সংসদে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী যখন সংসদে বক্তব্য দেন, তখন দেশবাসী তাঁর কাছ থেকে আশাব্যঞ্জক ও দিকনির্দেশনামূলকই কিছু শুনতে চায়। বর্তমান অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতিতে এটা খুবই প্রত্যাশিত ছিল। কিন্তু গত শনিবার সংসদ নেতা শেখ হাসিনা বাজেট আলোচনায় যে বক্তব্য দিলেন, তাতে সংকট সমাধানের দিকনির্দেশনা আছে বলা যাবে না। প্রধানমন্ত্রী নানা ইস্যুতে বিরোধী দলের কঠোর সমালোচনা করলেন ঠিকই, কিন্তু আত্মসমালোচনার কথা শোনা গেল না। 
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছেন, অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশের মতো একই প্রক্রিয়ায় বাংলাদেশেও নির্বাচন হবে। এ প্রসঙ্গে তিনি তাঁর সরকারের অধীনে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি তুলে ধরেছেন। অর্থাৎ বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি যে সরকার মানতে রাজি নয়, সেটা তিনি স্পষ্ট করেছেন। অন্যদিকে বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অটল। এই সংকট সমাধানের পথ কী? প্রধানমন্ত্রীর ভাষণে এ ব্যাপারে দিকনির্দেশনা বা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ বেছে নেওয়ার ইঙ্গিত থাকবে বলে সবাই আশা করেছিল। কারণ, এ ব্যাপারে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে নির্বাচনই অনিশ্চিত হয়ে পড়বে এবং রাজপথে সংঘাত-সংঘর্ষ বাড়বে।
প্রধানমন্ত্রী হল-মার্ক, ডেসটিনি, শেয়ার কেলেঙ্কারির জন্য বিরোধী দলকে দায়ী করেছেন। এসব কেলেঙ্কারির হোতারা যদি হাওয়া ভবনের লোক হয়ে থাকেন, তবে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা হয় কীভাবে আর সরকারের আনুকূল্যই বা তাঁরা পেলেন কীভাবে! শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত বিএনপি-সংশ্লিষ্ট দুজনের নাম প্রধানমন্ত্রী উল্লেখ করলেন, কিন্তু তদন্ত কমিটির রিপোর্টে আরও যাঁদের নাম এসেছিল, সেই নামগুলো বাদ গেল কেন? তাঁরা আওয়ামী লীগের সঙ্গে জড়িত বলে? আর বিএনপির ঘনিষ্ঠ লোকজনকে ধরলেই যদি শেয়ারবাজারের টাকার খোঁজ পাওয়া যায়, তবে তাঁদের ধরা হচ্ছে না কেন?
পদ্মা সেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বা দুর্নীতির ষড়যন্ত্রের কথা আবারও অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের বিষয়টি আর লুকানো বিষয় নয়। দুর্নীতির ষড়যন্ত্রের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিশ্বব্যাংক এই প্রকল্প থেকে সরে গেছে, কানাডার আদালতে এ নিয়ে মামলা হয়েছে, আর যোগাযোগমন্ত্রীকেও সরকার তাঁর পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। জনগণের কাছে এটা পরিষ্কার যে ব্যক্তিবিশেষকে বাঁচাতে সরকার এতটাই মরিয়া যে এ জন্য পদ্মা সেতুর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতেও দ্বিধা করেনি।
সরকার তার মেয়াদের শেষ পর্যায়ে এসেছে। ভোটের জন্য আগামী নির্বাচনে আবার তাদের জনগণের মুখোমুখি হতে হবে। এটা ভুলত্রুটি স্বীকার ও আত্মসমালোচনারও সময়। দুঃখজনকভাবে প্রধানমন্ত্রীর ভাষণে এর ছিটেফোঁটাও ছিল না।