সব রাজনৈতিক দলের শুভবুদ্ধির উদয় হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।
১৫০০০ কোটি টাকার অস্ত্র-সরঞ্জাম ক্রয়
আওয়ামী লীগ সরকারের সাড়ে চার বছরে ১৫ হাজার ১০৪ কোটি টাকার সামরিক সরঞ্জাম কেনার চুক্তি হয়েছে, কিন্তু এ ধরনের অনেক চুক্তিই জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এ নিয়ে প্রকাশিত খবরে মতামত ব্যক্ত করে হাসিব সিদ্দিকী লিখেছেন: অর্থহীন এ ব্যয় দেশ বা জনগণের কী কাজে আসবে? এ পরিমাণ অর্থ যদি শহর ও গ্রামের রাস্তা মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা বিধান, বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প, তথ্যপ্রযুক্তি উন্নয়ন বা বেকারত্ব নিরসনের কাজে লাগানো যেত, তবে দেশ অনেক এগোত। আফসোস, এ দেশের রাজনীতিবিদেরা নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবতেই পারেন না।ইশতিয়াক সারওয়ার: আমাদের আশপাশে কিছু শত্রু ঘাপটি মেরে আছে। এরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক ক্ষতি করতে সক্ষম। এদের দমনে আমাদের বাহিনী যেমন আছে, তেমনি এসব বাহিনীর সক্ষমতা অর্জন করাও খুব দরকার। তবে অস্ত্র কেনাকাটার প্রক্রিয়াটি স্বচ্ছ ও নির্দিষ্ট লক্ষ্যে হওয়া উচিত। মহিউদ্দিন মাসুদ: দেশ আমাদের, সেনাবাহিনীও আমাদের। সেনাবাহিনীর প্রয়োজন মেটাতে হবে, এটি সত্য। কিন্তু যেখানে শিক্ষা-স্বাস্থ্য-জনপরিষেবায় দেশ এখনো আধুনিক পৃথিবী থেকে লক্ষ যোজন দূরে, সেখানে অর্থ ধার করে বিলাস দেখানোর রাষ্ট্রীয় আয়োজনকে কি নৈতিকভাবে মেনে নেওয়া সম্ভব?

নির্দলীয় সরকার ছাড়া শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ নেই: ইউনূস
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসছে সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে আয়োজন না করলে তা শান্তিপূর্ণ হবে না। তাঁর এ বক্তব্যে মতামত জানিয়ে মো. ইবরাহিম লিখেছেন: ড. ইউনূস ঠিকই বলেছেন; এটি দেশের সাধারণ জনগণের মনের কথা। দেশের ৯০ ভাগ মানুষ চায় আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হোক। কিন্তু সরকার জনগণের মনের কথা বুঝতে পুরোপুরি ব্যর্থ।
এস এম বিল্লাহ: রাজনীতির পথ বড় পিচ্ছিল ও আঁকাবাঁকা। নীতিহীনতা, স্বার্থান্ধতা, ষড়যন্ত্র ও বেইমানির অহরহ চর্চা দেশের রাজনীতিকে বিষিয়ে তুলেছে। আশা করি, এর আগে ড. ইউনূস রাজনৈতিক দল গড়ার উদ্যোগ নিয়ে তা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। এখন বিভিন্ন দলের নেতারা যে তাঁর পক্ষে এত কথা বলছেন, তাঁরা কি সত্যিই তাঁকে ভালোবেসে এসব বলছেন? আমার সন্দেহ হয়। ইউনূসের কাছে অনুরোধ, রাজনীতিকদের (যে দলেরই হোক না কেন) থেকে সাবধান থাকুন।
আলিমুজ্জামান: দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি এটা বলেছেন। রাজনীতির প্রতি তাঁর লোভ থাকলে তিনি সরাসরি নেমে পড়তে পারতেন; জনপ্রিয়তা যাচাই করতে যেতেন না। সে সময় তাঁকে সঠিকভাবে মূল্যায়ন না করে আমরা ভুল করেছি।

