নভেম্বর থেকে শুরু হবে যথাক্রমে প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষা, যা পর্যায়ক্রমে শেষ হতে ফেব্রুয়ারি পর্যন্ত গড়াবে। এই পরীক্ষাগুলো হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষাজীবনের একেকটি গুরুত্বপূর্ণ ধাপ। যে ধাপগুলোতে পরীক্ষার্থীরা চরম সাফল্যের স্বাক্ষর রাখতে চায়। আর সে জন্য প্রয়োজন পর্যাপ্ত মানসিক প্রস্তুতি, অধ্যবসায় ও ঐকান্তিক মনোযোগ। তারা কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ প্রত্যাশা করে না। কিন্তু পরীক্ষা চলার সময় যদি হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি দেওয়া হয়, তাহলে পরীক্ষার সময়সূচিতে ব্যাঘাত ঘটাবে। ক্ষতি হবে শিক্ষার্থীদের মনঃসংযোগ এবং ভাটা পড়বে প্রস্তুতিতে। গত এইচএসসি পরীক্ষা চলার সময় দেখা গেছে, হরতালের কারণে শিক্ষার্থীদের নানা উৎকণ্ঠার মধ্য দিয়ে পরীক্ষা দিতে হয়েছে। বারবার পরীক্ষার সময়সূচি পরিবর্তনে প্রস্তুতিতে বিঘ্ন ঘটেছে শিক্ষার্থীদের, যা ছিল বেদনাদায়ক।
শিক্ষার্থীরা যাতে উৎকণ্ঠাহীনচিত্তে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে; সেই সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়া রাজনৈতিক দলগুলোসহ সবার দায়িত্ব ও কর্তব্য।
সঞ্জয় কুমার ভৌমিক
আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।