শূন্য ভোট প্রমাণ করে কতটা কারচুপি হয়েছে: শাহাদাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয় গত বুধবার। নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন শাহাদাত হোসেন। তিনি নগর বিএনপির আহ্বায়ক। নির্বাচন-পরবর্তী অবস্থা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক গাজী ফিরোজ।
বিএনপির নেতা শাহাদাত হোসেন
ছবি: প্রথম আলো
প্রশ্ন:

নির্বাচনের দিন ভোটকেন্দ্রে বিএনপির নেতা-কর্মীরা আসেননি বলে অভিযোগ রয়েছে। এ জন্য সাংগঠনিক ব্যর্থতা মনে করেন?

শাহাদাত হোসেন: বিএনপির সাংগঠনিক কোনো ব্যর্থতা নেই। নির্বাচনের দুই দিন আগে থেকে নগরের আশপাশের উপজেলা থেকে বহিরাগত লোকজন এনেছে আওয়ামী লীগ। প্রতিটি কেন্দ্রে সশস্ত্র বহিরাগতরা ছিল। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পুলিশ ও প্রশাসনের লোকজন। বিএনপি ও তার অঙ্গসংগঠনের লোকজনকে ঘর থেকে বের হতে দেয়নি। যারা ভোটকেন্দ্রের সামনে গেছেন, তাঁরা হামলা, নির্যাতন কিংবা আটক হয়েছেন। এজেন্ট নির্বাচন কমিশনের অংশ। অথচ প্রতিটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন, প্রশাসন ছিল নির্বিকার।

প্রশ্ন:

নির্বাচনের দিন শেষ পর্যন্ত ছিলেন। ভোট বর্জন করেননি। নতুন মেয়রকে কি স্বাগত জানাবেন?

শাহাদাত হোসেন: আমি চট্টগ্রামের সন্তান। যে দল করি না কেন, চট্টগ্রামের উন্নয়নই আমার লক্ষ্য। নগরবাসীর ভালো কিছুর জন্য আমি সব সময় নিয়োজিত আছি। সন্ত্রাস, মাদক, জলাবদ্ধতামুক্ত ও পর্যটন নগর হিসেবে এ নগরকে গড়ে তুলতে সব সহযোগিতা করব।

প্রশ্ন:

নির্বাচন কমিশন ও পুলিশের ভূমিকা কীভাবে দেখছেন?

শাহাদাত হোসেন: ষড়যন্ত্র, প্রহসনসহ যা যা করা দরকার, সবই করেছে তারা। সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছে। ইসির কাছে দেওয়া দাবির মধ্যে ছিল ইভিএমের সুরক্ষা। যে কয়েকজন ভোটার ভোটকেন্দ্রে গেছেন, তাঁরা ইভিএমে চাপ দিতে পারেননি। ওই কক্ষ দখল করে থাকা আওয়ামী সন্ত্রাসীরা চাপ দিয়ে দেয়। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র ছাড়া ঢুকতে না দেওয়ার কথা বলেছিল পুলিশ। এসবের কিছুই করেনি। উল্টো তারা বহিরাগতদের অবাধ প্রবেশের সুযোগ করে দিয়েছে।

প্রশ্ন:

দুটি কেন্দ্রে বিএনপি শূন্য ভোট পাওয়ার কারণ কী?

শাহাদাত হোসেন: ভোটের সাত দিন আগে থেকে নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে। গ্রেপ্তার ও মামলা দিয়েছে। নেতা-কর্মী ও এজেন্টরা ছিলেন ঘরছাড়া। তারপরও গণতন্ত্র রক্ষার স্বার্থে তাঁরা ভোটের দিন কেন্দ্রে এসেছিলেন। তাঁদের আওয়ামী বহিরাগত সন্ত্রাসীরা পিটিয়ে কেন্দ্রছাড়া করে। এরপরও বিএনপি কেন্দ্রে একটিও ভোট পাবে না, তা কি বিশ্বাসযোগ্য। এতে প্রমাণিত হয় ভোটে কতটা কারচুপি হয়েছে। ভোটের দিন সকালেই অনেকে আমাকে প্রশ্ন করেছে নির্বাচন বর্জন করছি না কেন। আমি বিশ্বকে দেখাতে চেয়েছি আওয়ামী লীগের ভোট ডাকাতির মহোৎসব। ১৭৮টি কেন্দ্রে আমার ভোট ১০-এর নিচে।

প্রশ্ন:

নেতা-কর্মীরা সক্রিয় থাকলে আওয়ামী লীগ একতরফাভাবে ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে পারত না। কেন আপনারা পারেননি?

শাহাদাত হোসেন: ভোটকেন্দ্রে শুধু আওয়ামী লীগ ছিল না। যুদ্ধটি বিএনপির সঙ্গে প্রশাসনেরও হয়েছে।

প্রশ্ন:

আপনাকে ধন্যবাদ।

শাহাদাত হোসেন: আপনাকেও ধন্যবাদ।