সংসদে কোরাম-সংকট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ চলছে না চলার মতো। তারই চিত্র ফুটে উঠেছে টিআইবির প্রতিবেদনে। জাতীয় সংসদের প্রধান কাজ আইন প্রণয়ন। কিন্তু দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন প্রণয়নে সবচেয়ে কম সময় দেওয়া হয়েছে—অধিবেশনের মোট সময়ের মাত্র ১ দশমিক ৮ শতাংশ। সে তুলনায় সরকারের প্রশস্তি গাওয়ায় ও বিগত সংসদে প্রধান বিরোধী দল বিএনপির সমালোচনায় অনেক বেশি সময় ব্যয় করা হয়েছে।
সোমবার প্রকাশিত টিআইবির প্রতিবেদনে বর্তমান সংসদের এই স্ববিরোধী চিত্র তুলে ধরা হয়েছে। সরকারের সমর্থনে ঢাক পেটানোর জন্য তো বিটিভি, বাংলাদেশ বেতারসহ অনেক ব্যবস্থা রয়েছে। আবার কেন সংসদকেও ব্যবহার করা হচ্ছে? আর বিএনপি তো নির্বাচনেই আসেনি। তাদের অনুপস্থিতিতে সেখানে কেন এই একতরফা বিষোদ্গার?
বিগত সংসদগুলোতে বিরোধী দল একটানা অধিবেশন বর্জন ও সরকারদলীয় বিপুলসংখ্যক সদস্যের অনুপস্থিতির কারণে ঘন ঘন কোরাম–সংকট দেখা দিত। কিন্তু এখন তো বিরোধী দল সরকারের সমর্থক এবং সরকারি দল প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে বসে গেছে। যখন সংসদের নৈতিক ভিত্তিই প্রশ্নবিদ্ধ, তখন তো অন্তত সরকারি দলের হুঁশ হওয়া দরকার। কোরাম–সংকটের কারণে নষ্ট হয়েছে ১৭ ঘণ্টা সাত মিনিট, যা মোট অধিবেশন সময়ের প্রায় ১৫ শতাংশ।
সংসদ পরিচালনার বরাদ্দের হিসাব অনুযায়ী এর আর্থিক দাম আট কোটি টাকারও বেশি। সরকারের সদিচ্ছা থাকলে আর কিছু না হোক, অন্তত এই অপচয় তো বন্ধ করা যেত। সংসদ অধিবেশনের সুরতহাল রিপোর্ট থেকে বোঝা যায়, সরকারি দল খামখেয়ালি করে সংসদ অধিবেশনগুলো তাৎপর্যহীন করে তুলছে। এ অবস্থায় কার্যকর সংসদের জন্য টিআইবি যেসব সুপারিশ করেছে, তার অন্যতম হলো সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে ‘ফ্লোর ক্রসিংয়ের’ সুযোগ করে দেওয়া। সরকারের প্রতি অনাস্থা ও বাজেট অনুমোদন ছাড়া অন্যান্য ক্ষেত্রে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকার যেন থাকে। তাহলে হয়তো কার্যকর বিরোধী দলের অনুপস্থিতিতে বিদ্যমান সংসদ গা ঝাড়া দিয়ে উঠবে।