সংখ্যালঘুদের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে হিন্দুধর্মাবলম্বীদের ওপর যখন নির্যাতন, বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভূমি দখল ও উপাসনালয়ে অহরহ হামলা হচ্ছে, তখন এই দেশে তাদের বসবাস বিপজ্জনক হয়ে উঠছে। ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ওপর ভিত্তি করে ভারত ও পাকিস্তান হয়। মুসলমানদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য ভারত; যদিও উভয় দেশেই অন্য ধর্মাবলম্বীরা বসবাস করে। কিন্তু পরবর্তী সময়ে মুসলিমপ্রধান পাকিস্তানে হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের জন্য টিকে থাকা কঠিনতর হয়ে ওঠে।
ভারতে ইসলাম ধর্মাবলম্বীদের হার বৃদ্ধি পাচ্ছে। কারণ, সেখানে সংখ্যাগুরুরা নিজেদের নিরাপদ মনে করে। পাকিস্তান ও বাংলাদেশের অবস্থাটা উল্টো। ১৯৫১ সালে পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল ২২ শতাংশ আর বর্তমানে তা ১ দশমিক ৮৪ শতাংশ। বাংলাদেশে ১৯৫১ সালে ছিল ২০ শতাংশ আর বর্তমান তা ৮ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশও পাকিস্তানের পথে হাঁটলে একসময় দেশটি সংখ্যালঘুশূন্য হয়ে পড়বে। তখন ধর্মনিরপেক্ষ রাজনীতি ও অসাম্প্রদায়িক চেতনা বলে কিছু থাকবে না। শুরু হবে ধর্মভিত্তিক দলগুলোর প্রতিযোগিতা। উগ্র মৌলবাদ বা ধর্মভিত্তিক রাজনীতি গেড়ে বসবে।
আক্রান্ত সংখ্যালঘুদের প্রতি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, হেফাজত—সবাই মুখে সহানুভূতি প্রকাশ করে। কিন্তু তাদের কাজে এর প্রতিফলন না ঘটলে সংখ্যালঘুরা এই দেশে থাকতে পারবে না।
শত অত্যাচার আর নির্যাতন সত্ত্বেও সংখ্যালঘুরা দেশ ছেড়ে যেতে চায় না। কেননা এটা তাদেরও দেশ। প্রতিবার নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর দুর্যোগ নেমে আসে। তাদের ঘরবাড়ি ও উপাসনালয় ভেঙে ফেলা হয়। সেই রাজনৈতিক অপশক্তিই তাদের ওপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, যারা ভাবে সংখ্যালঘুদের ভোট তাদের পক্ষে যাবে না। সংখ্যালঘুদের দুই বিপদ জমি ও ভোট।
এসব সত্ত্বেও সংখ্যালঘুরা আশায় বুক বাঁধে। বেঁচে থাকার স্বপ্ন দেখে।
এখন মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তি সংখ্যালঘুদের আক্রমণের নিশানা করেছে বলে এ কথা ভাবার কারণ নেই যে অন্যরা নিরাপদ। যখন দেশে সংখ্যালঘু থাকবে না তখন মুক্তচিন্তার সংখ্যাগুরু মানুষদের ওপর আঘাত হানবে তারা।
সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রের করণীয় হলো:
১. জনসংখ্যা অনুপাতে জাতীয় সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ। কমপক্ষে ৩০টি আসন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত রাখা। ২. সংখ্যালঘুদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখভালের জন্য সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় স্থাপন করা। ৩. সংখ্যালঘুদের ওপর সব ধরনের নির্যাতন, ভূমি দখল, গৃহ ও মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি অপরাধের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, দ্রুত বিচারকার্য সম্পন্ন, শাস্তি নিশ্চিতকরণ ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। ৪. যেসব ঘরবাড়ি, মন্দির ও বিভিন্ন স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেগুলো রাষ্ট্রীয়ভাবে পুনর্নির্মাণ ও সুরক্ষা। ৫. রাষ্ট্রের দায়িত্বশীল সব পদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
সুজন চন্দ্র রায়
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা।