সক্রিয় 'আনসারুল্লাহ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসারুল্লাহ বাংলা টিম নামের একটি উগ্র জঙ্গিবাদী সংগঠনের তৎপরতা নিয়ে প্রথম আলোয় একটি খবর বেরিয়েছিল গত মার্চে। এর ঠিক পাঁচ মাস পর আটক হলো এই সংগঠনের প্রধান হিসেবে পরিচিত জসীমউদ্দিন রাহমানী ও তাঁর ৩০ সহযোগী। সরকারের কঠোর অবস্থান সত্ত্বেও এ ধরনের সংগঠনগুলোর তৎপরতা যে একেবারে বন্ধ করা যায়নি, এ ঘটনায় সেটিই আবার প্রমাণিত হলো। কোনো নাশকতা ঘটানোর আগেই আনসারুল্লাহ বাংলা টিমের নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনা যেমন স্বস্তিদায়ক, তেমনি তাদের সরব উপস্থিতি উদ্বেগজনকও বটে।
প্রথম আলোর প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, এই ‘আনসারুল্লাহ বাংলা টিম’ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি ও হরকাতুল জিহাদের চেয়েও উগ্রবাদী এবং আন্তর্জাতিক সন্ত্রাসের সঙ্গে জড়িত আল-কায়েদার মতাদর্শের অনুসারী। জেএমবি ও হরকাতুল জিহাদের উগ্র কর্মকাণ্ড সম্পর্কে এ দেশের মানুষের তিক্ত ও রক্তাক্ত অভিজ্ঞতা রয়েছে। ধারণা করা গিয়েছিল, সংগঠন দুটি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, উগ্রবাদীরা ভিন্ন ভিন্ন নামে সংগঠিত হচ্ছে। তাই, বাংলাদেশ জঙ্গিমুক্ত হয়েছে—এ ধরনের আত্মতৃপ্তির সুযোগ নেই। এদের বিরুদ্ধে সার্বক্ষণিক সতর্ক থাকা ও নিবিড় নজরদারির বিকল্প নেই।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন মত ও পথের মানুষ থাকবে, তারা নিজ নিজ মত প্রচার করবে কিন্তু ধর্মের নামে হিংসা-দ্বেষ ছড়ানো বা কাউকে ‘কতল’ বা ‘হত্যা’র আহ্বান জানানো কেবল বেআইনি নয়, সভ্যতাবিরোধীও। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীমউদ্দিন ও তাঁর অনুসারীরা সেই কাজটিই করেছেন। আইনের দৃষ্টিতে এটি গুরুতর অপরাধ। গত সোমবার দুপুরে বরগুনা শহরের উপকণ্ঠ থেকে যখন তাঁকে গ্রেপ্তার করা হয়, তখন তিনি অনুসারীদের সঙ্গে বৈঠক করছিলেন। পুলিশের সূত্রেও এটা বলা হয়েছে, তিনি একজন উগ্রপন্থী নেতা এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা আশা করব, যথাযথ জিজ্ঞাসাবাদ ও তদন্তের মধ্য দিয়ে এই সংগঠনের কর্মতৎপরতা, এর পেছনের শক্তি বা কোনো আন্তর্জাতিক গোষ্ঠী এর সঙ্গে জড়িত রয়েছে কি না, তা বের হয়ে আসবে। আর এসব উগ্রবাদী গোষ্ঠীর অর্থের জোগান আসে কোথা থেকে, সেটা বের করাও জরুরি। অর্থের জোগান রহিত করা গেলে এদের তৎপরতা বন্ধ করা অনেক সহজ হবে।
জেএমবি বা হরকাতুল জিহাদের মতো উগ্রবাদী সংগঠনগুলো অতীতে অনেক অঘটন ঘটালেও দেশের সাধারণ মানুষ তাদের বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। কেননা তারা ধর্মপ্রাণ হলেও কোনো ধরনের উগ্রবাদ ও জঙ্গি তৎপরতা সমর্থন করে না। সরকারের রাজনৈতিক অঙ্গীকার অটুট থাকলে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকলে এসব অপশক্তি কখনো সুবিধা করতে পারবে না।
এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা জসীমউদ্দিনকে দীর্ঘদিন ধরে নজরদারির মধ্যে রেখেছে বলেই তাঁকে আটক করা সম্ভব হয়েছে। আমরা আশা করব, যথাযথ তদন্তের মাধ্যমে এঁদের চরিত্র উন্মোচিত হবে এবং এসব অপতৎপরতা রোধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।