সরকার বদলায় কিন্তু প্রজাতন্ত্রের প্রশাসনিক কাঠামোর ধারাবাহিকতা অব্যাহত থাকে। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব লাগাতারভাবেই পালন করে যেতে হয়। রাজনীতিবিদেরা এটা বুঝতে চান না। তাঁরা সরকারে এসেই প্রথমে সরকারি কর্মকর্তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেন। পূর্ববর্তী সরকারের আমলের কিছু কর্মকর্তাকে দলীয় পরিচয়ের লেবেল এঁটে দিয়ে বসিয়ে রাখেন। প্রশাসনে এঁরা ‘ওএসডি’ বা বিশেষ দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা নামে পরিচিত। প্রতিবারই সরকার বদলের সঙ্গে সঙ্গে একদল কর্মকর্তা ওএসডি হয়ে যান আর পূর্ববর্তী সরকারের আমলের ওএসডিরা উচ্চতর দায়িত্বে নিয়োজিত হন। জনপ্রশাসনের এ দুরারোগ্য রোগটি দূর করা না গেলে জনপ্রশাসন নির্ভয়েকাজ করতে পারবে না।
এ ধরনের দলীয়করণের ফলে অনেক সময় নিরীহ ও মেধাবী কর্মকর্তারা পরিস্থিতির শিকারে পরিণত হন। সাতে-পাঁচে না থাকলেও স্বার্থান্বেষী মহল তাঁদের গায়ে বিশেষ দলের রং জুড়ে দিয়ে কোণঠাসা করে রাখে। ওএসডি কর্মকর্তাদের মধ্যে এ রকম দক্ষ ও নিরীহ কর্মকর্তার সংখ্যা কম নয়।
বর্তমানে ওএসডি কর্মকর্তার সংখ্যা এক হাজারের বেশি। তাঁরা এখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে প্রথম আলোয় প্রকাশিত খবরে জানা গেছে। এতে প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এটা দলীয়করণ-চেষ্টার পরিণতি।
বিসিএস পরীক্ষার মাধ্যমে মেধাবী কর্মকর্তারাই নিয়োগ পান। যাচাই-বাছাইও কম হয় না। সেখানে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা থাকার কথা নয়। কিন্তু এ পরীক্ষা-প্রক্রিয়ায়ও গলদ রয়ে গেছে। অনেক সময় সরকারি চাকরিতে নিয়োগের সময় থেকেই দলীয় লোকদের প্রাধান্য দেওয়ার চেষ্টা দেখা যায়। এটা আইনের সম্পূর্ণ পরিপন্থী। আর বাস্তবতা হলো নিয়োগ-প্রক্রিয়া থেকেই দলীয়করণের শুরু। যদিও খুব কমসংখ্যক কর্মকর্তাই এ ধরনের অনিয়মের সুযোগ পান, কিন্তু এর পরিণাম ভোগ করতে হয় অন্যদেরও। নতুন সরকার এসে সবাইকে সন্দেহের চোখে দেখে এবং আবার জোরেশোরে তাদের দলীয় সমর্থকদের চাকরিতে নিয়োগ দিতে তৎপর হয়।
জনপ্র্রশাসনে এ অসুস্থ ধারা ভাঙতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা সরকারেরই কর্তব্য। তা না হলে প্রজাতন্ত্রের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে না।