সড়ক উন্নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বামন আলী গ্রামটি যশোরের ঝিকরগাছা উপজেলা সদর দপ্তর থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত। এ গ্রামে স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বাজার আছে। স্কুলমাঠকে কেন্দ্র করে গ্রামটি সারা বছর খেলাধুলায় মেতে থাকে। 
মূলত জমজমাট গ্রাম বলতে যা বোঝায় তার সব গুণাবলি এ গ্রামে আছে। শিক্ষিতের হারও আশপাশের গ্রামের তুলনায় বেশি। মানুষগুলো খুবই আন্তরিক, একে অপরের সুখ-দুঃখের ভাগীদার। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা আছে কিন্তু কোনো সংঘাত নেই।
এ গ্রামের এক পাশ দিয়ে চলে গেছে যশোর-বেনাপোল মহাসড়ক, অন্য প্রান্ত দিয়ে চলে গেছে ঝিকরগাছা-বাকড়া সড়ক। স্বাধীনতার পর থেকে এ এলাকার মানুষজন অনেক উন্নতি দেখছে, বিশেষ করে আশপাশের এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে।
একসময় যে এলাকার লোকজন বৃষ্টিতে ভিজে ও গায়ে কাদা লাগিয়ে পায়ে হেঁটে দূরদূরান্ত থেকে ঝিকরগাছায় আসতেন, সে এলাকার লোকজন এখন পাকা রাস্তায় বাস, মোটরসাইকেল, নছিমন, করিমন, অটোবাইক ইত্যাদিতে চলাচল করে। ব্যতিক্রম শুধু আমাদের গ্রামটি। ঝিকরগাছা উপজেলা শহরের এত কাছাকাছি হওয়ার পরও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে উপজেলা সদরের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এ গ্রামের লোকজন। এটা মোটেই কাম্য নয়। আমরাও এসব সুবিধা ভোগ করতে চাই।
দুই কিলোমিটার মাটির সড়ক পাড়ি দিয়ে উপজেলা শহরের সংযোগ সড়কে উঠতে হয়। বিশেষ করে, বর্ষার সময় কাঁধে করে রোগীদের হাসপাতালে নিতে হয়, অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে মেয়েদের শিক্ষার হার কমে যাচ্ছে।
এ এলাকার দুরবস্থা সম্বন্ধে হয়তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর পুরোপুরি অবগত নয়, সে কারণে অবহেলিত।
তাই এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের জন্য যশোর-বেনাপোল মহাসড়ক অথবা ঝিকরগাছা-বাকড়া সড়কের সঙ্গে মাত্র দুই কিলোমিটার পাকা সংযোগ সড়ক নির্মাণ করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর ও মাননীয় মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
ড. শেখ মকছেদুর রহমান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।