান। একদিন তাঁদের সন্তান উচ্চশিক্ষায় সুশিক্ষিত হবে, এই আশায় অভিভাবকেরা কষ্টে উপার্জিত অর্থ সন্তানদের জন্য প্রেরণ করেন।
সন্তানের প্রতি অন্ধবিশ্বাস, আস্থা, স্নেহ, থাকে বলেই অর্থের সদ্ব্যবহার হবে কি না, এই নিয়ে তাঁরা কোনো ভাবনা মনে ঠাঁই দেন না। মুঠোফোন, অ্যান্ড্রয়েড, আই-পড, ট্যাবলেট, নোটবুক, ল্যাপটপ প্রভৃতি আধুনিক বিলাসসামগ্রী সরবরাহেও কৃপণতা দেখান না। কিন্তু সন্তানদের প্রতি অভিভাবকদের এই আস্থা-বিশ্বাস যেকোনো সময় অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তা আমলে নেন কজন?
প্রাপ্ত টাকার যথেচ্ছ ব্যবহারে অসমর্থ কেউ কেউ অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে মাদকের নেশায় হাবুডুবু খেতে থাকে। ঐশীর মতো বেপরোয়া জীবনে অভ্যস্ত হয়ে পড়ে অনেকেই। প্রিয়জনের সান্নিধ্যে সময় কাটাতে গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকার শ্রাদ্ধ হয় অবলীলায়। নেশার টাকা সংগ্রহ করতে কেউ কেউ বিভিন্ন অজুহাত তুলে বাড়ি থেকে বাড়তি টাকা পেতে বারবার তাগিদ দিতে থাকে। মাঝপথে পড়া থেমে যাওয়ার আশঙ্কায় অভিভাবকেরাও টাকা দিতে থাকেন। নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ না হওয়ার কারণ হিসেবে সেশনজটের কথা শোনানো হয়। এভাবেই হয়তো আট-দশ বছর কেটে যায়, কিন্তু সন্তানের পড়াশোনা আর শেষ হয় না।
বছরের পর বছর নিয়মিতভাবেই ঝরে পড়তে থাকে শিক্ষার্থীরা। বয়োবৃদ্ধ অভিভাবকেরাও আর কুলিয়ে উঠতে পারেন না। একসময় সেই সন্তানের সঙ্গে অভিভাবকদের দূরত্ব বাড়তে থাকে। বছরের পর বছর এসব ঘটে চললেও কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। পরামর্শদানের জন্য দায়িত্বশীল ব্যক্তি থাকলেও সেখানে খুব কমসংখ্যক শিক্ষার্থীকে দেখা যায়।
কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিভাগের ক্লাস ও বার্ষিক পরীক্ষাগুলোতে যেসব শিক্ষার্থী অংশগ্রহণ না করে অনিয়মিত হয়ে পড়ে কিংবা বছরের পর বছর একই বর্ষে থেকে যায়, তাদের সর্বশেষ অবস্থা জানিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সেসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে পত্র মারফত কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে অবহিত করত, তাহলে অভিভাবকেরা তাঁদের সন্তানদের ব্যাপারে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ পেতেন। তাতে অন্তত ঝরে পড়ার হার আরও কমে যেত।
স্বপন এককা
প্রাক্তন সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়
বৌদ্ধ ছাত্র সংসদ।