বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর হার আমাদের উদ্বিগ্ন করেছে। পাকিস্তান ব্যুরোর জরিপে জনসংখ্যার ২৯ দশমিক ৭ শতাংশ ছিল সংখ্যালঘু। এরপর ১৯৭০ সালের পরিসংখ্যানে দেখা যায়, সেই হার নেমে এসে দাঁড়ায় ২১ থেকে ২২ শতাংশে। অর্থাৎ ৭ শতাংশ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী হারিয়ে গেল পাকিস্তান প্রতিষ্ঠার ২৪ বছরে।
এরপর এল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। তখন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানকে রক্ষা করতে হলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করতে হবে বা তাঁদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে হবে। একই সঙ্গে সংখ্যালঘু জনগোষ্ঠীকে নির্মূল করতে হবে। এই অভিপ্রায়ে তারা সংখ্যালঘু-অধ্যুষিত এলাকাগুলোতে গণহত্যা চালিয়েছিল।
স্বাধীন দেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। আমাদের প্রধান পরিচয় ছিল বাঙালি। ধর্ম ছিল প্রত্যেকের ব্যক্তিগত বিশ্বাস। অথচ স্বাধীনতার চার দশক পর সংখ্যালঘু জনগোষ্ঠীর হার ২১ থেকে নেমে এসেছে ৯ দশমিক ৭ শতাংশে। দুঃখের সঙ্গে লক্ষ করেছি, জনসংখ্যার এই ক্রমাবনতির কারণ আমাদের রাজনীতিবিদ বা বুদ্ধিজীবীরা অনুসন্ধান করেননি; এই সমস্যা সমাধানে উদ্যোগও লক্ষ করা যায়নি।
১৯৪৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত সংখ্যালঘু নিঃস্বকরণ যারা করেছিল, তারা পাকিস্তানি স্বৈরাচারী-সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী। তারা পূর্ব পাকিস্তানের ধর্মান্ধ শক্তির মেলবন্ধনে মাইনরিটি ক্লিনজিং প্রক্রিয়া চালিয়েছিল। তার প্রমাণ মেলে ১৯৫০-৫১ ও ১৯৬৪ সালের ঘটনায়। কিন্তু তখন রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা একযোগে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তুলেছিলেন। স্লোগান তুলেছিলেন, ‘পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও’।
স্বাধীন বাংলাদেশে, মূলত পঁচাত্তরের ১৫ আগস্টের পর সামরিক বা বেসামরিক লেবাসে যাঁরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তাঁরা শুধু যে সংবিধানকে ধর্মীয় এবং সাম্প্রদায়িকতার মোড়কে আবদ্ধ করলেন তা নয়, মাইনরিটি ক্লিনজিং প্রক্রিয়াও ত্বরান্বিত করলেন। লক্ষণীয় যে, উদার গণতান্ত্রিক দলগুলো ক্ষমতায় থাকাকালেও এর ব্যতিক্রম ঘটেনি, ঘটছে না।
এটা পরিষ্কার যে একাত্তরের পরাজিত শক্তি সংখ্যালঘু হ্রাসকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে একটি গণতন্ত্র ও সার্বভৌমত্বের সংকট তৈরি করতে চায়। কারণ, তারা ভাবছে, যদি সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র করাও সহজতর হবে। অন্যদিকে সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে সরকার, প্রগতিশীল দল এবং প্রশাসনকেও সেভাবে এগিয়ে আসতে দেখা যায় না। ফলে সংখ্যালঘুরা গভীর উদ্বেগে আছে।
আমাদের সংবিধানে সব নাগরিক সমান কথাটি বলা আছে। একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মকে রাষ্ট্রের ধর্ম হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সাম্প্রদায়িকতার বেড়াজালে সংবিধান আবদ্ধ হলো। ফলে রাজনীতি, প্রশাসনসহ সব ক্ষেত্রে সাম্প্রদায়িক মানসিকতা তৈরি হয়েছে। আবার আমাদের গণতান্ত্রিক-প্রগতিশীল দলগুলোতেও সাম্প্রদায়িক চক্রের অনুপ্রবেশ ঘটতে দেখা গেছে।
