সংসদে 'ক্রসফায়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্রসফায়ার তো ধারাবাহিক গল্প বলার প্রতিযোগিতা, তার একটা প্রাইজ তো আমাদেরও পেতে হবে।’
জুলফিকার মতিন, ‘একটি জাতীয় মহাকাব্য’।
ওয়েবস্টারস নিউ কলেজিয়েট ডিকশনারিতে ক্রসফায়ারের তিনটি অর্থ দেওয়া হয়েছে: দুই বা ততোধিক দিক থেকে গুলি ছোড়া, যেখানে গুলির রেখাগুলো পরস্পরকে অতিক্রম করে; এমন একটি অবস্থা যেখানে বিরোধী পক্ষগুলো একে অপরের মুখোমুখি হয় অথবা একে অপরকে অতিক্রম করে; এবং উত্তেজিত, তীব্র কথা-কাটাকাটি।
জুলফিকার মতিনের কবিতায় প্রথম ক্রসফায়ারের কথা আছে, যাতে র‌্যাব-পুলিশের অতর্কিত অভিযানে ‘আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা’ প্রথমে গুলি ছোড়ে এবং পরে হয় নিজেদের, নয় র‌্যাব-পুলিশের গুলিতে মারা পড়ে। এই ক্রসফায়ারের গল্প আমাদের খুবই পরিচিত। সরকার আসে, সরকার যায়, কিন্তু গল্পটি আর ফুরোয় না।
তবে এই লেখা আমাদের অপরাধ-ডিসকোর্সের পরিচিত এই প্রসঙ্গ নিয়ে নয় বরং এক ভিন্ন ক্রসফায়ার তথা কথা-সন্ত্রাস নিয়ে, যাতে ওয়েবস্টারের দ্বিতীয় ও তৃতীয় অর্থের ঘনিষ্ঠ প্রতিফলন রয়েছে। এবং এর ক্ষেত্রটি হচ্ছে আমাদের রাজনীতি। এ দেশে রাজনীতি ও সন্ত্রাস, বহুদিন থেকে মোটামুটি এক মুদ্রার দুই পিঠ, যদিও স্থান-কাল-পাত্রের ওপর নির্ভর করে সন্ত্রাসের মাত্রার কম-বেশি হয়। এ কথাও স্বীকার করে নিতে হয় যে, সন্ত্রাস থেকে অনেক রাজনীতিবিদই নিজেদের দূরে সরিয়ে রাখেন বা রাখতে পেরেছেন। কিন্তু সন্ত্রাস তো শুধু মারদাঙ্গার ব্যাপার নয়, শুধু জ্বালাও-পোড়াওয়ের ব্যাপার নয়। আরেকবার অভিধানের কাছে গেলে অভিধানও আমাদের জানাবে, সন্ত্রাস শব্দের অর্থ ‘অতিশয় ভয়’। আগে, আশির দশকে, স্বৈরশাসনের বিরুদ্ধে যখন হরতাল হতো, হরতালের আগের দিন সন্ধ্যায় মশাল মিছিল হতো। মানুষের দৈনন্দিন কাজে ওই মিছিল বা অন্য কোনো তৎপরতা আগের দিন থেকেই বিঘ্ন ঘটাত না। যে মশাল জ্বলত, সেটি ছিল রাজনীতির পথকে আলোকিত করার, মানুষকে ভয় দেখানোর নয়। এখন হরতাল ডাকা হলে হরতালের আগের বা তার আগের দিন থেকেই সন্ত্রাস শুরু হয়ে যায়। এখনো মশাল জ্বলে, তবে সেই মশাল হয় যাত্রীভর্তি বাস, প্রাইভেট কার অথবা সিএনজিচালিত স্কুটার। আগুনে মানুষ পুড়ে মরে। আর যারা তাদের মারে, তারা হিংস্র হয়ে আরও শিকার খোঁজে; যেহেতু একটি মৃত্যুর, একটি হত্যারও বিচার হয় না।
