মানব-উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ যথেষ্ট এগিয়েছে; স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রেও অগ্রগতি সাধিত হয়েছে। কিন্তু শিশু ও নারীদের পুষ্টি পরিস্থিতি এখনো তেমন ভালো নয়। সাম্প্রতিক এক জরিপ বলছে, শিশুদের অপুষ্টি দূর করতে হলে বাংলাদেশকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ইউরোপীয় ইউনিয়ন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলিত উদ্যোগে পরিচালিত এক জরিপের ওপর ভিত্তি করে বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি-২০১২ শিরোনামে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, দেশের ৩৭ শতাংশ শিশু এখনো অপুষ্টির শিকার। তাদের দৈহিক উচ্চতাও বয়স অনুপাতে স্বাভাবিকের চেয়ে কম। পাঁচ বছর বয়স পর্যন্ত এই শিশুদের অপুষ্টির নেতিবাচক প্রভাব যে তাদের পরবর্তী জীবনেও পড়বে, এ কথা বলাই বাহুল্য। উদ্বেগের বিষয় হলো, ১৫ শতাংশ শিশুরই জন্মকালীন ওজন স্বাভাবিকের চেয়ে কম।
শুধু যে নবজাতক থেকে পাঁচ বছর বয়সী শিশুরাই অপুষ্টির শিকার, তা নয়, জন্মের পর থেকে ১৭ বছর বয়স পর্যন্ত শিশুদের মধ্যেও অপুষ্টি রয়েছে। মেয়েশিশু ও কিশোরীদের অপুষ্টির মাত্রা বিশেষভাবে উল্লেখযোগ্য। অপুষ্টির কারণ অনেক; তবে ইউনিসেফ ও অন্যান্য সংস্থার মতে, প্রধান ও প্রত্যক্ষ দুটি কারণ হচ্ছে রোগব্যাধি ও প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যের অভাব। অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের ভগ্নস্বাস্থ্য ও অপুষ্টির কারণেও শিশুরা অপুষ্টির শিকার হয়। জন্মের সময় শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ার এটি একটি বড় কারণ। অপুষ্টির শিকার প্রসূতি মায়েদের বুকের দুধেও ঘাটতি থাকে, ফলে নবজাতকের দৈহিক ও মানসিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। স্বল্প ওজনের পাশাপাশি শিশুদের খর্বাকৃতির সমস্যাও মায়ের অপুষ্টির সঙ্গে সম্পৃক্ত।
শিশুদের ভিটামিন ‘ই’ ক্যাপসুল খাওয়ানো, লবণের সঙ্গে আয়োডিন যুক্ত করা ও আয়োডিনযুক্ত লবণ সহজলভ্য করাসহ সরকারি ও আন্তর্জাতিক নানা উদ্যোগের ফলে গত শতকের নব্বই দশকের তুলনায় বাংলাদেশে পুষ্টি পরিস্থিতির অনেক অগ্রগতি ঘটেছে। তার পরও বাংলাদেশ এখন বিশ্বের সর্বাধিক অপুষ্টির শিকার দেশগুলোর অন্যতম। শিশু-নারীসহ সব বয়সী মানুষের অপুষ্টির সমস্যাটি একান্তভাবেই খাদ্য পরিস্থিতির সঙ্গে জড়িত। পুষ্টিকর খাদ্য প্রয়োজনীয় মাত্রায় সবার জন্য নিশ্চিত করা না গেলে অপুষ্টি দূর করা সম্ভব নয়।
বাংলাদেশ খাদ্যে স্বনির্ভরতা অর্জন করেছে—এ রকম দাবি করা হয়। এ কথা সত্য যে দেশে আজ আর অনাহারে মানুষ মারা যায় না। কিন্তু এ জন্য আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই। শুধু অস্তিত্ব রক্ষাই মানবজন্মের সার্থকতা নয়। মানুষের শুধু প্রাণ রক্ষা করার মতো খাদ্য পেলেই চলে না, একটি জাতির সামগ্রিক অগ্রগতির জন্য তার মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি। এটা নিশ্চিত হতে পারে সবার জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার মধ্য দিয়ে। এর পাশাপাশি, বিশেষ করে শিশু ও নারীদের রোগব্যাধিজনিত অপুষ্টির চক্র ভাঙতে হলে সার্বিক চিকিৎসাসেবারও মান বাড়াতে হবে।