সংকটে শুধু গণতন্ত্রই নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নির্বাচন
জাতীয় নির্বাচন

বেশ কিছুদিন ধরে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার একটি প্রকট রূপ আমরা দেখতে পারছি। তবে এটা এখনো প্রকটতম কিংবা প্রকটতর হয়নি, এমনটা বলা যায়। অনেকেই বলছেন, আমাদের গণতান্ত্রিক শাসনব্যবস্থা সংকটের মুখোমুখি। এটা তাঁরা বলতেই পারেন। কেননা, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রধান শর্ত রাষ্ট্রীয় কার্যক্রমে জনগণের অংশগ্রহণ। জনগণ এতে অংশ নেয় রাষ্ট্র পরিচালনার জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করে। আর বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণের মাত্রা কোথায় নেমে এসেছে, এটা সবারই জানা।
সংসদে ৫১ শতাংশ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ৪৯ শতাংশ আসনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবেন। এসবের পেছনে রয়েছে প্রধান বিরোধী দলের নেতৃত্বাধীন জোটটির নির্বাচন বর্জন। এ বর্জনের দায় উভয় পক্ষকেই নিতে হবে। বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য সরকারের তরফ থেকে সময়োচিত কোনো আন্তরিক পদক্ষেপ দেখা যায়নি। তেমনি বিরোধী দলও সরকারি দলকে ফাঁকা মাঠে গোল করার সুযোগ দিল। তারা হরতাল, অবরোধের মতো কর্মসূচি অন্তত এখনকার মতো থামিয়ে রেখে নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিতে পারত। নির্বাচনে তাদের বক্তব্য অনুযায়ী কারচুপি হলে আন্দোলন করতে কোনো বাধা ছিল না। দেশ-বিদেশের সবার না হলেও অনেকের কথা উভয় পক্ষের কেউ রাখল না। ফলে জনগণের কার্যকর অংশগ্রহণ ব্যতিরেকে একটি সংসদ আমরা পেতে যাচ্ছি। এটা অবশ্যই আমাদের রাজনৈতিক দৈন্য। এ অবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থা সংকটের মুখে বলে যাঁরা বলেন, তাঁদের বক্তব্যকে অযৌক্তিক মনে করার কোনো সুযোগ নেই।
পাশাপাশি দেখা যাচ্ছে, আমরা কোনো না কোনো বিষয়ে অনেককেই বৈরী করে তুলছি। এটা সচেতনভাবে কেউ করে থাকলে গর্হিত বলেই গণ্য করতে হবে। আবার বিদ্যমান রাজনৈতিক দৈন্যের সুযোগ নিয়ে আমাদের অবজ্ঞা করছে অনেকেই। বিবদমান পক্ষদ্বয়কে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ অনেক আগে থেকেই দিয়ে আসছিল অনেক দেশ। এমনকি জাতিসংঘ। এ ধরনের অবস্থায় আমরা অনেকটা ধাতস্থ হয়ে গেছি বলেই মনে হচ্ছে। আন্তর্জাতিক মহলের মতামত যাদের পক্ষে যায়, তারা খুশি হয়। অন্যরা ধরে নেয়, এটা অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ। আবার নিজেদের পক্ষে সে ধরনের হস্তক্ষেপ করাতে সক্রিয় থাকে সব পক্ষ। বিষয়টি এখানেই সীমিত থাকলে এতটা উদ্বিগ্ন হওয়ার ছিল না। উদ্বিগ্ন হতে হয় সাম্প্রতিক কালের কিছু ঘটনা নিয়ে।