১৯৯০ সালে বাবরি মসজিদ তখনো ভাঙা হয়নি, অথচ বাবরি মসজিদ ভেঙে ফেলার মিথ্যা ও কাল্পনিক অজুহাত তুলে সেদিন রাষ্ট্রীয় পর্যায়ে একতরফা সাম্প্রদায়িক সহিংসতা চালানো হয়েছে। এই কাজটি করেছিল স্বৈরাচারী এরশাদ সরকার। ঘটনাটি ছিল মাত্র তিন দিনের। এরপর ১৯৯২ সালে যখন খালেদা জিয়া সরকার ক্ষমতায় এল, তখন সাম্প্রদায়িক সহিংসতা চালানো হয়েছে ২৮ দিনের মতো। ২০০১ সালে যখন একই ঘটনা ঘটল, আরও বড় আকারে।
২০০৯ সালে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এল। আমরা বলেছিলাম, ২০০১ সালের ঘটনাটি নিয়ে তদন্ত কমিশন গঠিত হোক। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা হোক। তখন হাইকোর্টের একটি নির্দেশনায় সাহাবুদ্দীন কমিশন গঠিত হয়েছিল। প্রায় ১৫ হাজারের মতো ঘটনা সেদিন সাহাবুদ্দীন কমিশনের কাছে উত্থাপিত হয়েছে। তার মধ্যে হাজার পাঁচেক ঘটনা নিয়ে কমিশন তদন্ত করেছিল। তদন্তের রিপোর্ট ২০১২ সালে পেশ করা হলেও কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন কিংবা দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হয়নি।
আওয়ামী লীগ সরকারের প্রথম দেড় বছর নেতিবাচক রিপোর্ট আসেনি। কিন্তু তার পর থেকেই দেখলাম, মহানবী (সা.)-কে কটূক্তি করেছেন—এই কথা বলে কিছু স্কুলশিক্ষককে টার্গেট করা হয়েছে। এ রকম পাঁচটি ঘটনা আমাদের জানা আছে, যেখানে সংখ্যালঘু স্কুলশিক্ষকদের নামে এই অপবাদ দেওয়া হয়েছে। তাঁদের গ্রামের বাড়িতে লুটপাট চালানো হয়েছে। কিন্তু সরকার ছিল নির্বিকার।
২০১২ সালে সংখ্যালঘুদের ওপর সংঘবদ্ধ আক্রমণ আমরা দেখি চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন জেলেপাড়ায়, হাটহাজারীতে, দিনাজপুরের চিরিরবন্দর এবং টেকনাফের রামুতে। সেখানে সংঘবদ্ধ হামলা হলো। এরপর ২০১৩ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় দেওয়ার আগে ঢাকার শাপলা চত্বরে জামায়াতের সমাবেশে তারা প্রকাশ্যে ঘোষণা দিল, ট্রাইব্যুনাল যদি ভেঙে দেওয়া না হয়, অথবা রায় দেওয়া হলে দেশে গৃহযুদ্ধ বাধবে। আর সাঈদীর রায়ের পরে তারা সত্যি সত্যি যুদ্ধ ঘোষণা করল। তাদের অন্যতম লক্ষ্যবস্তু হলো ধর্মীয় সংখ্যালঘুদের ঘরবাড়ি, জায়গা-জমি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং উপাসনালয়। কোথাও কোথাও ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু আসামিরা যে ধারায় আটক হয়, সেগুলোতে দুই দিন পরে জামিনে বেরিয়ে আসে। আবার দেখা যায়, স্থানীয় নেতারা হিন্দুদের ওপর চাপ দেন সম্প্রীতির নামে একধরনের আপস করার জন্য। তখন সংখ্যালঘু জনগোষ্ঠী আরও বেশি অসহায় হয়ে পড়ে।
গত বছরের ২৫ নভেম্বর তফসিল ঘোষণার পরপরই আমরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বলেছিলাম, সংখ্যালঘুরা হামলার শিকার হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। তিনি বলেছিলেন, ২০০১ সালের ঘটনার পুনরাবৃত্তি হবে না। কিন্তু নির্বাচনের আগে লক্ষ করলাম প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই রয়ে গেল। নির্বাচনের পর ৭ জানুয়ারি আমরা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে দেখা করে বলেছিলাম, যদি দায়মুক্তির সংস্কৃতি থেকে দেশ বেরিয়ে না আসতে পারে, তাহলে সংখ্যালঘু জনগোষ্ঠীর হার আরও নিচে নেমে আসবে। সংখ্যালঘুদের ত্রাণ নয়, পুনর্বাসনের ব্যবস্থা করুন।
