শ্রম-পরিস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনার অনেকগুলো দিকের একটি হলো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলা। কারখানা পরিদর্শনের জন্য প্রয়োজনীয় লোকবলের অভাব যেমন সত্য, তেমনি সত্য হলো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলা। গত বুধবারে ঢাকায় শ্রম প্রতিমন্ত্রী নিজেই এই তথ্য প্রকাশ করায় ব্যাপারটা আর অস্বীকার করার জায়গায় থাকল না।
প্রতিমন্ত্রী বলেছেন, রানা প্লাজার কারখানাগুলোর লে-আউট জমা দেওয়ার পর চার বছরে সেখানে কোনো কারখানা পরিদর্শক যাননি। চার বছরে কারখানা পরিদর্শকদের একজনও কি ছিল না, যিনি জরুরি কাজটি করতে পারতেন? দেশে ৫০০ কারখানার বিপরীতে রয়েছে ১০ জন পরিদর্শক। এই ১০ জন মনে করলেন না যে কারখানা পরিদর্শনের জন্যই তাঁরা বেতন পান? মন্ত্রীর ভাষায় জনবল কম কথাটা একটা বাহানা। এই বাহানার আড়ালে লুকিয়ে রয়েছে সুবিধাবাদ, দুর্নীতি ও দায়িত্বহীনতা।
এটা ঠিক যে সবাই এমন নন। এ ক্ষেত্রে আমরা জবাবদিহি চাইতে পারি শ্রম অধিদপ্তরের পরিচালক এবং তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। শৃঙ্খলা, জবাবদিহি ও নেতৃত্ব ওপর থেকেই নিচের স্তরে সঞ্চারিত হয়। যেকোনো বিভাগের শীর্ষ ব্যক্তি যদি দায়িত্বনিষ্ঠ হন, তাহলে নিচের স্তরে তার প্রতিফলন ঘটতে বাধ্য। নতুন শ্রম প্রতিমন্ত্রী যখন সঠিক কথাটি বলছেন, তখন তাঁরই উচিত হবে তাঁর মন্ত্রণালয়ের সর্বশক্তি ব্যবহার করে দেশের শ্রমিক স্বার্থ ও কারখানার নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করা।
অতীতে যে কারখানা পরিদর্শনের অভাবের সুযোগ নিয়েছেন একশ্রেণীর কারখানা মালিক; কিন্তু এতে যে পরিণামে তাঁরাও বিপদে পড়েন, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের বিপর্যয় এর উদাহরণ। হতাশাজনক যে এখনো দেশের অনেক কারখানার নিরাপত্তা পরিস্থিতি ভালো নয়, অনেক কারখানায় শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়া হয় না। শ্রমিকেরা নিয়মিতভাবে বিভিন্ন রকম নির্যাতন ও হয়রানির শিকার হন। নিম্নতম মজুরিকাঠামো সব কারখানায় এখনো বাস্তবায়িত হয়নি, ট্রেড ইউনিয়নের অধিকারও শ্রমিকেরা পান না। এই কঠিন বাস্তবতার মুখে নতুন শ্রম প্রতিমন্ত্রীকে সংকল্প নিয়ে দাঁড়াতে হবে। কাউকে না কাউকে এই বদ্ধ চক্র ভাঙায় দৃষ্টান্ত তৈরি করতে হবে।