প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কথা প্রায় সব মহল থেকে হামেশা উচ্চারিত হয়। অথচ এই দুর্নীতি যে কারা করেন, তা যেন কিছুই চিহ্নিত করা যায় না। বরং মনে হয় এসব বুঝি ভিনগ্রহের প্রাণীকুলের কাণ্ড, খামোখা নাম পড়ে আমলা ও রাজনীতিকদের। তা না হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) কেন এঁদের, বিশেষ করে উচ্চপদস্থ ব্যক্তিদের টিকিটি ছুঁতে পারে না।
বাংলাদেশ সচিবালয়ে কর্মরত একজন পূর্ণাঙ্গ সচিবের বিরুদ্ধে দুদকের তিনটি মামলা দায়েরের ঘটনা শুধু বিরল বললেও কম বলা হবে। অভিযুক্ত সচিব খোন্দকার শওকত হোসেন তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত তদন্তকে স্বাগত জানাতে অপারগ থেকেছেন। তাঁর প্রাথমিক প্রতিক্রিয়ায় আমরা মোটেই বিস্মিত হইনি। কারণ, দেশে দুর্নীতির সংস্কৃতি গড়ে উঠেছে। এর মূল কথা হলো একজনের অপরাধকে অন্যের অতীত অপরাধের নজির দেখিয়ে জায়েজ করার চেষ্টা করা। উল্লিখিত সচিব বলেছেন, ‘অন্য সবাইকে বাদ দিয়ে শুধু আমাকে কেন আসামি করা হলো?’ এই বক্তব্য অগ্রহণযোগ্য।
বরং এর আপাতগ্রাহ্য উত্তর হলো ২২ এপ্রিল মতিঝিল থানায় তাঁর বিরুদ্ধে দুদকের দায়ের করা তিনটি এজাহার। নিজের নামে তিন কাঠার প্লট পাঁচ কাঠায় উন্নীত করে দুই কাঠা বিক্রি, অতঃপর পুনরায় একই জমি ডেভেলপারকে পাঁচ কাঠা হিসেবেই বুঝিয়ে দেওয়া, স্ত্রীর নামে সাড়ে সাত কাঠার প্লটকে সাড়ে ১২ কাঠায় উন্নীত করা এবং তাঁর মায়ের নামে তিন কাঠার প্লটকে পাঁচ কাঠায় বৃদ্ধি করা। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সুনির্দিষ্ট। প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, অন্যদের ক্ষেত্রে দুদকের নীরব থাকার কারণ কী?
বলা হয়ে থাকে দুদক ও তার আগে দুর্নীতি দমন ব্যুরো রাজনীতিবিদদের নিয়ে যতটুকু টানাহেঁচড়া করতে পেরেছে, সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে তা-ও করতে পারেনি। সরকারের পূর্বানুমোদন নিয়ে মামলা দায়ের করতে দুদকের এখতিয়ার সীমিত করার মধ্যেও আমলাদের বাঁচানোর চেষ্টাই চোখে পড়ে।
রাজউকের দুর্নীতির নিয়ে নানা রূপকল্প রয়েছে। জনমনে এই বিশ্বাস প্রবল যে ঢাকা শহরের প্লটসংক্রান্ত দুর্নীতির দায়ে কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার দণ্ডিত হওয়ার নজির স্থাপন করা মোটেই সহজ কথা হবে না। ১/১১-তে বহুল আলোচিত ১৮ বাড়ি মামলায় বিএনপির নেতাসহ চার সচিব অভিযুক্ত হলেও বিচারকার্য আজও অধরা। আলোচ্য মামলায় দুদক অপর ১৭ পদাধিকারীর নামেও মামলার সুপারিশ করেছিল। সুতরাং ধারণা করা চলে, এই দুর্নীতিসংশ্লিষ্ট ব্যক্তিদের ডালপালা শক্ত মাটির গভীরে পতিত। আর এটা প্রতিপক্ষের আমলে ঘটেছিল বলেই কি কর্মরত সচিবের বিরুদ্ধে দুদক মামলা করার সাহস দেখাল?
দুদক এ ক্ষেত্রে যত দূর অগ্রসর হয়েছে, তা যেন থমকে না যায়। অবিলম্বে এ মামলার নিষ্পত্তি হোক। জনগণ অন্তত একটি দৃষ্টান্তমূলক বিচারকার্য প্রত্যক্ষ করুক। কোনো দুর্নীতিগ্রস্ত সচিবের শাস্তি যে এই ভূখণ্ডে সম্ভব, সেটাই প্রমাণিত হোক।