সন্ত্রাসবিরোধী সংশোধন বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের ভূমিকা যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সমাদৃত হওয়া এবং অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে ১১ জুন জাতীয় সংসদে নাটকীয় ও অস্বচ্ছ উপায়ে সন্ত্রাস দমন আইনের গুরুত্বপূর্ণ সংশোধনী পাস হয়েছে।

দুর্ভাগ্যজনক হচ্ছে, বিরোধী দল একে কেবলই তাদের দমনের হাতিয়ার হিসেবে গণ্য করে ওয়াকআউট করেছে। এটা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় নয়। আল-কায়েদা নেটওয়ার্ক ও গণবিধ্বংসী অস্ত্রের (ডব্লিউএমডি) বিস্তার রোধসহ আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী নয়টি কনভেনশন যে বিলের তফসিলভুক্ত করা হয়েছে, সে প্রশ্নেও বিরোধী দলকে উপযুক্ত বক্তব্য দিতে দেখা যায়নি। এই বিল কার্যকর হলে জাতিকে চরম খেসারত দিতে হতে পারে। কারণ, তা বাক্ ও নাগরিক স্বাধীনতা আরও সংকোচন করতে পারে। সে কারণেই বিলটি পুনর্বিবেচনার দাবি রাখে।

আমরা সন্দেহাতীতভাবে সন্ত্রাসবাদ দমনের যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানাই। তবে এ কথাও ভুলে গেলে চলবে না যে, কোনো আইন দ্বারা মৌলিক অধিকার ও বাক্স্বাধীনতার অপব্যবহারের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ফাঁদ সৃষ্টি করা হলে তা চূড়ান্ত পরিণামে কারও মঙ্গল বয়ে আনবে না। এ আইনে যেসব সংশোধনী আনা হয়েছে, তাতে দেশের প্রচলিত আইন ও ফৌজদারি বিচারিক প্রক্রিয়ার প্রতিষ্ঠিত নিয়ম ও রীতি তছনছ হয়ে যেতে পারে।

রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে দলীয় স্বার্থে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে। তাদের অদক্ষতা ও দুর্নীতিও লুকোছাপার বিষয় নয়। অথচ তা প্রতিকারের সৎ উদ্যোগ নেই; বরং এই আইনে তাদের ক্ষমতার পরিধি এখন আরও বাড়ানো হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। কমিটি বলেছে বটে, এটি বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও নিরাপত্তা বা সার্বভৌমত্বের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বিল। কিন্তু তারা মাত্র একটি বৈঠকে বসে দায়িত্ব সেরেছে। তারা প্রমাণ করেছে, নির্বাহী বিভাগের কাছে সংসদ কতটা নতজানু।

এই আইনে বলা হয়েছে, দেশের প্রচলিত সাক্ষ্য আইনকে অচল করে দিয়ে ফেসবুক, স্কাইপ, টুইটার বা যেকোনো ইন্টারনেট উপকরণ পুলিশ হাজির করলে আদালত তা সাক্ষ্য হিসেবে নেবেন। এমনকি অপরাধ সংঘটনেরও প্রয়োজন নেই, ‘প্রচেষ্টা’ থাকলেই হলো। ‘সংগঠনের’ পরিবর্তে এখন যেকোনো সন্দেহভাজন ‘সত্তার’ চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী বা তিনি অন্য যেকোনো নামে অভিহিত হোন না কেন, তাঁকেও ওই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির (১৪ বছর) দুই-তৃতীয়াংশ মেয়াদের যেকোনো দণ্ড দেওয়া যাবে। এই সংশোধনী তাই বাক্ ও ব্যক্তিস্বাধীনতার জন্য বিপজ্জনক বলেই আমরা মনে করি।

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ যে কারণে জননিরাপত্তা বিল ফেরত পাঠিয়েছিলেন, তার চেয়ে বেশি মারাত্মক এই সংশোধনী। সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশ্য মহৎ হলেও এর অপব্যবহার রোধ করা যাবে না। তাই রাষ্ট্রপতির কাছে আমরা এই বিল সংসদে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে আবেদন জানাই।