সংখ্যালঘুদের ওপর যে হামলা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। আমাদের যে আইনগুলো আছে, সেসব দিয়ে এ সমস্যা মোকাবিলা করা যাবে না। নারীদের সুরক্ষায় যেমন নারী নির্যাতন দমন আইন আছে, একইভাবে সংখ্যালঘুদের ওপর যে হামলা হচ্ছে, সেই হামলাকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য একটি বিশেষ আইন প্রণীত হওয়া দরকার। এই আইন প্রণীত না হওয়া পর্যন্ত সন্ত্রাস দমন আইন, দ্রুত বিচার আইন ও বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ ঘটাতে হবে।
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা আশাহীনতা ও আস্থাহীনতায় ভুগছে। তাদের মধ্যে আশা ও আস্থা গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। আমরা মনে করি, ’৭২-এর সংবিধান যত দিন ফিরে না আসবে, তত দিন পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ, অস্তিত্ব্ব, অধিকার নিশ্চিতের জন্য সাংবিধানিক সুরক্ষা প্রয়োজন। বিভিন্ন দেশের সংবিধানেই এই সুরক্ষা রয়েছে।
মূলত রাজনৈতিক কারণেই সংখ্যালঘুরা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। তাই সংখ্যালঘুর সমস্যাগুলোকে বিশেষ বিবেচনায় নিয়ে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা দরকার। ভারতেও এটি আছে। ’৪৭ সালের পর থেকে আজ পর্যন্ত কেন সংখ্যালঘুরা দেশত্যাগে বাধ্য হচ্ছে, তার কারণ নির্ণয়ের জন্য একটি জাতীয় কমিশন গঠন করা দরকার। এই কমিশন সংখ্যালঘুরা যাতে দেশত্যাগ করতে বাধ্য না হয়, তার জন্য কী কী রাষ্ট্রীয় ও রাজনৈতিক উদ্যোগ নেওয়া যায়, সেগুলো চিহ্নিত করবে।
লক্ষণীয়, সাম্প্রদায়িক ঘটনাগুলো যখনই হয়, একদল আরেক দলের ওপর দায় চাপায় এবং অপরাধীরা পার পেয়ে যায়। এ ক্ষেত্রে কাউকে না কাউকে দায়বদ্ধ করতে হবে। আমাদের প্রস্তাব, সাংসদ যাঁরা আছেন, তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলা হলে এর দায় তাঁকে নিতে হবে। সংখ্যালঘুদের মধ্যে এই আস্থাহীনতা কেন? রাষ্ট্র, প্রশাসন, রাজনীতি—কাউকে যদি সংখ্যালঘুরা তার স্বার্থ, অধিকার ও অস্তিত্ব রক্ষার্থে তাদের পাশে না পায়, তাহলে আস্থা রাখবে কার ওপর?
প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসী যে-ই হোক, হামলাকারী যে-ই হোক, তাকে ছাড়া হবে না। অথচ যশোরে আমরা অন্য রকম অভিজ্ঞতার মুখোমুখি হলাম। সেখানে এক পুলিশ কর্মকর্তা আমাকে বলেছেন, তাঁরা গ্রেপ্তার করছেন। কিন্তু আওয়ামী লীগের নেতারা অপরাধীদের ছাড়িয়ে নিতে আসছেন। কেউ বলছেন, আসামি তাঁর আত্মীয়। কেউ বলছেন, আসামি এই ঘটনার সঙ্গে যুক্ত নন। আবার কেউ বলছেন, আগে আসামি জামায়াত করত, এখন সরকারি দল করে। তিনি অনুরোধ জানিয়েছেন তাঁদের এই অসহায়ত্বের কথা যেন আমি আরও ওপর মহলে বলি।
সংখ্যালঘুদের ওপর হামলা, হুমকি, মূর্তি ভাঙচুর চলছে। সবকিছু দেখে মনে হয়, হামলাকারীরা একধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব রাষ্ট্র, সরকার ও রাজনৈতিক দলকেই নিতে হবে।
পরিশেষে বলতে চাই, আমরা অনেকেই আইয়ুব-মোনায়েম স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম। একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু আজকে এই জীবনসায়াহ্নে এসে মনে হয়েছে, আমার প্রকৃত ঠিকানা কী? অথচ একটি স্থায়ী ঠিকানার জন্যই আমরা মুক্তিযুদ্ধ করেছি। দেশ ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবিনি। প্রত্যাশা করি, বাংলাদেশ সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে; রাষ্ট্রের পরিচালকেরা রাজনীতি ও প্রশাসনকে সে ধারায় এগিয়ে নিয়ে যাবেন। তবেই ধর্মীয় সংখ্যালঘু জনজীবনে আস্থা ফিরে আসবে।
রানা দাশগুপ্ত: সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ।