বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শিশু। চঞ্চলতায় ভরা। ছিল দুরন্তপনা। এ বয়সে যা হয়। পড়ালেখার ফাঁকে একটু আনন্দে। একটু বিনোদন চাই। এ জন্য পা বেরিয়েছিল আনন্দ ভ্রমণে। সহপাঠী, শিক্ষক, অভিভাবক মিলে সংখ্যা শ ছাড়িয়ে। দিনটি ছিল শনিবার। ১৫ ফেব্রুয়ারি। ভ্রমণের গন্তব্য মুজিবনগর, মেহেরপুর। ঐতিহাসিক জায়গা। দেশের প্রথম রাজধানী। প্রথম সরকারের শপথ অনুষ্ঠান হয়েছিল এখানে। দিনে দিনে স্থানটি দর্শনীয় হয়ে ওঠে। দর্শনার্থী ভিড় করে প্রতিদিন। নানা প্রান্ত, নানা প্রতিষ্ঠান থেকে। সেই ভিড়ে অংশ নেয় বেনাপোলের খুদে শিক্ষার্থীরা আনন্দে, উল্লাসেই উপভোগ করে স্থানটি। সবকিছুই ঠিক ছিল। বেলা পড়ে আসে। আবার ফিরতি যাত্রা। সবাই হইহুল্লোড় করে গাড়িতে উঠে পড়ে। শুরু হয় ঘরমুখো যাত্রা। দেখতে দেখতে গাড়ি পৌঁছে চৌগাছা সীমানায়। গোধূলি পেরিয়ে সন্ধ্যা। আকাশে ঘনঘটা মেঘ। টিপ টিপ বৃষ্টি পড়ছে। পিচ্ছিল হয়ে গেছে রাস্তা। হঠাৎ কী থেকে কী হলো। বুঝে ওঠার ঠাওর নেই। গগণবিদারী চিৎকার। বাঁচার আর্তনাদ। নিমেষে আনন্দঘন গাড়িটি রূপ নেয় দুর্ঘটনায়। খবর পৌঁছে গণমাধ্যমকর্মীদের কানে। মুহূর্তে দুর্ঘটনার খবর পৌঁছে যায়। নেমে আসে মাতম দেশজুড়ে।
একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। শোকাহত স্মৃতি। একটি ঘটনা, দুর্ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে। এ দুর্ঘটনার পেছনেও তা আছে। তদন্তে হয়তো সঠিক কারণ বেরিয়ে আসবে।
সেদিন গাড়ির চালক পুরোপুর সুস্থ ছিলেন? নাকি ক্লান্ত দেহে আসনে ছিলেন? ওই রাস্তার জন্য প্রযোজ্য গতিসীমার মধ্যে গাড়ির গতি ছিল? নাকি বেশি ছিল? এ প্রশ্নগুলো খতিয়ে দেখার বিষয়।
আমিনুল হক
বেনাপোল স্থলবন্দর।