পবিত্র রমজান মাসে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ এবং অন্তত ২০ জনের আহত হওয়ার খবরটি দুঃখজনক। একই সঙ্গে এটা উদ্বেগেরও বিষয়। কারণ, সামনে ঈদুল ফিতরের উৎসব, স্বাভাবিকভাবেই শ্রমিকেরা তাঁদের পাওনা বেতন-ভাতা ঈদের আগেই পেতে চাইবেন। কিন্তু সব মালিক তা পরিশোধ করবেন, এমন নিশ্চয়তা নেই।
রাজধানীর বাড্ডা অঞ্চলের কয়েকটি তৈরি পোশাক কারখানার যে সহস্রাধিক শ্রমিকের সঙ্গে গত বুধবার পুলিশের সংঘর্ষ বেধেছিল, তাঁরা রাস্তায় নেমেছিলেন জুন মাসের বকেয়া বেতনের দাবিতে। জুলাই মাসের ৯ তারিখেও যদি শ্রমিকেরা আগের মাসের বেতন না পান, তবে তাঁরা তা পাওয়ার দাবি জানাতেই পারেন। কিন্তু তাঁরা তা না করে আড়াই ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছিলেন, তাঁরা যানবাহনও ভাঙচুর করেছেন। এ ধরনের হঠকারিতা গ্রহণযোগ্য নয়।
এই কারখানাগুলোর মালিকানা তোবা ফ্যাশন লিমিটেড নামের একটি গ্রুপের, যাদের আরেকটি কারখানা তাজরীন ফ্যাশনসে আগুন লেগে শতাধিক শ্রমিকের মৃত্যু ঘটেছিল। তোবা গ্রুপের মালিক কারাগারে আছেন বলে এই শ্রমিকদের বেতন পরিশোধ করা হচ্ছে বিজিএমইএর পক্ষ থেকে। বুধবারের বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের দায় কিছুটা পোশাকশিল্পের মালিক ও রপ্তানিকারকদের এই সংগঠনের ওপরও বর্তায়। কারণ, তারা শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধ করেনি।
বিজিএমইএ যথাসময়ে শ্রমিকদের বেতন পরিশোধ না করে শ্রমিকদের বিক্ষুব্ধ হয়ে ওঠার পরিস্থিতি সৃষ্টি করেছে। রমজান মাসে দ্রব্যমূল্য বেড়ে যায়; এর ফলে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় যে বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হয়, তা বিজিএমইএর নেতারা নিশ্চয়ই জানেন। তাঁরা যদি জুন মাসের বেতন জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই পরিশোধ করতেন, তাহলে শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও লাঘব হতে পারত।
এখন বিজিএমইএর উচিত শ্রমিকদের বেতন–ভাতা ঈদের আগেই পরিশোধ করা। শুধু তোবা গ্রুপের কারখানাগুলোই নয়, বিজিএমইএর তরফ থেকে এমন তাগিদ দেওয়া উচিত, সব পোশাক কারখানার মালিক যেন ঈদের আগেই শ্রমিকদের ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধ করেন।