মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন—এমন কেউ যখন নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন না, তখন সাধারণভাবে ধরে নেওয়া হয় যে দায়িত্ব পালনকালে তাঁরা তাঁদের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিতে পারেননি৷ এর বাইরেও দুর্নীতি বা অন্য অনিয়মের অভিযোগের কারণেও বিতর্কিতরা বাদ পড়েন৷ সরকারের পূর্ববর্তী মেয়াদে কাজকর্মের মূল্যায়নের ভিত্তিতে নতুন সরকারের নেওয়া এ ধরনের সিদ্ধান্তকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই ধরে নেওয়া হয়৷ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যাঁদের এ ধরনের ‘শাস্তি’ দিল, তাঁদের আবার পুরস্কৃতও করল৷ মন্ত্রিত্ব থেকে বাদ পড়া অনেকেই পেলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির পদ! এটা চরম বৈপরীত্যই বটে৷
সংসদীয় সরকারব্যবস্থায় বিভিন্ন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷ এসব কমিটি একদিকে যেমন মন্ত্রণালয়সংক্রান্ত বিভিন্ন খসড়া বিল ও অন্যান্য আইনগত প্রস্তাব পর্যালোচনা করে, তেমনি মন্ত্রণালয়সংক্রান্ত কোনো ধরনের অভিযোগ ও অনিয়ম খতিয়ে দেখার মতো গুরুত্বপূর্ণ কাজও করে থাকে৷ বলা যায়, মন্ত্রণালয়সংক্রান্ত কাজের তদারকি করাই সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কাজ৷ প্রথম আলোর প্রতিবেদন বলছে, বর্তমান মন্ত্রিসভায় জায়গা না পাওয়া গত মন্ত্রিসভার যে নয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে একই মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে, তাঁদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ আছে৷ অনেকে মন্ত্রী হয়ে সম্পদ বাড়িয়েছেন, কেউ বিতর্কিত হয়েছেন তাঁদের মন্ত্রণালয়সংক্রান্ত কাজকর্ম নিয়ে৷ এ ধরনের লোকজনকে দিয়ে আর যাই হোক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাজকর্ম তদারকির কাজটি সুষ্ঠুভাবে হওয়ার কথা নয়৷
মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের দেওয়া ক্রেস্ট নিয়ে জালিয়াতির ঘটনায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম৷ এখন সেই মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে তিনি ঘটনার তদন্ত করছেন অনেকটা বিচারকের আসনে বসে৷ তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছেন তিনি নিজে! বাংলাদেশে সম্ভবত সবই সম্ভব৷ এর পক্ষে যুক্তি দিতেও কুণ্ঠিত হননি তাজুল ইসলাম৷ আমাদের প্রশ্ন হচ্ছে, তিনি নিজেই যখন ‘দোষী ব্যক্তিদের’ তালিকায়, তখন তিনি নৈতিকভাবে এই দায়িত্ব পালন করতে পারেন কি না?
সংবিধান ক্ষমতার যে আওতা নির্দিষ্ট করে দিয়েছে, সে-সংক্রান্ত আইন প্রণয়ন না করায় এমনিতেই কার্যকর ভূমিকা পালন করতে পারছে না মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিগুলো৷ তার ওপর যদি এ ধরনের বিতর্কিত লোকজনকে কমিটিগুলোর সভাপতি করা হয়, তবে তা অকার্যকর হয়ে পড়তে বাধ্য৷ সংসদীয় কমিটিগুলোকে যদি সরকার সত্যিই কার্যকর দেখতে চায়, তবে প্রথমত বিতর্কিত, অভিযুক্ত ও নিজের স্বার্থ রয়েছে, এমন ব্যক্তিদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি থেকে বাদ দিতে হবে৷ দ্বিতীয়ত, সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করে সংসদীয় কমিটির ক্ষমতার আওতার বিষয়টি নিশ্চিত করতে হবে৷