সামনে ঈদ। ঈদ মানে আনন্দ। কিন্তু এ সময় আনন্দের সঙ্গে সঙ্গে একটু সতর্ক থাকুন। ঈদ উপলক্ষে স্বাভাবিকভাবেই মানুষের হাতে টাকাপয়সা একটু বেশি থাকে। আর এ টাকার লোভেই চোর, ডাকাত, ছিনতাইকারী, অজ্ঞান পার্টিসহ বিভিন্ন অপরাধী চক্র মাথাচাড়া দিয়ে ওঠে এবং ব্যাপকভাবে অপরাধ কম সংঘটিত করে। ঈদ উপলক্ষে যাঁরা টাকার লেনদেন বাড়িয়ে দিচ্ছেন তাঁদের বলছি, আপনারা সব সময় সতর্কাবস্থায় থাকবেন। বেশি টাকা বহনে কখনো একা বের হবেন না। নির্জন রাস্তা এড়িয়ে চলুন, কেউ আপনাকে অনুসরণ করলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। মনে রাখবেন, অপরাধীরা অপরাধকর্ম সংঘটিত করতে খুন করতেও দ্বিধা করেন না। কাজেই সব সময় নিরাপদে চলাফেরা করুন।
ঈদের সময় নোট জালকারীরা বাজারে প্রচুর জাল নোট ছড়ায়। প্রতারণার হাত থেকে বাঁচতে আসল নোট কীভাবে শনাক্ত করা যায়, তা ভালোভাবে আয়ত্ত করুন। ঈদের সময় অজ্ঞান পার্টির তৎপরতা ব্যাপকভাবে বেড়ে যায়। বাস, ট্রেন অথবা লঞ্চে অপরিচিত কারও দেওয়া কিছু খাবেন না। আপনার একটু অসচেতনতার কারণে আপনার সর্বস্ব এমনকি জীবনও হারাতে পারেন। ঈদে যাঁরা বাড়ি যাবেন, তাঁরা অবশ্যই নিজ নিজ বাসায় নিরাপত্তা জোরদার করে যাবেন এবং অবশ্যই বাস, ট্রেন বা লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না।
ঈদে যাঁরা ঢাকায় অবস্থান করবেন, তাঁরাও সতর্ক থাকবেন। কেননা, এ সময় ঢাকার লোকসংখ্যা কম থাকে বিধায় চোর-ডাকাতেরা বেশি তৎপর থাকে। হাতের কাছে সব সময় নিকটস্থ থানার টেলিফোন নম্বর রাখুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে অপরাধ ঠেকানো বা নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। মনে রাখবেন, আপনার সতর্কতাই আপনার নিরাপত্তা। কাজেই সব সময় সতর্কাবস্থায় থাকুন এবং নিজের ও কষ্টার্জিত অর্থসম্পদের নিরাপত্তা নিশ্চিত করুন।
মাকসুদুল হাসান
দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।