পুড়তে থাকা বাসের মশাল যে পথ আমাদের দেখায়, তার শেষে আছে এক বিশাল অগ্নিকুণ্ড, যেখানে একদিন পুরো জাতিকে হয়তো লাফ দিতে হবে। সন্ত্রাসের অনেক রূপ। সম্প্রতি চার সিটি করপোরেশনে নির্বাচন হলো। কাগজে দেখলাম, সিলেটে নিম্ন আয়ের অনেক মানুষকে ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি। এটি সন্ত্রাস, এক মন্ত্রীর অপেক্ষায় স্কুলের অনেক ছাত্রী ও তাদের অভিভাবকেরা ঘণ্টার পর ঘণ্টা গ্রীষ্মের দাবদাহে পুড়ল। এটিও সন্ত্রাস। যে সরকারি কর্মকর্তা তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন এবং করতে গিয়ে কিছু লোকের বিরাগভাজন হয়েছেন, সরকার বদল হলে তাঁকে দেখে নেওয়ার হুমকিও সন্ত্রাস। বাংলাদেশে যাদের টাকাপয়সা আছে, রাজনীতির জোর আছে, পিঠে গুরুত্বপূর্ণ মামা-খালুর একটা হাত আছে, এদের ছাড়া বাকিদের জীবনে এমন অনেক সন্ত্রাসের ঘটনা নিত্যদিনের সঙ্গী।
এত সন্ত্রাসের ভিড়ে এখন নতুন মাত্রায়, নতুন চমকে হাজির হয়েছে কথার ক্রসফায়ার। এই সন্ত্রাস রাজনীতির মাঠে সব সময় ছিল, ইদানীং এর বিস্তার বেড়েছে, এর প্রকোপ এখন মিডিয়াতে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের জাতীয় সংসদেও। সম্প্রতি দু-একটি পত্রিকা এমন একটা উগ্র অবস্থানে চলে যায় যে, মানুষকে ধ্বংসাত্মক কাজে উসকে দিতেও তারা পিছপা হয়নি। অবাক হয়ে দেখলাম, এসব পত্রিকায় যাকে-তাকে, যখন-তখন নানান অপবাদ দেওয়া হচ্ছে, কাউকে পছন্দ না হলেই তার নামের পাশে একটা জুতসই তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে।
আমেরিকায় পঞ্চাশের দশকে যে রকম কাউকে অপদস্থ ও নাজেহাল করার জন্য ‘কমিউনিস্ট’ বলে গালি দেওয়া হতো এবং রক্ষণশীল পত্রপত্রিকাগুলো তার চর্চা করত, এ দেশেও এই ২০১৩ সালে, কে বিশ্বাসী আর কে অবিশ্বাসী অনায়াসে এ রকম একটি রায় দিয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলার ‘অধিকার’ কোনো কোনো কাগজ হাতিয়ে নিল। আমাদের টিভির টক শোগুলোতে মাঝেমধ্যে কথার সন্ত্রাস পর্দা কাঁপায়, কাঁপায় দুর্বল মানুষের বুকও। কোনো নেতা বা নেত্রীকে পছন্দ না হলেই তাঁকে আক্রমণ করা হয়, এমনকি ব্যক্তিগত আক্রমণও কিছু কিছু টক শোজীবী করে থাকে—এটাও কথা-সন্ত্রাস।
তবে এসব কিছু ছাপিয়ে সামনে চলে এসেছে আমাদের জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের কিছু সাংসদের কথা-সন্ত্রাস, ওয়েবস্টারের তৃতীয় অর্থে যা ক্রসফায়ারের শামিল।
সৌভাগ্যের ব্যাপার, এ রকম ক্রসফায়ার খুব বেশি দেখা যায় না, যেহেতু বিরোধীরা সংসদে আসেন কালেভদ্রে, বিশেষ করে যখন আসন হারানোর শঙ্কাটা সামনে চলে আসে। এবার অবশ্য বিএনপির সাংসদেরা আসন রাখার জন্য হাজিরার বাধ্যবাধকতার পরও বেশ নিয়মিত সংসদে থাকছেন। এ জন্য তাঁরা ধন্যবাদ পেতে পারেন, যদিও ঠিক এ কাজটি করার জন্যই তো শতকোটি টাকার নির্বাচনে তাঁরা মানুষের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার পরও তাঁদের অভিনন্দন। এই অধিবেশন বাজেট অধিবেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিরোধী সাংসদদের অংশগ্রহণে প্রাণবন্ত হবে, ফলপ্রসূ হবে, এ রকম আশা করেছিল মানুষ। অনেক পত্রপত্রিকা সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে সংসদের এই অধিবেশন যে বাংলাদেশের রাজনীতিতে ‘একটি গুণগত পরিবর্তন আনবে’ এমন আশাবাদও ব্যক্ত করেছিল।
