শিক্ষার্থী-বই ব্যবসায়ী সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন দল বেঁধে গিয়ে নীলক্ষেতের বইয়ের দোকানিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন, তখন সত্যিই আত্মগ্লানিতে মাথা নত হয়ে আসে। অথচ ঘটনার কারণ খুব সামান্য একটি বিষয়। কয়েক দিন আগে কেনা একটি বই বদলিয়ে অন্য বই নিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের সঙ্গে দোকানকর্মীদের কথা-কাটাকাটির জের ধরে প্রথমে মারামারির সূত্রপাত। কিন্তু ঠান্ডা মাথায় আলাপ-আলোচনা করে যে বিবাদের মীমাংসা সম্ভব ছিল, তা পুরো এলাকায় সংঘর্ষের রূপ নেয়। প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আহত হন ১৫ জন।
এখানে কার দোষ, সেটা নিশ্চয়ই বের করতে হবে। কিন্তু দোষ যাঁরই হোক, বইয়ে আগুন দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। এ রকম ঘটনা অভাবনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সবাই আরও অনেক উঁচু মানের বিবেচনাবোধ দাবি করে। শিক্ষার্থী ও দোকানকর্মীরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। দোকানকর্মীরা প্রথমে শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আবার দোকানিকেই প্রথমে মারধর করার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে মীমাংসা করতে হবে।
একজন দোকানকর্মী যদি ভুল করেও থাকেন, সে কারণে কি দল বেঁধে পাল্টা অভিযানে নামতে হবে? শিক্ষার্থীদের কাছে এ ধরনের আক্রমণাত্মক অভিযান অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। অতীতেও কয়েকবার নীলক্ষেতের বইয়ের দোকানকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয় বা আশপাশের কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শেষ পর্যন্ত একটা মিটমাট হয় বটে, কিন্তু অন্য কোনো তুচ্ছ ঘটনায় আবার মারামারি-সংঘর্ষ বাধে। অথচ বই ছাড়া শিক্ষার্থী থাকতে পারে না, আর শিক্ষার্থী ছাড়া বইয়ের ব্যবসা চলে না। একে অপরের জন্য অপরিহার্য। সুতরাং, বইয়ের দোকানিদের সঙ্গে শিক্ষার্থীদের ঝগড়াঝাঁটির কোনো ভিত্তি থাকতে পারে না। বিষয়টি অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর চেয়ে অন্য কেউ বেশি ভালোভাবে বুঝবেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী অনেক উঁচু মর্যাদার আসনে অধিষ্ঠিত। এই উপলব্ধিই এ ধরনের বিশৃঙ্খল ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পারে।