সত্যযুগ শেষে ভুয়া খবরের মড়ক
ভুয়া তথ্যের ছড়াছড়ি পৃথিবীজুড়ে এক মহাবিপত্তির সৃষ্টি করেছে। এটাকে বলা হচ্ছে ‘পোস্ট-ট্রুথ’ বা সত্যোত্তর সময়, মানে সত্য খবরের যুগ আমরা পার করে এসেছি। অক্সফোর্ড অভিধান এই ‘পোস্ট-ট্রুথ’ শব্দকে ২০১৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত করেছে। কিন্তু এই শব্দ শুধু একটি বছর নয়, বরং একটি যুগকে নির্দেশ করে, যেখানে সীমাহীন ও নিয়মনীতিহীন ভার্চ্যুয়াল যোগাযোগ ঘটে থাকে। এই যুগে প্রকৃত ঘটনা ও সাধারণ বোধকে অস্বীকার করেই রাজনীতি পরিপুষ্ট হয়। এখানে রাজনৈতিক ভেদাভেদ যতটা না মতাদর্শগত, তার চেয়ে বেশি সঠিক তথ্য ও ভুয়া তথ্যের মধ্যে।
যদিও দুই দশক ধরে ‘পোস্ট-ট্রুথ’ শব্দটি ব্যবহৃত হচ্ছে, কিন্তু বর্তমান সময়ে এর ‘জনপ্রিয়তা’ বহুগুণে বেড়েছে। অক্সফোর্ড অভিধানে ‘পোস্ট-ট্রুথ’ শব্দকে সংজ্ঞায়িত করা হয়েছে ‘এমন একটি অবস্থা যেখানে জনমত গঠনে বস্তুনিষ্ঠ তথ্যের চেয়ে আবেগ ও ব্যক্তিগত বিশ্বাস বেশি প্রভাব রাখে’। সত্যোত্তর রাজনীতির একটা বৈশিষ্ট্য সারা দুনিয়ায় একই রকম। তা হলো বস্তুনিষ্ঠ তথ্য-প্রমাণের চেয়ে আবেগ ও গাট ফিলিং বা চিন্তাহীন অনুভূতির ব্যবহার। এই যুগে ভুয়া খবর ও ষড়যন্ত্র তত্ত্ব কয়েক ঘণ্টার ব্যবধানে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে। এর ফলে একটি ‘বিকল্প সত্য’ সৃষ্টি হয়, যা দিয়ে সহজেই অপপ্রচারমূলক কর্মকাণ্ড চালানো যায়। উদার গণতন্ত্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য এই সত্যোত্তর প্রপঞ্চ নিঃসন্দেহে একটি হুমকি। এ ছাড়া আরও বড় সমস্যা তৈরি হয় ভার্চ্যুয়াল জগতে জবাবদিহির প্রশ্নে।
সম্প্রতি আমরা এও দেখছি যে ভিন্নমতের যেকোনো বিষয়কে ‘ভুয়া খবর’ বলে অভিযোগ করা। সেটা শুধু বাংলাদেশেই ঘটছে না, যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখেছি মূলধারার গণমাধ্যমের সত্য, যাচাইকৃত খবরকেও তিনি ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন। প্রেসিডেন্ট নিক্সনও ১৯৬২ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে পরাজয়ের জন্য গণমাধ্যমকে দায়ী করেছিলেন।
কিন্তু বর্তমানের সত্যোত্তর যুগে আমরা যেটা দেখছি, তা আরও ভয়ানক। কারণ, এখন যেকোনো সময়ের চেয়ে বহুমুখী যোগাযোগমাধ্যম বহুগুণে বেড়েছে। উন্মুক্তভাবে যাচাই-বাছাই ছাড়াই ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন তথ্য ছড়িয়ে দেওয়া যাচ্ছে। বস্তুত, প্রকৃত খবরের চেয়ে ভুয়া খবর বেশি ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খোলার সুবিধা থাকায় ভুয়া খবর ছড়ানো আরও সহজতর হয়েছে, যার বেশির ভাগই উদার গণতান্ত্রিক মানুষের বিরুদ্ধে। ২০০৪ সালে রালফ কেয়েস তাঁর ‘দ্য পোস্ট-ট্রুথ এরা: ডিজঅনেস্টি অ্যান্ড ডিসেপশন ইন কনটেমপোরারি লাইফ’ গ্রন্থে দাবি করেছেন যে মিথ্যা বলার ক্ষেত্রে আমাদের যে একধরনের লজ্জা এত দিন ছিল, তা আমরা হারিয়ে ফেলছি। যার মানে হলো কোনো দায় ছাড়াই মিথ্যা বলা যায়। কেয়েসের মতে, এই সত্যোত্তর যুগ আমাদের সামনে ‘একটি নৈতিক গোধূলি এলাকা হাজির করেছে’, যেখানে সত্য-মিথ্যা একাকার হয়ে গেছে।
ভুয়া খবরের কারণে উদারনৈতিক ব্যবস্থার বনিয়াদ ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা সবাই জানি, কীভাবে ভুয়া খবর ছড়িয়ে ধর্মীয় উগ্রতা ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা এ দেশে ঘটানো হয়েছে। ভুয়া খবর সামাজিক ভেদাভেদকে উসকে দেওয়া ছাড়াও বুদ্ধিবৃত্তিক সততা এবং গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে দিতে পারে। এসবের আলামত আমরা ইতিমধ্যে পেতে শুরু করেছি।