এই সরকারের অধীনেই নির্বাচন হবে
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতায় উদ্বিগ্ন হয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ফোন করেছিলেন। সে সময় হাসিনা তাঁকে জানান, বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। এ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়া জানিয়ে জুবায়ের হুসেইন লিখেছেন: মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা ক্ষমতায় গিয়ে দয়া করে জনগণকে নাটাইয়ের মতো ঘুরাবেন না। আপনারা রাজনীতিবিদেরা যা করছেন, তাতে এটা প্রমাণিত যে, দেশের মানুষের শান্তির জন্য আপনারা কিছু করছেন না। তোষামোদকারীদের দূরে ঠেলে জনগণের মতকে সম্মান দিন, দেখবেন জনগণ আবার আপনার দলকে ক্ষমতায় আনবে।
শাহজাহান: সকালে হাসিনা, সন্ধ্যার পর খালেদার সঙ্গে বান কি মুন আলাপ করেছেন। আমাদের দুর্ভাগ্য, নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারি না। বাইরের লোকেরা এসে আমাদের ওপরে মাতব্বরি করে, আর আমরা তা মেনেও নিই। কবে যে আমরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারব!
মো. লুৎফর রহমান: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। এবার জনগণের যা মনোভাব, তাতে সামনের নির্বাচনে আওয়ামী লীগ কিছুতেই জিততে পারবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন মানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাংলাদেশের রাজনীতি থেকে চিরবিদায় নেবে। কিন্তু এরপর বিএনপি যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তখন আওয়ামী লীগকেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আবার চালুর উদ্যোগ নিতে হবে। তাই তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাস করালে আওয়ামী লীগের জন্যই মঙ্গল।

নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন নয়
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতায় উদ্বিগ্ন হয়ে সম্প্রতি বিএনপির নেতা খালেদা জিয়াকে ফোন করলে তিনি বান কি মুনকে জানিয়েছেন, নির্দলীয় সরকার ছাড়া অন্য কোনো সরকারের অধীনে আয়োজিত নির্বাচনে বিএনপি অংশ নেবে না। এ সংবাদে মতামত ব্যক্ত করে আলমগীর কবির লিখেছেন: ম্যাডাম, নির্বাচনে চলে যান। তা না হলে বড় সমস্যা। আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয়, তখন তত্ত্বাবধায়ক প্রধান নিয়ে আপনাদের আবারও আন্দোলন করতে হবে; অথচ হাতে সময় থাকবে না। আর আপনারা এমনিতে আন্দোলন জমাতে পারেন না।
আলভি: সব রাজনৈতিক দলের শুভবুদ্ধির উদয় হোক। দেশ শান্তিতে চলুক। ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতায় যাওয়ায়ই যেন মুখ্য উদ্দেশ্য না হয়। জনগণের কথা মাথায় রাখুন। যে দল এ কাজটি ভালোভাবে করতে পারবে, জনগণ নিশ্চয়ই সেটিকে ভোট দেবে।
সজল জুবায়ের: বান কি মুনের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই অবাধ নির্বাচন সম্ভব। অথচ নির্বাচন কমিশনের সাম্প্রতিক তৎপরতার কারণে এটা জনগণই বিশ্বাস করতে পারছে না। খালেদা জিয়া কীভাবে পারবেন?

এত বর্বরতা, তবু নির্বিকার পুলিশ
যশোরের মনিরামপুর উপজেলার বিজয়নগর গ্রামে এক নারীর যৌনাঙ্গে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেওয়ার মতো বর্বর ঘটনা ঘটার পরও পুলিশ দুষ্কৃতকারীদের ধরতে বা ঘটনার তদন্তে কোনো উদ্যোগ নেয়নি। এ খবরে প্রতিক্রিয়া জানিয়ে আশেক উল্লাহ লিখেছেন: এ কি দায়িত্ব সম্পর্কে পুলিশের অজ্ঞতা, না দায়িত্ব পালনে অনীহা? পুলিশ সদস্যদের জানা থাকা উচিত, তাঁরা বেতনভুক্ত কর্মচারী ও জনগণের সেবক। জনগণের নিরাপত্তা দেওয়াই তাঁদের প্রধান কাজ। দ্রুত এ বীভৎস ঘটনার তদন্ত ও অপরাধীদের শাস্তি হওয়া উচিত।
মো. ইকবাল হোসেন: কবে এসব বর্বরতা শেষ হবে? আমরা কি মানুষ হব না?
মো. জসিম উদ্দিন: দিন দিন আমরা বর্বর জাতিতে পরিণত হচ্ছি। একের পর এক বর্বর ঘটনা ঘটছে। পুলিশের নৈতিক স্খলন ক্রমে বাড়ছে। ঘুষ ছাড়া তারা কিছুই করতে চায় না। আমার মনে হয়, শিক্ষার প্রতি স্তরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। তবেই আমরা মানুষ হব।
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)