সংখ্যালঘু নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনাতন ধর্ম হলো আদি বা চিরন্তন ধর্ম, যা যুগ যুগ ধরে চলে এসেছে। হাজারো বছর ধরে সনাতন ধর্মের লোকেরা দেব-দেবীর রূপক কল্পনা, উপাসনা ও পূজা-অর্চনা করে আসছে, তার হিসাব মেলানো কঠিন।
বিভিন্ন দেব-দেবীর মূর্তিপূজা করাই ভগবানের পূজারই একটি অংশ। যুগ যুগ ধরে আমরা এটাই বিশ্বাস করে আসছি। আর এই বিশ্বাসের ওপর যখন অন্য এক জাতি বা গোষ্ঠী আমাদের ওপর হামলা-নির্যাতন-লুণ্ঠন-ধ্বংসযজ্ঞ চালায়, তখন বুকের ভেতর হাহাকার করে ওঠে।
সাম্প্রতিক সময়ে লক্ষ করলে দেখা যাবে মন্দিরের প্রতিমার গয়না-অলংকার, মূল্যবান প্রয়োজনীয় বইপুস্তক, আসবাব লুট করা হয়েছে। আর প্রতিদিন পত্রিকার পাতায় চোখ রাখলেই পরিলক্ষিত হয় বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের খবর।
এসব কী ধরনের পৈশাচিক কর্মকাণ্ড? কী ধরনের বর্বরতা? এখনো অনেক গ্রামে শোনা যায়, হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করার খবর। তাছাড়া সংখ্যালঘুদের ওপর নিয়মিত হামলা-নির্যাতন তো থাকছেই।
এখন ‘সংখ্যালঘু’ নামের যে শব্দটি রয়েছে, তার ‘তির’ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টধর্মাবলম্বীদের দিকে। শুধু হিন্দু ধর্মাবলম্বীদের ওপরই নয়, সম্প্রতি রামুর বৌদ্ধবিহারের ওপর যে পৈশাচিক জঘন্য কর্মকাণ্ড চালানো হয়েছে, তা-ও আমাদের শঙ্কিত করার মতো।
কেন নিজেদের সংখ্যালঘু বলে পরিচিতি দেব। এই বাংলায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবারই আছে সম-অধিকার। আছে স্বধর্ম পালন আর রক্ষা করার অধিকার।
তাই আমাদের ভেদাভেদ-বৈষম্য দূর করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একে অপরের ধর্মকে শ্রদ্ধা করতে হবে। তাহলেই দেশে শান্তি ফিরে আসবে। আর মনে রাখতে হবে, একজনের বিশ্বাস ভেঙে অন্য কোনো বিশ্বাস প্রতিষ্ঠা করা যায় না।
সুবীর কুমার দাস, ঢাকা কলেজ, ঢাকা।