দেখা গেল, এবারের বিজয় দিবসে যুগবাহিত প্রথার ব্যত্যয় ঘটিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতেরা জাতীয় স্মৃতিসৌধে যাননি। বলা হচ্ছে, তাঁদের একটি সভা ছিল। তা ছিল বেলা ১১টায়। স্মৃতিসৌধে যেতে হয় সূর্যোদয়ের সময়। জানা যায়, রাষ্ট্রপতি আয়োজিত বঙ্গভবনের সংবর্ধনায়ও যেতে অনিচ্ছুক ছিলেন তাঁরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তথায় অবশ্য গেছেন। বিষয়টাকে বিভিন্ন আঙ্গিকে দেখা চলে। তবে আমাদের সরকারের কোনো কোনো কার্যক্রমে যে তাঁরা অসন্তুষ্ট, এটা অন্তত বলা চলে। তা সত্ত্বেও এ রেওয়াজটির ব্যত্যয়ে দেশের মানুষ ব্যথিত।
প্রায় একই সময়ের আরেকটি ঘটনা অনেকটা আলোড়ন সৃষ্টিকারী। তা হচ্ছে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত একজন ব্যক্তির দণ্ড কার্যকর করা নিয়ে পাকিস্তান জাতীয় পরিষদের একটি প্রস্তাব। প্রস্তাবটিতে এই দণ্ডকে ‘বিচারিক হত্যাকাণ্ড’ বলে আখ্যায়িত করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিস্মিত হতে হয়, তাঁরা কী করে ভুলে গেলেন, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের দোষররা বাঙালিদের বিরুদ্ধে কীভাবে হত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ চালিয়েছিল। প্রাণ দিয়েছিল ৩০ লাখ বাঙালি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত এ দেশের একজন নাগরিককে দণ্ডিত করেছেন। কিন্তু পাকিস্তান জাতীয় পরিষদ এ ধরনের প্রস্তাব গ্রহণ করে কি আবার আমাদের একাত্তরের অবস্থানে নিতে চাইছে? অবশ্য আমাদের পক্ষ থেকে সরব প্রতিবাদ করা হয়েছে। এসব বিষয় বিশ্লেষণ করলে আমাদের হাল আমলের অবস্থান কতটা নাজুক, তা অনুমান করা যায়।
আমাদের নিকট প্রতিবেশী দেশ ভারত। স্বাধীনতাযুদ্ধে আমাদের আশ্রয় দিয়েছে। সাহায্য দিয়েছে সর্বতোভাবে। তাদের সেনারা দিয়েছেন প্রাণ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনেও করেছেন সহায়তা। কিন্তু ১৯৭৫ সালের পর থেকে সম্পর্কের বাতাস উল্টো দিকে বইতে শুরু করে। বর্তমান সরকারি দল ১৯৯৬ সালে ক্ষমতায় এসে গঙ্গার পানি বণ্টন চুক্তি ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি শরণার্থীদের ভারত থেকে ফেরত আনার ব্যবস্থা করতে সক্ষম হয়। পার্বত্য চুক্তির প্রতিও ভারতের সমর্থন প্রয়োজনীয় ছিল। সে সময় ভারত উদারভাবে সহযোগিতা করে বাংলাদেশকে। চলমান মেয়াদে ক্ষমতায় এসেও ক্ষমতাসীন দলটি ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর বাংলাদেশের মাটিতে গড়ে তোলা শিবিরগুলো ভেঙে দেয়। তাদের নেতাদের গ্রেপ্তার করে ফেরত পাঠায় ভারতে। কিন্তু বাংলাদেশ ভারত থেকে ঈপ্সিত সহযোগিতা পায়নি। হয়নি তিস্তার পানি বণ্টন চুক্তি আর ছিটমহল সমস্যার সমাধান। অন্যদিকে, সে দেশের গণমাধ্যম ও কিছু দায়িত্বশীল ব্যক্তির উক্তি থেকে ধারণা করা যায়, তারা বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন দলটিকে ক্ষমতায় রাখতে সচেষ্ট। নির্বাচনসংক্রান্ত বিষয়াদি নিয়ে আমাদের নেতাদের সঙ্গে আলোচনা করতে তাদের পররাষ্ট্রসচিব ঢাকায় সফর করে গেলেন। আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কোন্নয়নকে অধিকতর গুরুত্ব দেবে, এমনটাই জনগণের প্রত্যাশা। তারা কোনো বিশেষ দল বা মতকে সমর্থন দিয়ে প্রশ্নবিদ্ধ হবে না, এটাও আশা করা অযৌক্তিক হবে না। আমাদের প্রয়োজনের প্রতি সংবেদনশীলতার অভাব ও সীমান্তে তুচ্ছ কারণে নিষ্ঠুর হত্যার বিষয়গুলো কিন্তু উপেক্ষার নয়।
