ছোটবেলায় যখন টেন্ডুলকারের ব্যাটিং দেখতাম মাঝেমধ্যে খুব একঘেয়েমি লাগত। কারণ, সেঞ্চুরি বা তার কাছাকাছি রান করা তাঁর অবধারিতই ছিল। এত নিখুঁত শট খেলতেন কোনো সময় মনেই হতো না তিনি আউট হবেন।
শচীন ফর্মে নেই এ রকম কোনো মৌসুম আমি দেখিনি। ১৯৮৯ সাল থেকে একটানা প্রায় ২০ বছর এক শচীনই ছিল ইন্ডিয়ান ক্রিকেটের প্রধান ভরসা ও বিশ্বাস। শুধু ইন্ডিয়া কেন পুরো ক্রিকেট-বিশ্বেই তো ব্যাটিংয়ের সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিল লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। তাঁর নামের সঙ্গেও স্ক্যান্ডাল ছিল না কোনো দিন। এই মহাতারকার কোটি কোটি ভক্ত আছে সারা পৃথিবীতে। ১৬ নভেম্বর আনুমানিক ৫০ কোটি দর্শক-শ্রোতা তাঁর বিদায়-বক্তৃতা শোনার জন্য তাকিয়েছিল টেলিভিশনের পর্দায়। অথচ তিনি জড়তাহীন কণ্ঠে কী সাবলীলভাবে বক্তৃতা দিলেন প্রায় আধা ঘণ্টা। এত দিন যারা শুধু খেলোয়াড় শচীনের ভক্ত ছিল, এখন নিশ্চই তারা ব্যক্তি শচীনকেও ভালোবাসবে। শচীনের প্রতিভা ও অনুপ্রেরণা ছড়িয়ে পড়ুক আমাদের বাংলা ক্রিকেটের তরুণদের মধ্যেও। শুভবিদায় শচীন টেন্ডুলকার। অনেক সম্মান ও শ্রদ্ধা জানাই তাঁকে।
রবিউল করিম
ঢাকা।