সংবিধানের ষোড়শ সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ ও সংসদীয় স্থায়ী কমিটিকেও যথেষ্ট সময় না দিয়ে তাড়াহুড়ো করেই সংবিধানের ষোড়শ সংশোধনী পাস করা হলো। এমনকি একটি প্রশ্নবিদ্ধ সংসদের মিত্র দলগুলোর তরফেও আলোচনা উপযোগী কোনো সংশোধনী প্রস্তাবও আনতে দেখা গেল না। এসবের মধ্য দিয়ে সরকার পরিচালনাকারীদের কোনো কিছু তোয়াক্কা না করার মনোভাবের প্রকাশ ঘটল। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার একটি ন্যূনতম বা বাহ্যিক চেষ্টাও দেখা গেল না। সংবিধান সংশোধন বিল পাসের ভোটাভুটিতে সাংসদদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়ার সুযোগ ছিল। সেটাও করা হলো না।
বিদ্যমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ছিল না, তা নয়। বিচার বিভাগসংশ্লিষ্ট মহল থেকেও এর সংস্কারের পক্ষে সুপারিশ ছিল। চার আইনবিদও এ বিষয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। সবকিছুই উপেক্ষিত হলো। উপরন্তু একই কাউন্সিল ব্যবস্থা গ্রহণ-বর্জনে মাত্র তিন বছরের ব্যবধানে আওয়ামী লীগের অবস্থান পরিবর্তনের কোনো ব্যাখ্যা বিল পাসের আলোচনায় অনুচ্চারিত থেকেছে। তাই এর উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ ঘোচেনি।
এই সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতা নয়, ইসিসহ সমগ্র সাংবিধানিক সংস্থার ওপর প্রত্যক্ষ দলীয় প্রভাব ফেলতে পারে। তবে এই প্রভাবের সম্ভাব্য মাত্রা নির্দিষ্ট হবে অসদাচরণ প্রমাণের লক্ষ্যে গঠিত তদন্ত কমিটির ওপর। এতে রাজনীতিকদের না রেখে কর্মরত বিচারকদের প্রাধান্য বজায় রাখা সংগত।
বিচারকদের অভিশংসন ক্ষমতা পেল সংসদঅবশ্য অপসারণের মতো চরম ব্যবস্থা ব্যতিরেকে বিচারকদের সতর্ককরণ ও বরখাস্তকরণ নীতি কী হবে, সেটাই বাস্তবে গুরুত্বপূর্ণ। কারণ, দৈনন্দিন জীবনে বিভাগীয় শৃঙ্খলা রক্ষা করা, লঘু শাস্তি দেওয়া জরুরি। আর তা জুডিশিয়াল কাউন্সিলের মতো পিয়ার কমিটি দিয়েই নিশ্চিত করতে হবে। লঘু শাস্তিদানে বিদ্যমান কাউন্সিলই উপযুক্ত রক্ষাকবচ। আশা করব, আইন প্রণয়নসংক্রান্ত আলোচনায় এসব বিষয় গুরুত্ব পাবে। আর আইন না হওয়া পর্যন্ত সংবিধানের আরও তিনটি অনুচ্ছেদ অচল থাকবে।