আসছে আরেক কাছের দেশ ও উদীয়মান পরাশক্তি চীন প্রসঙ্গ। দেশটি আমাদের স্বাধীনতাসংগ্রামে বৈষয়িক বা নৈতিক কোনো সমর্থনই দেয়নি। বরং উল্টোটাই করেছে। তবে কালের পরিক্রমায় এখন আমাদের ভালো সম্পর্ক সে দেশটির সঙ্গে। উল্লেখ্য, রাজনীতির মতো কূটনীতিতেও বাস্তবতা পরিবর্তনশীল। সে চীন আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বরাবর নীরব দর্শকই ছিল, কিন্তু এখন সরব। বলছে, বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চায় তারা। একাত্তরে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে স্বাধীনতা আমরা অর্জন করলাম, তা ৪২ বছর পর আবার হুমকির মুখে, এমনটি মনে হচ্ছে তাদের বক্তব্য থেকে।
এবার আসে যুক্তরাষ্ট্রের কথা। গণতন্ত্র ও মানবাধিকারের সোচ্চার সমর্থক সে দেশটির সরকারও আমাদের স্বাধীনতাসংগ্রামের বিরোধিতা করেছিল সক্রিয়ভাবে। তবে সে দেশের জনগণ, বিশেষ করে সুশীল সমাজ ও গণমাধ্যম ছিল সে সংগ্রামের পক্ষে। আমাদের নেতারা বিশ্বের সর্বাধিক শক্তিধর রাষ্ট্রটির আশীর্বাদ পেতে সদা সচেষ্ট থাকেন। তাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসে আমাদের উপদেশ দেন বিভিন্ন সময়ে। এবারও দিচ্ছেন। আমাদের দুর্বল পররাষ্ট্রনীতি ও কিছু অর্বাচীন সিদ্ধান্ত এ পরাশক্তিটিকে আমরা হয়তো বা বৈরী করেছি বলে মনে হয়। আমাদের দেশের বিরাজমান রাজনৈতিক অবস্থান নিয়ে মার্কিন কংগ্রেসে একাধিক শুনানি হয়েছে। সে শুনানির কার্যপত্রটির শিরোনাম ছিল, ‘খাদের প্রান্তে বাংলাদেশ’।
প্রশ্ন আসে, কেন এত উদ্বেগ, উৎকণ্ঠা? কেনই বা ছোট এ দেশটিতে দাঙ্গা আর হানাহানি? এর সঙ্গে প্রাসঙ্গিক বিষয় একাধিক হলেও মূল সমস্যা দশম সংসদ নির্বাচন। এটি শান্তিপূর্ণভাবে সমাধান করা গেলে অন্য সমস্যাগুলো এতটা প্রকট হয়ে উঠত না। কিন্তু আমাদের নেতারা নির্বিকার। দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হোক, এটা নিশ্চয়ই তাঁরা চান না। কিন্তু এটা রোধ করতে কোনো কার্যক্রমও নিচ্ছেন না।
আমাদের সমস্যা আমাদেরই সমাধান করার কথা। আর তা করতে হবে আমাদের স্বার্থেই। আজ বিশ্বায়নের যুগে একা চলার কোনো সুযোগ নেই। অন্য দেশের ওপর নির্ভরশীলতা রয়েছে আমাদের অনেক ক্ষেত্রে। তাই তাদের সৎ পরামর্শ তাচ্ছিল্যের সঙ্গে উপেক্ষা করা অনুচিত। অথচ বেশ কিছু ক্ষেত্রে তা-ই হয়েছে। অনেককেই উপেক্ষা করে আমরা কার্যত বৈরী করেছি। এ কারণে নিজেরা এখন উপেক্ষিত হচ্ছি। বাংলাদেশের জন্য পৃথিবীটা ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। আমাদের নেতারা যত দ্রুত এটা বুঝবেন, ততই মঙ্গল। তাই বর্তমানের হুমকি শুধু গণতন্ত্রের ওপর নয়, আরও বড় কিছুর জন্যও।

আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]