শুধু উন্নয়নে মন ভরবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ আমৃত্যু কথায়, কর্মে ও চলাফেরায় স্বাধীন থেকে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে চায়। কোনো দল, সংগঠন কিংবা সরকার সেই স্বাধীনতায় আঘাত করলেই বাধে গোলমাল। মানুষের এই স্বাধীনতা অনেকটা বহমান নদীর স্রোতের মতো, যা কোথাও বাধাপ্রাপ্ত হলে ভেঙেচুরে নতুন চলার পথ সৃষ্টি করে নেয়। রুশ, ফরাসি কিংবা আমাদের একাত্তরের বিপ্লব এর উৎকৃষ্ট উদাহরণ।
৫ জানুয়ারির নির্বাচনের পরে দেশের সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিভাত হচ্ছে। এখন বিরোধী দলের রাজনীতি অনেকটা ঘরোয়া। নারী দিবসেও বড় দলের নারীরা রাস্তায় নামতে পারেননি। এমনকি সরকার গণজাগরণের মতো সংগঠনকেও আর সহ্য করতে পারছে না, অথচ এরা রাজনৈতিক দল হিসেবে দাঁড়ালে সরকারের সহযোগী হওয়ার সম্ভাবনা ছিল।
সরকার বর্তমান মেয়াদের শাসনকে উন্নয়ন ও সুশাসনের মোড়কে আবদ্ধ করতে চাইলেও জনগণ আশ্বস্ত হতে পারছে না। কারণ, এখনো সরকার ঘোষণা দিয়ে বলতে পারেনি—এই মেয়াদে কোনো চাকরিপ্রার্থীকে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না, কোনো বিচারপ্রার্থীকে বিচারের নামে প্রহসন সহ্য করতে হবে না। গুম, হত্যা, পুলিশি হয়রানি তিরোহিত হবে কিংবা বিনা ঘুষে ফাইল চলবে।
অনেকে বলে থাকেন উন্নয়ন হলে জনগণ চুপ থাকবে এবং ভোট নিয়ে মাথা ঘামাবে না। কথাটা স্বল্পকালে সত্য অর্থাৎ জনগণ দু-এক বছর চুপ থাকতে পারে কিন্তু দীর্ঘকালে অবশ্যই নয়। কারণ, জনগণ সব সময় ভোটের মাধ্যমে উন্নয়নে অংশগ্রহণ করতে চায় এবং সঠিক উপস্থিতির মাধ্যমে তার সংগঠন, নেতৃত্ব ও সৃজনশীলতার গতি ঠিক রাখতে চায়।
অনেকে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো একজন ভালো স্বৈরশাসকের প্রয়োজনীয়তা অনুভব করেন। কিন্তু বিগত দুই যুগের শাসনে জনগণ সে রকম কোনো নেতা-নেত্রীর সাক্ষাৎ পেয়েছে বলে প্রতীয়মান হয়নি। তা ছাড়া, মালয়েশিয়া উন্নতি করলেও গণতন্ত্র সেখানে সুসংহত নয়। গণতন্ত্রহীন উন্নয়ন আরব বসন্তের আদলে ধসে পড়তে পারে।
আমাদের দেশের জনগণ মালয়েশীয় বা আরবদের চেয়ে অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন। কারণ, আমাদের রয়েছে সুদীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য এবং আমরা ইংরেজদের রাজনৈতিকভাবেই হটিয়েছি, পাকিস্তানিদেরও রাজনৈতিকভাবে হটানোর চেষ্টা হয়েছে, তারা সহিংসতার পথ বেছে নেওয়ায় যুদ্ধ করেই আমাদের বিজয় পেতে হয়েছে। এখন আমাদের চাওয়া শুধু উন্নয়ন নয়, একই সঙ্গে সুশাসন ও গণতন্ত্র। একমাত্র নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই তা নিশ্চিত করতে পারে।

নুরুল আমিন, ঢাকা।