মায়ের যত্নের ওপর শিশুর সুস্বাস্থ্য নির্ভর করে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের প্রথম দুধ অর্থাৎ শালদুধ শিশুদের পান করানো একান্ত আবশ্যক। কেননা এই শালদুধে শিশুদের জন্য প্রয়োজনীয় এমন মূল্যবান উপাদান রয়েছে, যা শিশুকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে থাকে। শালদুধে রয়েছে ভিটামিন ‘এ’, যা শিশুকে অন্ধত্বের হাত থেকে রক্ষা করে। মায়ের দুধের বিকল্প নেই। উন্নত বিশ্বে টিনের দুধের ব্যবহার নিষিদ্ধ ঘোষিত হলেও আমাদের দেশে এর ব্যবহার বাড়ছে দিন দিন। বেতার বা টিভিতে নানা ধরনের মনভোলানো বিজ্ঞাপন প্রচার করে এর কাটতি বাড়ানো হচ্ছে। এসব বিজ্ঞাপন বিশ্ব স্বাস্থ্য খাদ্য নিয়ন্ত্রণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
মায়ের দুধ বিশ্বস্ত ও নিরাপদ এবং শিশু যা সহজেই হজম করতে পারে। স্তনপানে মা ও শিশুর মধ্যে একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং শিশু নিজেকে অধিক নিরাপদ মনে করে। কাজেই শিশু ও মায়ের সুস্বাস্থ্য রক্ষায় শিশুদের বুকের দুধ সেবন অপরিহার্য।
সুমিত্র বিকাশ বড়ুয়া
চট্টগ্রাম বৌদ্ধবিহার, নন্দনকানন, চট্টগ্রাম।