সংবর্ধনা পাওয়ার লোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় যায়, সরকার বদলায়, নতুন সরকার ক্ষমতায় আসে; কিন্তু রাজনৈতিক সংস্কৃতি বদলায় না। যদি বদলাত, তবে এখনো পত্রিকায় নেতাদের হাতে সোনার দলীয় প্রতীকসহ ছবি বা তাঁদের জন্য শিশুদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার ছবি ছাপা হতো না। এসব নিয়ে কত সমালোচনা, এর পরও নেতারা সম্ভবত এর লোভ সামলাতে পারেন না!
নির্বাচন যে রকমই হোক, নতুন একটি সরকার ক্ষমতায় এসেছে। সাংসদ, মন্ত্রী-প্রতিমন্ত্রী—সবাই তো নতুন। কিন্তু তাঁদের সংবর্ধনা জানানোর একটি হিড়িক পড়েছে সেই পুরোনো কায়দায়। সেই তোরণ নির্মাণ, স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাস বাদ দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখা, তা-ও আবার না খাইয়ে। নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহীর বাঘায় এ ধরনের একটি সংবর্ধনা সভায় আবার সোনার নৌকাও গ্রহণ করেছেন। তিনি প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন, বয়সেও যথেষ্ট নবীন; দুর্ভাগ্য, তিনিও সেই পুরোনো পথেই হাঁটলেন! কিছুই উপেক্ষা করতে পারলেন না, পারলেন না এসবের লোভ সামলাতে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। মন্ত্রী হয়ে সংবর্ধনা নিতে গেছেন শালিখার এক মহাবিদ্যালয়ে, সেখানে তাঁকে সংবর্ধনা জানাতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে দীর্ঘক্ষণ। মন্ত্রী হননি, নোয়াখালী-২ আসনে সাংসদ নির্বাচিত হয়েছেন মোরশেদ আলম, তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তাঁকে সংবর্ধনা জানাতেও শিক্ষার্থীদের ক্লাস বাদ দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হয়েছেন দিনাজপুর-৫ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান। তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২০৫টি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ছুটি ঘোষণা করা হয়েছে। গত বছরজুড়ে বিএনপি ও জামায়াত জোটের আন্দোলন ও সহিংসতায় এমনিতেই দেশের শিক্ষার বারোটা বেজেছে। নতুন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী কোথায় সে ক্ষতি পোষাতে বাড়তি উদ্যোগ নেবেন, তা না করে আরও একটি দিন স্কুল বন্ধ রাখার সুযোগ করে দিলেন!
সংবর্ধনা পাওয়া মন্ত্রী-সাংসদেরা এসবে তাঁদের সংশ্লিষ্টতা নেই বলে দায়িত্ব এড়াতে পারবেন না। কারণ, তিনি কোথায় যাচ্ছেন, সেখানে কী ধরনের আয়োজন হবে, এটা জানা দায়িত্বশীলতার মধ্যে পড়ে। আমরা মন্ত্রী বা সাংসদদের মতো দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে দায়িত্বশীলতাই প্রত্যাশা করি।