শুদ্ধি অভিযানের নামে গণহত্যা

>মিয়ানমার নিয়ে স্বাধীন আন্তর্জাতিক তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদন
জাতিসংঘের মানবাধিকার পরিষদ মিয়ানমারের পরিস্থিতি নিয়ে গত বছর একটি তথ্যানুসন্ধানী মিশন গঠন করে। এক বছরের বেশি সময় অনুসন্ধানের পর গত ২৭ আগস্ট মিশন এই সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে রোহিঙ্গাসহ অন্য জাতিগুলোর ওপর চালানো অপরাধ, সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের ভূমিকা, অপরাধের মাত্রা ও বিচার নিয়ে বিশদ বলা হয়েছে। ১৮ সেপ্টেম্বর মানবাধিকার পরিষদে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হবে। প্রথম আলোর পাঠকদের জন্য সংক্ষিপ্ত প্রতিবেদনটি অনুবাদ করে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো দ্বিতীয় পর্ব
পাঁচ. ২৫ আগস্ট ২০১৭ ও ‘শুদ্ধি অভিযান’
‘মনে হয়েছিল, কেয়ামত। সারা দুনিয়া তছনছ হয়ে যাচ্ছিল। ভাবছিলাম, আখেরাতের দিন চলে এসেছে।’
২০১৭ সালের ২৫ আগস্ট এবং তার পরের দিন ও সপ্তাহগুলোতে যা হয়েছিল, তা ভয়াবহ বিপর্যয়ের অনুভূতি দিয়েছিল। এটি ছিল রোহিঙ্গাদের ওপর পরিকল্পিত নিপীড়নের ফল, যার শুরু ২০১২ সালের সহিংসতার পর সরকারের প্রতিক্রিয়া ও নিপীড়ন থেকে। একটি সম্প্রদায়ের মধ্যে সেটি বিভেদের সৃষ্টি করে। ২৫ আগস্টের প্রথম প্রহরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ৩০টি তল্লাশিচৌকিতে একযোগে হামলা চালায়। আরসার এই প্রতিক্রিয়া ছিল রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি নানা ধরনের চাপের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে। ন্যূনতম প্রশিক্ষণপ্রাপ্ত অল্প কয়েকজন নেতার কিছু অস্ত্র এবং উল্লেখযোগ্যসংখ্যক অপ্রশিক্ষিত গ্রামবাসীর লাঠিসোঁটা ও ছুরি ছিল হাতিয়ার। কয়েকজনের কাছে শক্তিশালী বিস্ফোরক ছিল। নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হন।
কয়েক ঘণ্টার মধ্যে শুরু হওয়া নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক, বর্বর ও সার্বিকভাবে অযথাযোগ্য। কার্যত আরসার ‘সন্ত্রাসী হুমকির’ অজুহাত দেখিয়ে পরের দিন ও সপ্তাহগুলোতে মংডু, বুচিডং ও রাচিডংয়ের শত শত গ্রাম ঘেরাও করা হয়। এসব অভিযান ছিল উদ্দেশ্যপ্রণোদিত। উদ্দেশ্য: পুরো রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়ানো। কর্তৃপক্ষ একে বলেছে শুদ্ধি অভিযান। এর ফলে ২০১৭ সালের আগস্ট থেকে প্রায় ৭ লাখ ২৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়।
ব্যাপক ভৌগোলিক এলাকাজুড়ে চালানো এ অভিযানের ধরনটি ছিল একই রকম। সেনারা প্রথম প্রহরে গ্রামে হামলা চালাত। তাদের সঙ্গে নিয়মিত যোগ দিত অন্যান্য নিরাপত্তা বাহিনীও। আর প্রায়ই তাদের সঙ্গে থাকত রাখাইন ও অন্য নৃগোষ্ঠীর লোকজন। মুহুর্মুহু গুলি, বিস্ফোরণ, চিৎকার ও গ্রামবাসীর আর্তনাদ—সব মিলিয়ে তাৎক্ষণিক ত্রাসের সঞ্চার করাই ছিল অভিযানগুলোর লক্ষ্য। গ্রামগুলোর স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘরবাড়ি ও মাঠেঘাটে সেনারা নির্বিচারে গুলি চালায়।
অভিযানের ধরন, মাত্রা ও ব্যবস্থাপনা নির্দেশ করে যে এটা পূর্বপরিকল্পিত; সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং রূপকল্পের সঙ্গে সংগতি রেখে মিয়ানমারের সেনাবাহিনীর নেতৃত্বে আঁকা পরিকল্পনার নকশায় সংঘটিত। সেনাপ্রধান বলেছিলেন, ‘বাঙালি সমস্যা দীর্ঘদিনের। আগের সরকার এই সমস্যা সমাধানের চেষ্টা করেও পারেনি। বর্তমান সরকার এ সমস্যা সমাধানের জন্য বিশেষ যত্নশীল।’
ছয়. মানবাধিকার বিপর্যয়
‘প্রত্যেকে জীবন নিয়ে পালাচ্ছিল। এমনকি আমিও আমার সন্তানদের সঙ্গে করে নিয়ে আসতে পারিনি।’
শুদ্ধি অভিযান মানবাধিকার বিপর্যয়ের সৃষ্টি করে। হাজারো রোহিঙ্গা হতাহত হয়। মিশনের সংগ্রহ করা তথ্যে দেখা যায়, নিহতের সংখ্যা প্রায় ১০ হাজার। মিন গিয়ি (তুলাতলি), মং নু, চুত পিয়িন, গুদার পিয়িন ও কোয়ে তান কাউক অঞ্চলের গ্রামগুলোতে ব্যাপক গণহত্যার ঘটনা ঘটেছে। কিছু কিছু ঘটনায় মারা গেছে শত শত মানুষ। মিন গিয়ি (তুলাতলি) ও মং নুতে গ্রামবাসীকে এক জায়গায় জড়ো করে পুরুষ ও ছেলেদের বেছে বেছে হত্যা করা হয়। মিন গিয়িতে বিভিন্ন বয়সী নারীকে পাশের বাড়িতে নিয়ে গণধর্ষণ করে হত্যা বা গুরুতর জখম করা হয়। বাড়ির দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাঁচতে পারেন মাত্র কয়েকজন। উল্লেখযোগ্য সংখ্যক গ্রামে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। লাশগুলো সামরিক যানে করে নিয়ে যাওয়া, পুড়িয়ে দেওয়া বা গণকবরে চাপা দেওয়া হয়।
পালিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে চালানো গুলি বা নির্বিচার গুলিতে লোকজন হতাহত হয়। গ্রামবাসী নিহত হয় সেনাদের হাতে, কখনো কখনো রাখাইনের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে। অন্যরা বাড়িতে লাগিয়ে দেওয়া আগুনে মারা যায়। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় পালাতে অক্ষম বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশু-কিশোরেরা। কখনো কখনো বাড়িতে আগুন লাগিয়ে জোর করে তার ভেতরে ঢুকিয়ে বা বাইরে থেকে আটকে দিয়ে আগুন লাগিয়ে হত্যা করা হয়।
প্রবল মাত্রায় সংঘটিত হয়েছে ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতা। রাখাইন রাজ্যের অন্তত ১০টি গ্রামে সেনারা বড় ধরনের গণধর্ষণের ঘটনা ঘটিয়েছে। কখনো কখনো ৪০ জনের মতো নারী ও কিশোরীকে একসঙ্গে ধর্ষণ বা গণধর্ষণ করা হয়। এক ভুক্তভোগী বলেন, ‘আমি ভাগ্যবতী। আমি মাত্র তিনজনের ধর্ষণের শিকার হয়েছি।’ প্রায়ই সর্বোচ্চ অপমান ও মানসিক আঘাত করে প্রকাশ্যে পরিবার ও এলাকার মানুষের সামনে ধর্ষণ করা হতো। ছোট বাচ্চাদের সামনে মায়েদের গণধর্ষণ করা, তাদের গুরুতর জখম করা, কখনো কখনো মেরে ফেলা হয়েছে। অন্তঃসত্ত্বা নারীসহ ১৩ থেকে ২৫ বছর বয়সী নারী ও কিশোরীকে নিশানা করা হতো। ‘ধর্ষণ করতে করতে আমরা তোকে মেরে ফেলব,’ এমন অবমাননাকর ভাষায় হুমকি দিয়ে ধর্ষণ করা হয়েছে। পরিকল্পিতভাবে নারী ও কিশোরীদের তুলে নিয়ে সামরিক ও পুলিশ কম্পাউন্ডে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে যৌনদাসী হিসেবে। ধর্ষণের আগে ও ধর্ষণকালে নারীদের গুরুতর জখম করা হয়েছে, কামড়ে দেওয়া হয়েছে। ধর্ষণের সময় ছুরি ও লাঠি দিয়ে আঘাত করা, প্রজনন অঙ্গ গুরুতরভাবে জখম করা হয়েছে। তাতে অনেকে মারাও গেছে। যারা বেঁচে গেছে, তারা আছে প্রচণ্ড মানসিক আঘাত আর সামাজিক কলঙ্ক নিয়ে। পুরুষ ও কিশোরদেরও বলাৎকার, যৌনাঙ্গহানি ও যৌন হয়রানির শিকার হওয়ার বিশ্বাসযোগ্য প্রমাণ আছে।
শিশুরা হত্যা, অঙ্গহানি ও যৌন সহিংসতাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে বা সেসব ঘটনা স্বচক্ষে দেখেছে। বাবা-মায়ের সামনে সন্তানদের হত্যা করা হয়েছে, কিশোরীরা পরিকল্পিত যৌন সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশে রোহিঙ্গা শিশু প্রায় ৫ লাখ। তাদের অনেকে বাবা-মায়ের মৃত্যু বা বিচ্ছিন্নতার পর একাই সেখানে পালিয়ে গেছে। মিশন গুলিবিদ্ধ, ছুরিকাহত ও দগ্ধ বহু শিশুর সাক্ষাৎ পেয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা অসংখ্য পুরুষ ও কিশোরকে চারপাশ থেকে ঘিরে তাড়িয়ে বনে পাঠিয়েছে বা সামরিক যানে করে নিয়ে গেছে। কিছু পরিবার আশা করছে, তাদের বাবা ও ভাইয়েরা এখনো বন্দী। অন্যরা আশঙ্কা করছে, তাদের হত্যা করা হয়েছে।
আশ্রয়, খাবার ও পানি ছাড়াই রোহিঙ্গারা পালিয়েছে হাজারে হাজারে। তারা বন-জঙ্গল ও পাহাড়ি পথে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ হেঁটেছে। অনেকে পথেই মারা গেছে, হামলার সময় আহতদের অনেকে পথে মৃত্যুবরণ করেছে। নারীরা সন্তানের জন্ম দিয়েছেন; মারা গেছে অনেক শিশু ও নবজাতক। নদীপথে পাড়ি দেওয়ার সময় ও নৌকাডুবিতে মৃত্যুবরণ করা রোহিঙ্গাদের সংখ্যা অজানা। সীমান্ত পাড়ি দেওয়ার সময় সেনারাও রোহিঙ্গাদের হত্যা করেছে। ২০১৭ সালের সেপ্টেম্বরের প্রথম দিকে সেনারা সীমান্তে স্থলমাইন পুঁতে রাখে, সম্ভবত রোহিঙ্গাদের ফিরে আসা ঠেকাতে। সেসবের বিস্ফোরণে আরও হতাহতের ঘটনা ঘটেছে।
