সংকট সমাধানের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. কামাল হোসেনের নেতৃত্বে ছয় বিশিষ্ট নাগরিক দেশের চলমান সংকট সম্পর্কে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করে যে উদ্বেগের কথা জানিয়েছেন, সেটিই ১৬ কোটি মানুষের অন্তরের অনুভূতি। রাষ্ট্রপতি তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং সাংবিধানিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। দুই দলের মহাসচিব পর্যায়ে যোগাযোগের পেছনে রাষ্ট্রপতির ভূমিকা আছে বলেও জানা যায়। সাংবিধানিক ক্ষমতা যতই সীমিত হোক না কেন, রাষ্ট্রপতি দেশের অভিভাবক। জাতির এই ক্রান্তিলগ্নে সবাই তাঁর কাছ থেকে অভিভাবকসুলভ আচরণই আশা করে।
ছয় বিশিষ্ট নাগরিকের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তাঁদের এই উদ্যোগে যদি সংকট মোচনের ইঙ্গিত পাওয়া যায়, জাতি তাদের নেতাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আর যদি একগুঁয়েমির কারণে সেটি যৌক্তিক পরিণতি লাভে ব্যর্থ হয়, তাহলে তার দায় তাঁদেরই নিতে হবে। ইতিমধ্যে হরতাল-অবরোধে বহু মানুষের প্রাণহানি হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, জাতীয় সম্পদের যে ক্ষতি হয়েছে, তা অপরিমেয়। এভাবে চললে রাস্তায় রাস্তায় রক্তক্ষয়ী সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে।
ক্ষমতাসীনদের বুঝতে হবে, গায়ের জোরে যদি তারা একটি একতরফা নির্বাচন করেও ফেলে, সেটি দেশে শান্তি ও স্থিতি দেবে না। বরং দীর্ঘমেয়াদি সহিংসতা ও অস্থিতিশীলতার ক্ষেত্র তৈরি হবে। জঙ্গিবাদ ও দুর্বিনীত একনায়কত্বের আশঙ্কা বাড়বে। অন্যদিকে বিরোধী দলকেও উপলব্ধি করতে হবে যে বোমা-ককটেল ছুড়ে, আগুনে পুড়িয়ে মানুষ মেরে ‘গণ-আন্দোলন’ সফল করা যায় না। যে জনগণকে সঙ্গে নিয়ে তারা আন্দোলন করবে, সেই জনগণ তাদের কর্মসূচির প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন দিচ্ছে না। নির্বাচনও সমাগত। এমনকি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাও নির্বাচনের জন্য উন্মুখ। তাই, দমন-পীড়ন ও সংঘাত-সংঘর্ষের পথ ছেড়ে দুই পক্ষেরই উচিত হবে আলোচনায় বসে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা। নির্বাচনের তফসিল ঘোষণাও এ ক্ষেত্রে বাধা হবে না।
ছয় বিশিষ্ট নাগরিক প্রকারান্তরে মির্জা ফখরুল ইসলামের সুরেই সুরাহাসূত্র দিয়েছেন। বিএনপির মতোই নাগরিকেরা বলেছেন সংবিধানের ভেতরে থেকেই সমঝোতা সম্ভব। এ জন্য তাঁরা নির্দিষ্ট করে রুলস অব বিজনেসে পরিবর্তন এনে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা ও কর্তৃত্ব হ্রাস করার উপায় বাতলেছেন। উভয় পক্ষ একমত হলে প্রধানমন্ত্রীর সম্মতিতে রাষ্ট্রপতিই এটা করতে পারবেন। কী উপায়ে এটা করা যাবে নাগরিক দল রাষ্ট্রপতিকে তা রীতিমতো সংবিধান খুলে দেখিয়েছেন।
সরকারি দল বরাবর সংবিধান রক্ষার ওপর গুরুত্ব দিয়ে আসছে। যে বিধিবিধান পরিবর্তন করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না, তা পরিবর্তন করতে তাহলে বাধা কোথায়? নির্বাচনকালীন সরকারপ্রধানের একক কর্তৃত্ব রহিত করা হলে বিরোধী দলেরও উচিত হবে সেই সরকারে যোগ দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তথা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজে ভূমিকা রাখা।