তবে সংবাদপত্র ও সমাজের আশার গুড়ে বালি ফেলে বরং এই অধিবেশন ভিন্ন একটি পরিবর্তনের ইঙ্গিত ছিল। এবং তা হচ্ছে এখন সংসদেও চলবে কথার ক্রসফায়ার। বিরোধী রাজনীতি দুই দশক ধরে সংসদের পরিবর্তে রাজপথকে বেছে নিয়ে যে রাজপথের গালিগালাজ, খিস্তিখেউড় এবং উগ্র আচরণ রপ্ত করে নিয়েছে—বস্তুত তার শরীরের প্রতি রোমকূপে ঢুকিয়ে দিয়েছে—এখন জাতীয় সংসদে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। এবং পথের ভাষা যত বেশি উচ্চারিত হচ্ছে কিছু বিরোধী সাংসদের মুখে, তত সরকারদলীয় কিছু সাংসদও তার চর্চা করছেন। এক বিরোধী সাংসদ যদি এমন শব্দ উচ্চারণ করেন, যা সভ্য সমাজে উচ্চারণ করাটাই গর্হিত; এক সরকারি সাংসদও যেন তাঁর সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টায় লেগে যান। বিরোধী সাংসদ সরকারকে আক্রমণ করতে গিয়ে যেখানে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর বাবা অর্থাৎ এই জাতির জনক এবং তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনকে অত্যন্ত অমার্জিত ও অমার্জনীয় ভাষা ব্যবহার করেন, তখন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তো ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। এর পাল্টা হিসেবে বিরোধী নেত্রী ও তাঁর বাবা-মাকে অত্যন্ত অমার্জিত ও অমার্জনীয় ভাষায় আক্রমণ করা হয়েছে। জাতীয় সংসদের অধিবেশন একটি সরকারি টিভি চ্যানেলে সরাসরি প্রচারিত হয়। ফলে একটি পত্রিকার ভাষায়, ‘অশোভন, কুৎসিত ও নোংরা’ এসব ভাষা শুনে শ্রোতারা কানে হাত দিচ্ছেন। চ্যানেলটি একটি মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল এবং তা ছিল দেশের ‘আপামর’ জনসাধারণকে সংসদের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা। ‘আপামর’ কথাটায় আমার আপত্তি থাকলেও উদ্দেশ্যের মহার্ঘতা সম্পর্কে আমার দ্বিমত নেই। কিন্তু এখন মনে হচ্ছে, এই চ্যানেলে সংসদ অধিবেশন না দেখিয়ে বাংলা ছায়াছবি—যেমন ছেলে কেন মাস্তান অথবা গায়ের বধূ—দেখানো যেতে পারে। এসব ছবিতে ভালো কিছু শেখার থাকলেও থাকতে পারে।