এ জন্য শুধু ভুয়া খবর ও এটা যারা ছড়ায়, তারাই দায়ী নয়। এসব মাধ্যমের বেশির ভাগই ‘ডিজিটাল জায়ান্টরা’ নিয়ন্ত্রণ করে। ব্যবহারকারীরা অনলাইন কনটেন্টে লাইক দিলে এসব জায়ান্ট লাভবান হয়। তাই গুগল বা ফেসবুকের মতো যোগাযোগমাধ্যমগুলোরও এই সত্যোত্তর যুগে অনেক দায়িত্ব রয়েছে।
ভুয়া খবর ঠেকাতে সরকারি-বেসরকারি উভয় ধরনের উদ্যোগই প্রয়োজন। রাষ্ট্র ও ডিজিটাল কোম্পানিগুলোকে ফ্যাক্ট-চেকিং বা প্রকৃত তথ্য বাছাইয়ের ব্যবস্থা আবিষ্কার করতে হবে। ২০১৪ সালের শুরুর দিকে ইউরোপীয় ইউনিয়ন গ্রিক সুখ্যাতির দেবী ফেইমের নামানুসারে ফেমে বা ফেইম প্রকল্প গ্রহণ করে। এটা অনলাইনের তথ্য যাচাই-বাছাই করার প্রযুক্তি। জনমতের বিকৃতি ঠেকাতে জার্মানি সে দেশের ২০১৭ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে এককভাবে ব্যবস্থা নিতে যাচ্ছে। দেশটি ফেসবুককে ভুয়া খবর বাছার প্রযুক্তি আবিষ্কার করতে বলেছে। সরকারি উদ্যোগের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানও এই ধরনের প্রযুক্তি ব্যবহারে মনোযোগী হচ্ছে। যেমন ‘চেক’ নামে একটি উদ্যোগ ডিজিটাল মাধ্যমে সহযোগিতামূলক কনটেন্ট যাচাই-বাছাইয়ের একটি সংগঠন হিসেবে গড়ে উঠেছে। গুগল কয়েক দিন আগে ভুয়া খবর ঠেকানোর জন্য ১০৭টি প্রকল্পে অর্থ সহায়তা দিয়েছে।
এ ক্ষেত্রে বৈজ্ঞানিক বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের মধ্যে আলোচনার ব্যবস্থা থাকা উচিত, যেন বিজ্ঞানীরা জনগণের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে পারেন। এমন একটি ব্যবস্থা যুক্তরাজ্য নিয়েছে। এর ফলে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সংসদীয় কার্যালয় সাংসদদের সহজ ভাষায় ও স্পষ্টভাবে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করতে পারে।
রাষ্ট্রীয়ভাবেও ভুয়া খবর ঠেকাতে ব্যবস্থা নেওয়া যায়। যেমন চেক প্রজাতন্ত্র তাদের সামনের নির্বাচনে ভুয়া খবর ও রাশিয়ার প্রভাব ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে একটি ইউনিট খুলেছে। তবে এই সুযোগে নাগরিক স্বাধীনতার পরিপন্থী কোনো ভূমিকায় রাষ্ট্রের অবতীর্ণ হওয়া কাম্য নয়। তাহলে এই ধরনের ব্যবস্থা নেওয়া হিতে বিপরীত হতে পারে। উন্নত প্রযুক্তি ও উচ্চ গোয়েন্দা ক্ষমতাসম্পন্ন দেশের পক্ষেই ভুয়া খবর ঠেকানো কঠিন। ফলে যাদের সক্ষমতা কম, তাদের অবস্থা আরও খারাপ। এ ক্ষেত্রে একটি বৈশ্বিক নজরদারি ব্যবস্থা থাকা উচিত, যেন ভুয়া খবরের নামে কোনো রাষ্ট্র অন্যায়ভাবে নিয়ন্ত্রণারোপ করতে না পারে।
রাষ্ট্র যদি এটাকে নিয়ন্ত্রণারোপে ব্যবহার করতে থাকে, তাহলে উল্টো রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা কমে গিয়ে ভুয়া খবর বেড়ে যেতে পারে। আমাদের দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার পর আইনমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তা প্রত্যাহার হবে বলে আমরা খবরে দেখেছিলাম। কিন্তু নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইনে একই রকম বিধান থাকার খবরে মানুষের উদ্বেগ কাটেনি। ভুয়া তথ্য দ্বারা আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, রাষ্ট্র বা ব্যক্তির মানহানি বা ধর্মীয় সহিংসতা ছড়ানো ঠেকাতেই ৫৭ ধারার আবির্ভাব ঘটে। কিন্তু এই আইনের অপব্যবহার করে ভিন্নমত দমন করার অনেক অভিযোগ আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাই। সে জন্যই ভুয়া খবর বা তথ্য ঠেকানোর ব্যাপারে যেকোনো আইন প্রণয়নের আগে আরও গভীরভাবে এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ভাবা প্রয়োজন।
খলিলউল্লাহ্: সহকারী সম্পাদক, প্রতিচিন্তা
[email protected]