কৃত্রিম উপগ্রহের ছবি ও প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে দেখা গেছে, রোহিঙ্গা অধ্যুষিত তিনটি শহরের বেশির ভাগ অংশ আগুনে পোড়ানো হয়েছে। এ ঘটনা ব্যাপক, পরিকল্পিত, ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত। ৩৯২টি গ্রামের কমপক্ষে ৩৭ হাজার ঘরবাড়ি (উত্তর রাখাইনের সমস্ত বসতির ৪০ শতাংশ) আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পুড়িয়ে দেওয়ার ৮০ শতাংশ ঘটনা ঘটেছে অভিযানের প্রথম তিন সপ্তাহের মধ্যে। এর উল্লেখযোগ্য অংশই হয়েছে সরকারের শুদ্ধি অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তির পর। বিধ্বস্ত গ্রামের ৭০ শতাংশের বেশি ছিল রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ মংডুতে। লক্ষ্যবস্তু করা হয়েছিল রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। আশপাশের রাখাইন বসতি ছিল অক্ষত।
সাত. একটি অনুমেয় ও পরিকল্পিত বিপর্যয়
আরসার ২০১৭ সালের হামলা ও পরবর্তী শুদ্ধি অভিযান হাওয়া থেকে ঘটেনি। এগুলো ছিল পূর্বেই অনুমেয় ও পরিকল্পিত।
আরসা গড়ে ওঠে ২০১২ সালের সহিংসতা এবং রোহিঙ্গাদের প্রতি সব ক্ষেত্রে রাষ্ট্রের নিপীড়নের প্রতিক্রিয়ায়। ২০১৬ সালের ৯ অক্টোবর রাখাইনে তিনটি সীমান্তরক্ষী পুলিশের চৌকিতে আরসা ছোট আকারে হামলা করে। এতে ৯ পুলিশ কর্মকর্তা নিহত হন, অস্ত্র লুট করে আরসা। সেনাদের নেতৃত্বে নিরাপত্তা বাহিনী শুদ্ধি অভিযান চালায়। ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়। ২০১৭ সালের তুলনায় ছোট আকারে হলেও এই অভিযানে একই ধরনের কৌশল ও সহিংসতার প্রয়োগ দেখা গেছে। (মিয়ানমারের) ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে একটি সরকারি তদন্ত কমিশন এবং নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ তদন্তে বাহিনীর অন্যায় কর্মকাণ্ডকে বৈধ ও যথার্থ বলে দায়মুক্তি দেওয়া হয়।
২০১২ সালের মতো ২০১৬ সালের সহিংসতার ফলেও রোহিঙ্গাদের ওপর আরও বড় আকারে নিপীড়ন নেমে আসে। নিরাপত্তা বাহিনীর সংখ্যা, শিবির ও তল্লাশিচৌকির সংখ্যা বাড়ানো হয়। চলাফেরার ওপর চূড়ান্ত বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে রোহিঙ্গাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে পড়ে। রোহিঙ্গাদের বাড়ি ঘিরে থাকা বেড়া খুলে ফেলা এবং ছুরি ও ধারালো বস্তু জব্দ করা হয়। নিরাপত্তা টহল, খানাতল্লাশি, মারধর, চুরি ও ছিনিয়ে নেওয়ার ঘটনা বেড়ে যায়। শত শত পুরুষ ও ছেলেকে গ্রেপ্তার করা হয়, শিক্ষিত ও প্রভাবশালীরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বন্দী অবস্থায় অনেকের প্রতি দুর্ব্যবহার ও অকথ্য নির্যাতন করা হয়। কেউ কেউ ঘুষ দিয়ে বেরিয়ে এলেও অনেকের খোঁজ মেলেনি। নারী ও কিশোরীরা গণধর্ষণসহ নানা যৌন সহিংসতার শিকার হয়।