এই ভাষা-সন্ত্রাস, এই ক্রসফায়ার চলছে বেশ কিছুদিন ধরে। এবং যখন কোনো কোনো বিরোধী ও সরকারি সাংসদ এটি চালিয়ে যান, তাঁদের সহকর্মীরা টেবিল চাপড়ে তাঁর প্রতি সমর্থন দেন। কিন্তু তাঁরা খেয়াল করেন না—অথবা সেই সময় বা ইচ্ছা তাঁদের নেই—যে এই ক্রসফায়ারে মারা পড়ছে আমাদের সংসদীয় গণতন্ত্র, সংসদের কার্যপ্রণালি বিধির ২৭০ ধারা, সংসদের কার্যপ্রণালি, সংসদীয় আচরণ; মারা পড়ছে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, রুচি, শিক্ষা এবং জাতি হিসেবে আমাদের গর্ব। একটা পত্রিকায় পড়লাম, বিরোধীরা ওয়াকআউট করার সময় বঙ্গবন্ধু সম্বন্ধে কটু কথা বলছিলেন। যাঁকে ১৯৭২ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বনামে লেখা একটি প্রবন্ধে জাতির পিতা সম্বোধন করে শ্রদ্ধা জানিয়েছিলেন, তাঁকে নিয়ে কটু কথা বলে তাঁর অনুসারীরা তাঁকেই প্রকারান্তরে অস্বীকার করলেন। আরেক কাগজ লিখেছে, ওয়াকআউট করে বেরিয়ে যাওয়ার সময় কেউ কেউ ‘হরে কৃষ্ণ হরে রাম’ বলেছেন। কেন বলেছেন, আমার পক্ষে সেই রহস্য উন্মোচন করা সম্ভব নয়। তবে খালি চোখে যা ধরা পড়ল, তা এক ভয়ানক সাম্প্রদায়িক মনোবৃত্তির বহিঃপ্রকাশ। এসব সংবাদ যদি মিথ্যা হয়, তবে সবচেয়ে আনন্দিত হব আমি।
কথার ক্রসফায়ারে গণতন্ত্র, ভাষা, রুচিকে যাঁরা হত্যা করছেন, অবাক কাণ্ড, তাঁরা প্রায় সবাই নারী সাংসদ। জীবনের সব ক্ষেত্রে জেন্ডার বিভাজনটি যাতে অপ্রয়োজনীয় হয়ে পড়ে, সেই চেষ্টা আমরা জাতি হিসেবে করছি। এবং আরও চেষ্টা করছি, ‘নারী-ভাষা’ হিসেবে সমাজ যে ক্ষুদ্র অভিজ্ঞতা, ক্ষুদ্র গণ্ডির ভাষা আমাদের নারীদের ওপর চাপিয়ে দিয়েছিল, তা থেকে বেরিয়ে এসে ভাষিক-বৈষম্য দূর করতে। সেটি সম্ভব যত বেশি সংখ্যায় আমাদের নারীরা বিভিন্ন পেশায় আসবেন, বাইরের দুনিয়ায় পা রাখবেন, তত তাড়াতাড়ি। পুরুষেরা যেসব বিশেষায়িত পেশায় আছেন, তার সব কটিতে নারীরা ব্যাপক সংখ্যায় ঢুকলে, জ্ঞান-বিজ্ঞানের সব অঞ্চলে তাঁদের অধিকার প্রতিষ্ঠা হলে নারীর ভাষা আর পুরুষের ভাষার সমাজ-আরোপিত ব্যবধান ঘুচবে।
কিন্তু পুরুষ ভাষার অমার্জিত প্রয়োগটা আত্মস্থ করলে নারীর ভাষিক ক্ষমতায়ন হয়েছে ধরে নেওয়াটা ভুল হবে, ভাষিক ক্ষমতায়ন তখনই হয় এবং নারী-পুরুষ নির্বিচারেই হয়, যখন ভাষার পেছনে জ্ঞানের ঐতিহ্য থাকে, সংস্কৃতির উত্তরাধিকার থাকে এবং তা জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে অনর্গল বর্ণনা করতে পারে। সেই ভাষার শক্তি ও তীব্রতা থাকে, কিন্তু একই সঙ্গে আকর্ষণ ও মাধুর্যও থাকে।
আমাদের সংসদে কথার যে ক্রসফায়ার চলছে, তা বন্ধ করতে হবে এবং বিশ্বাস করতে হবে অত্যন্ত শালীন ও মনোগ্রাহী ভাষায়, কৌতুক, আয়রনি ও বুদ্ধিদীপ্ত প্রকাশের মধ্য দিয়েও এই উদ্দেশ্য পূরণ করা যায়। যেদিন এ ভাষার চর্চা হবে আমাদের সংসদে, আমি সংসদ চ্যানেল খুলে বসে থাকব সংসদের কার্যক্রম দেখা ও শোনার জন্য।
সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।