শীত চলে এসেছে। কিছুদিনের মধ্যেই হয়তো চলে আসছে আমাদের প্রকৃতির অতিথিরা—অতিথি পাখি। কিন্তু আমি শঙ্কিত, এরই মধ্যে হয়তো অনেক লোভী পাখিশিকারি তাঁদের ‘শিকার সরঞ্জাম’ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন।
গত ২১ নভেম্বর, প্রথম আলোর বিশাল বাংলায় আনিস মাহমুদের ছবির ভাষাটি আমাকে ক্ষতবিক্ষত করেছে। কানি বকগুলো বিক্রির জন্য আনা হয়েছে। বাঁধা হয়েছে পা। পাখিগুলোর নাসারন্ধ্রও পালক দিয়ে ফোঁড় করা হয়েছে। উফ্! কী বীভৎস, কী ভয়াবহ নিষ্ঠুরতা।
২৩ নভেম্বর, শনিবারের বিশেষ প্রতিবেদন ‘গ্রামের আলোকিত মানুষ’-এর খবর। ঝিনাইদহের কুমড়াবাড়িয়া ইউনিয়নের দরিদ্র জহির রায়হান। পাখির বিশ্রাম ও আশ্রয়, পথচারীদের বিশ্রামের জন্য নিজের রোপণ করা গাছের নিচে বেঞ্চ তৈরিকরণ, প্রতিবন্ধীদের বাড়িতে বৃক্ষরোপণ সর্বোপরি মানুষকে মনীষীদের উপদেশবাণীতে উদ্বুদ্ধ করে উত্তম জীবন ও চরিত্র গঠনের যে নিঃস্বার্থ মহানুভবের চেষ্টা, তার কি তুলনা হয়?
এবার নিজ গৃহের খবর। সম্প্রতি আমার বড় ভাই তাঁর ছেলেমেয়েদের মনোরঞ্জনের জন্য দুটি টিয়া পাখি কিনেছেন। পাখি দুটো যখন খাঁচায় দাপাদাপি আর ঠোঁট দিয়ে রড ভাঙার চেষ্টা করে, আমার হূদয়টা চৌচির হয়ে যায়। আহা রে, কী দুর্ভাগ্য! ওদেরও তো আজকে এই শীতের মিষ্টি রোদ ও মেঘমুক্ত নীল আকাশে মহা-আনন্দে উড়ে বেড়ানোর কথা ছিল!
এখন ডিসেম্বর মাস। ভাবছি, এই বিজয়ের মাসেই কোনো এক দিন চুপি চুপি পাখি দুটো ছেড়ে দেব। বলব—যা, আজ তোরা স্বাধীন, মুক্ত...।
মো. আ. ওহাব
দক্ষিণ শ্যামপুর, হেমায়েতপুর, সাভার, ঢাকা।