একই সময়ে কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জন্য জাতীয় শনাক্তকরণ কার্ড (এনভিসি) চাপিয়ে দেওয়ার নতুন উদ্যোগ নেয়। রোহিঙ্গারা আগে থেকেই বৈষম্যের প্রতীক হিসেবে এই কার্ড প্রত্যাখ্যান করে আসছিল, কারণ কার্ডটি তাদের ‘বাঙালি অভিবাসী’ হিসেবে চিহ্নিত করেছিল। তল্লাশিচৌকি পার হওয়া, কৃষিকাজে যাওয়া ও মাছ ধরার ক্ষেত্রে কার্ড দেখানো অত্যাবশ্যক হয়ে উঠেছিল। চলছিল ভীতি প্রদর্শন ও বলপ্রয়োগ। পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সামাজিক বৈঠকগুলোতে বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়া হতো। বৈঠকগুলোতে বলা হতো, ‘কার্ড নাও, নইলে দেশ ছাড়ো।’ অন্যান্য জায়গায়, যেমন চুত পিয়িনে সেনাসদস্যরা কার্ড না নিলে মেরে ফেলার হুমকি দিত। বেশির ভাগ রোহিঙ্গা এখনো এই কার্ড নিতে অস্বীকৃতি জানিয়েছে।
উগ্র জাতীয়তাবাদী ভিক্ষু ভিরাথু ২০১৭ সালের মে-জুলাই মাসে দুবার উত্তর রাখাইন সফরে গিয়ে সমাবেশ করেন। রাখাইনের বাসিন্দা ও নিরাপত্তা বাহিনী পুরো আগস্ট মাস জায় দি পিয়িন (রাথেডং শহরতলি) গ্রামটি ঘিরে রাখে। ২০১৭ সালের ২৫ আগস্টের ঠিক আগে আগে উত্তেজনা যখন চরমে, তখন মিয়ানমারের গণমাধ্যম আরসার কর্মকাণ্ড নিয়ে উসকানিমূলক খবর প্রচার করে। রাষ্ট্রীয়ভাবে রোহিঙ্গাদের প্রতি বিদ্বেষ প্রচার চলতে থাকে।
২০১৭ সালের আগস্টের শুরুতে রাখাইনের রাজনীতিবিদদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের পর বড় আকারের সৈন্য ও সমরাস্ত্রের সমাবেশ ঘটানো শুরু হয়। বাড়তি সামরিক সরঞ্জামসহ ৩৩ ও ৯৯ পদাতিক বাহিনীর সেনাসদস্যদের উড়োজাহাজে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত সেনা সমাবেশের প্রমাণ আছে। সেনাসদস্যরা সীমান্তরক্ষী পুলিশ চৌকিতে অবস্থান নেয়। ‘জরুরি ভিত্তিতে’ পুলিশে নিয়োগসহ নিরাপত্তা বাহিনীতে রাখাইনের লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়। রাখাইনের অন্য স্থানীয় ব্যক্তিদের সংগঠিত করা এবং অস্ত্র দেওয়া হয়। কৌশলগত পরিকল্পনা ও প্রয়োগের সময় বিবেচনায় এসব উদ্যোগ ছিল গুরুত্বপূর্ণ। পুরো পরিস্থিতি পর্যালোচনা করে বোঝা যায় যে এ অভিযান পূর্বানুমেয় ও পরিকল্পিত।
আট. বিপর্যয় কাটছে না
‘মিয়ানমারের অন্যদের মতো আমাদের অধিকারের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমি ফিরে যাচ্ছি না। তার চেয়ে বরং এখানেই মরব।’
সরকারের দাবি অনুযায়ী শুদ্ধি অভিযান ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর শুরু হলেও সামরিক তৎপরতা অক্টোবর পর্যন্ত জোরালোভাবেই চলে। রোহিঙ্গাদের চলাফেরার স্বাধীনতা আরও সীমিত করা হয়। থেকে যাওয়া রোহিঙ্গাদের নিজেদের বাড়িতে অবস্থানের বিধিনিষেধ আরোপ করা হয়। সীমিত পরিসরে বাজারে যাওয়া ও জীবনধারণের জন্য কাজ করার অনুমতি দেওয়ায় অপুষ্টির ঘটনা বাড়ে। মানবিক সহায়তার সুযোগ নিয়ন্ত্রিত বা রুদ্ধ করা হয়। অন্যদিকে রোহিঙ্গাদের ওপর অন্য সম্প্রদায়ের হামলা ও লুটপাটের ঘটনায় কোনো সুরক্ষা দেওয়া হয়নি। যৌন সহিংসতাসহ বিক্ষিপ্ত হামলা চলতেই থাকে। এসব ঘটনা আরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশমুখী করে। ২০১৮ সালের শুরু থেকে প্রতি মাসে গড়ে ১ হাজার ৭৩৩ জন রোহিঙ্গা বাংলাদেশে গেছে।
গণহারে উচ্ছেদ হওয়া ও আগুনে পোড়া রোহিঙ্গা গ্রামগুলো পরিকল্পিতভাবে দখল করা হয়। বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয় পোড়া, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, এমনকি অক্ষত স্থাপনাগুলোও। বাদ যায়নি ফসলি জমিও। অপরাধের প্রমাণ ঢাকতে রোহিঙ্গাদের অস্তিত্বের সব চিহ্নই মুছে ফেলা হয়। অনেক রোহিঙ্গা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে গড়ে তোলা হয়েছে অন্যান্য জনগোষ্ঠীর বসতি আর নিরাপত্তারক্ষীদের চৌকি। সরকারের পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী উচ্ছেদকৃত জনগোষ্ঠীর জন্য যত ঘরবাড়ি গড়ে তোলা হবে, তার অধিকাংশই হবে অরোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য। চলমান সড়ক ও খনি প্রকল্পসহ অন্যান্য নির্মাণ প্রকল্পও গড়ে উঠছে রোহিঙ্গাদের জমি গ্রাস করেই।
মিয়ানমার সরকার নীতিগতভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মত হয়েছে। কিন্তু বাস্তবে রোহিঙ্গাদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার কোনো লক্ষণ সরকারের মধ্যে দেখা যাচ্ছে না, যা তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও কার্যকর প্রত্যাবাসনের জন্য জরুরি। প্রত্যাবাসনের প্রক্রিয়ায় এনভিসি গ্রহণ করতে হবে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হবে কাঁটাতারের ঘেরাও অভ্যর্থনাকেন্দ্রে। রাষ্ট্রীয় নিপীড়ন ও বিদ্বেষ-বিভাজনসহ দেশান্তরের মূল কারণকে অস্বীকার করা হয়েছে। তা বহাল আছে একই মাত্রায়। যে নিরাপত্তা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে, দায়মুক্ত হয়ে তারাই রোহিঙ্গাদের প্রত্যাবর্তন প্রক্রিয়ায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হবে।
নয়. অপরাধী
শুদ্ধি অভিযানে নেতৃত্ব দিয়েছে মিয়ানমারের সেনারা। সঙ্গে ছিল মূলত পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীসহ অন্যান্য বাহিনী। ৩৩ ও ৯৯ পদাতিক বাহিনীসহ পশ্চিমাঞ্চলীয় কমান্ডের ইউনিটগুলো এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। এসব বাহিনী কাজের হিসাব দিত সরাসরি ডেপুটি কমান্ডার-ইন-চিফ জেনারেল সোয়ে উইনের কাছে। এই পদাতিক বাহিনীগুলোই সবচেয়ে গুরুতর অপরাধগুলোর জন্য দায়ী। অধিকাংশ যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে সেনাদের মাধ্যমে। কিছু কিছু গ্রামে রাখাইন পুরুষরাও অভিযানে অংশ নিয়েছে। তারা করেছে মূলত লুটপাট ও অগ্নিসংযোগ; তাদের হাতে অনেক রোহিঙ্গা হতাহতও হয়েছে। অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেসামরিক লোকজনও বহু ক্ষেত্রে জড়িত ছিল। এই তিন এলাকার অভিযানগুলোতে বেসামরিক লোকদের নিয়মিত ও সংগঠিত অংশগ্রহণ এবং যে উপায়ে তারা সশস্ত্র হয়েছে, দায়িত্ব পেয়েছে এবং তা পালন করেছে, তা সেনাদের মদদ ছাড়া সম্ভব ছিল না।
আরসাও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনার জন্য দায়ী। এর মধ্যে রয়েছে তথ্যদাতা সন্দেহে অনেককে হত্যা করা এবং ২৫ আগস্ট রাখাইনদের আহ তেত পিউ মা গ্রামে অগ্নিসংযোগ। সরকার রোহিঙ্গা গ্রামে অগ্নিসংযোগের জন্য আরসাকে দায়ী করেছে। তবে এর কোনো সত্যতা মিশন খুঁজে পায়নি। রাখাইন ও ম্রোসহ অন্য জনগোষ্ঠীর সদস্যদের হত্যা এবং খা মং সেইকে শতাধিক হিন্দু নারী-পুরুষ হত্যার যে অভিযোগ আরসার বিরুদ্ধে রয়েছে, তা–ও আরও তদন্তের দাবি রাখে। জাতিসংঘ মিশন হিন্দু জনগোষ্ঠীর ওপর পরিচালিত হত্যাকাণ্ডের সত্যতা পেয়েছে। কিন্তু কারা সেটি ঘটিয়েছে, এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। অন্যান্য জঙ্গি ও অপরাধী চক্রও এই এলাকায় ক্রিয়াশীল রয়েছে। তারাও এসব ঘটনায় জড়িত থাকতে পারে।
দশ. কাচিন ও শান রাজ্য
নিরাপত্তা বাহিনী, বিশেষ করে সেনাসদস্যরা অন্যত্রও একই ধরনের কর্মকাণ্ড চালায়। জাতিসংঘ মিশন মিয়ানমারের উত্তরাঞ্চলের (কাচিন ও শান রাজ্য) পরিস্থিতির ওপরও জোর দিয়েছে। সেখানকার সাক্ষাৎকার প্রদানকারীরা মনে করে, তারাও অবহেলিত। অব্যবহিত সরকারগুলো বিভিন্ন ‘সশস্ত্র নৃগোষ্ঠী সংগঠনের’ (ইএওএস) সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি চুক্তি ও দেশব্যাপী যুদ্ধবিরতি চুক্তি (এনসিএ) সই করে। তারপরও ২০১১ সাল থেকে মিয়ানমারের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর সঙ্গে সশস্ত্র সংগঠনের, বিশেষ করে যাদের সঙ্গে এনসিএ হয়নি, সংঘাতের ঘটনা বেড়েছে। এগুলোর মধ্যে আছে কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ)-তাদের সঙ্গে ২০১১ সালে ১৭ বছরের পুরোনো যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়, দ্য শান স্টেট আর্মি-নর্থ, দ্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), দ্য তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)। টিএনএলএর সঙ্গে দ্য শান স্টেট আর্মি-সাউথেরও সংঘাত হয়।
এসব সংঘাতের জটিল ইতিহাস আছে। ভূমি ব্যবহার, উন্নয়ন প্রকল্প, প্রাকৃতিক সম্পদের শোষণ ও অবৈধ মাদক পাচার ইত্যাদি পরিস্থিতিকে আরও উসকে দেয়। যাহোক, সংঘাতের অন্তর্নিহিত কারণ হলো বৃহত্তর স্বায়ত্তশাসন, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং জাতিগত ও ধর্মীয় বৈষম্য বিলোপের দাবি। এর পাশাপাশি বেসামরিক নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সেনাসদস্যদের প্রতি অসন্তোষ।
জাতিসংঘ মিশন এসব সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপট জানতে গিয়ে অনেক ঘটনা পর্যালোচনা করে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিষয়ে নিশ্চিত হয়েছে।
আগামীকাল পড়ুন: সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘন