বাংলাদেশের অধিকাংশ জাতীয় দৈনিক সংবাদপত্র লোকসানি প্রতিষ্ঠান। সেই অর্থে স্বাধীন ও গণতান্ত্রিক এই দেশটির সংবাদপত্রশিল্প একটি রুগ্ণ শিল্প। কিন্তু এটি আর দশটি শিল্পের মতো নয়, শুধু ব্যবসায়িক উদ্যোগও নয়। সংবাদপত্রশিল্পের সঙ্গে একটি দেশের গণতন্ত্র, সুশাসনসহ সামগ্রিক শাসনব্যবস্থা ও জাতীয় উন্নয়নের সম্পর্ক অত্যন্ত নিবিড়। গণতান্ত্রিক বিশ্বে সরকারগুলো সংবাদপত্রশিল্পকে কিছু বিশেষ সুবিধা দিয়ে থাকে এই বিবেচনা থেকেই।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ চেম্বারের সভাপতি এবং সমকাল-এর প্রকাশক এ কে আজাদ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব কমিটির পরামর্শক সভায় সংবাদপত্রশিল্পের এই দুর্দশা কাটানোর উদ্দেশ্যে কিছু দাবির কথা তুলে ধরেছেন, যা এই শিল্পের পক্ষ থেকে এর আগেও উচ্চারিত হয়েছে। তিনি নিউজপ্রিন্ট ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণের আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) কমানোর দাবি জানিয়েছেন। বাংলাদেশে সংবাদপত্রশিল্পের জন্য এসব শুল্ক ও কর এই উপমহাদেশেরই অন্যান্য দেশের তুলনায় বেশ চড়া। নিউজপ্রিন্ট ও অন্যান্য উপকরণের আমদানি শুল্ক দিতে হয় ৫ শতাংশ, এর ওপর আছে ১৫ শতাংশ মূসক। শুল্ক-কর বাবদ মোট দিতে হয় ২০ দশমিক ৭৫ শতাংশ। কিন্তু সংবাদপত্রের উৎপাদন ব্যয় অত্যন্ত বেশি, আবার বিজ্ঞাপনের মূল্যহার তুলনামূলকভাবে বেশ কম; সরকারি বিজ্ঞাপনের মূল্যহার আরও কম। প্রতি কপি সংবাদপত্রের উৎপাদন খরচ গড়ে ১৫ থেকে ১৬ টাকা, কিন্তু তার বিক্রয়মূল্য ১০ টাকা। আবার এই ১০ টাকার পুরোটা সংবাদপ্রতিষ্ঠান পায় না, বিপণন খাতেও উল্লেখযোগ্য ব্যয় হয়।
সংবাদপত্রশিল্পের এই সংকট থেকে পুরোপুরি উত্তরণ বেশ দুরূহ, তবে সংকটের মাত্রা লাঘবের সুযোগ অবশ্যই আছে এবং তার অনেকটাই সরকারের হাতে। সরকার আগামী জাতীয় বাজেটে নিউজপ্রিন্ট ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করতে পারে, যেমনটি গত অর্থবছর পর্যন্ত ছিল। আর ১৫ শতাংশ মূসক সংবাদপত্রশিল্পের ওপর বেশ ভারী একটা বোঝা; এটা অবশ্যই কমানো উচিত। সেই সঙ্গে উচিত সরকারি বিজ্ঞাপনের মূল্যহার বাড়ানো, যা বর্তমানে নিতান্তই কম।