পাঠকের মন্তব্য : অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় প্রায় ২০০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে প্রকাশিত হলো।
সবই আওয়ামী লীগের কৌশল
তারেকের ইতিহাস বিকৃতির চেষ্টা উপেক্ষার পরামর্শ আশরাফের
সম্প্রতি ইতিহাস বিকৃতি করে তারেক রহমানের দেওয়া বক্তব্য উপেক্ষার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এ ব্যাপারে পাঠক সুজন লিখেছেন: ইতিহাস কেউ বদলাতে পারে না। সুতরাং কে কী বলল, তাতে কান দিয়ে কাদা ছোড়াছুড়ি না করে, দেশ গড়ার কাজে মন দিন।
আব্দুল হক: আওয়ামী লীগের নেতারা আগেই পানি ঘোলা করেছেন। তারেক যা গুরুত্ব পাওয়ার তা আগেই পেয়ে গেছেন। এখন আপনার কথায় তেমন কোনো কাজ হবে বলে মনে হয় না।
মামুন: এ পরামর্শ যুক্তিযুক্ত। তবে এই মিথ্যাচারগুলো যখন মূর্খদের ষড়যন্ত্র হয়, সেভাবেই ব্যবস্থা নেওয়া উচিত। এ দেশের বেশির ভাগ লোক চোরকে ভোট দিয়ে চুরির বিচার চায়, অবাক হলেও সত্য!
আবু বকর ফিরলেন, বাকিরা?
সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণের ৩৫ ঘণ্টা পর মুক্ত হন। কিন্তু আরও যাঁরা অপহূত হয়েছেন, তাঁরা ফিরে আসেননি। এ নিয়ে সম্পাদকীয় পাতায় এই কলাম লেখা হয়েছে। এ ব্যাপারে সরকার মারুফের মন্তব্য: আবু বকরের ফিরে আসার মধ্য দিয়ে প্রমাণিত হলো, সরকারের সদিচ্ছা থাকলে কেউ গুম হতে পারে না। বিরোধী দলের যেসব নেতা-কর্মী গুম হয়েছেন, তাঁদের ব্যাপারে সরকারের কোনো উদ্যোগই দৃষ্টিগোচর হয়নি। দুর্ভাগ্য সেসব নেতা-কর্মীর জন্য, যাঁদের অপরাধ সরকারবিরোধী হওয়া কিংবা রিজওয়ানার মতো একজন স্ত্রী না থাকা।
শাহিদুল ইসলাম: রিজওয়ানার পাবলিক ফেস হয়তো ওনার স্বামী আবু বকরকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আবু বকরের মতো বহু মানুষ প্রতিদিন গুম হচ্ছে, খুন হচ্ছে। আমরা সেগুলো অনেক সময় খবরের কাগজে ভেতরের পাতায় পাই, বেশির ভাগ সময় পাই না। রিজওয়ানার মতো হাইপ্রোফাইল কেউ না হলে, এসব খবর এখন আর খবর না।
বিপ্লব: মনে হচ্ছে অপহরণকারীরা এতটাই শক্তিধর যে, এই সরকারের পক্ষে এদের ধরা সম্ভব হবে না। আর সম্ভব না হলে তত দিনে অপহরণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পেশা হয়ে দাঁড়াবে। তখন আমার, আপনার কারোরই রক্ষা নেই!
জে হোসেন: এই কুশাসনের জন্য দায়ী আমাদের নষ্ট রাজনীতি। তাই সুস্থধারার রাজনীতি যতক্ষণ না ফিরে আসবে, তত দিন পর্যন্ত হত্যা, গুম, অপহরণসহ নানা অপকর্ম এ দেশে ঘটতেই থাকবে।
তারেকের ফাঁদে আওয়ামী লীগের পা
সম্প্রতি লন্ডনে স্বাধীনতার ঘোষণা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রিত্ব নেওয়া নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন তারেক রহমান। এ ব্যাপারে খোলা কলমে উপরিউক্ত শিরোনামে লেখাটি প্রকাশিত হয়। এর সমালোচনা করে আমিনুল ইসলাম জনি লিখেছেন: তারেক রহমানরা কখনোই কৌশল নিতে পারেন না। তারেক যেটা নেন সেটাকে বলে অপকৌশল। আর অপকৌশলের কুশীলবেরা মিথ্যার বেসাতি ছড়াতে হিটলারের গোয়েবলসকেও ফলো করেন। এটা তারেক তথা পুরো বিএনপির একটা স্টান্টবাজি রাজনীতি।
মো. হাসানুজ্জামান: এই লেখার রেজাল্ট কী? আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো নিয়ে লিখলে কাজে লাগত।
সজল: আওয়ামী লীগের বোঝা উচিত ছিল যে, দেশে-বিদেশের অন্যান্য জায়গায় আসল ইতিহাস লেখা আছে। তাই তারেক রহমানের বক্তব্য মিথ্যা প্রমাণিত হবেই। আর তারেক রহমান যতই বলুন, বিএনপিও জানে যে, তারেক মিথ্যা বলেছেন। আওয়ামী লীগ তারেকের কথাকে পাত্তা দিয়ে তাঁকে লাইম লাইটে নিয়ে এল। এত দিন জনগণের চোখের আড়ালে থাকা তারেক চাইছিলেন, জনগণের দৃষ্টি তাঁর দিকে ফেরাতে এবং তিনি তা করতে পেরেছেনও।
রাজীব চৌধুরী: আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে পুঁজি করে এ দেশে আর বেশি দিন রাজনীতি করতে পারবে না। কারণ, তারা বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে গেছে। আওয়ামী লীগের রাজনীতি এখন দেউলিয়াপনা ছাড়া আর কিছুই নয়। ক্ষমতালিপ্সা এ দলটি অচিরেই জনবিচ্ছিন্ন হয়ে ভাসানী ন্যাপে পরিণত হবে।
করিম হাওলাদার: আমি মনে করি না আ.লীগ তারেকের ফাঁদে পা দিয়েছে...কিছু প্রতিক্রিয়া দেখানোর দরকার ছিল দেখিয়েছে। তারেক বরং নিজেই এই ফাঁদে পড়বেন যে সংলাপের পথ সংকুচিত হলো।
সরকার বেশি দিন টিকতে পারবে না
এ সরকার বেশি দিন টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ ব্যাপারে পাঠক বিপ্লবের মন্তব্য: আমারও তা-ই মনে হয়। কিন্তু আপনাদের আন্দোলনের যে লেজে-গোবরে অবস্থা, আগামী ৪২ বছরেও ওনাদের কিছুই করতে পারবেন না।
মো. আব্দুর রহমান: ক্ষমতাই যেখানে মুখ্য, নীতি বা তত্ত্বকথা সেখানে মূর্খতা! আওয়ামী লীগ প্রমাণ করেছে ক্ষমতায় থাকাটাই শেষ কথা। কীভাবে ক্ষমতায় এল। আর কীভাবে ক্ষমতা ধরে রাখল বা টিকে গেল, তা আপেক্ষিক। ভিন্নমতাবলম্বীদের ঠান্ডা করতে বিএনপির নেতাদের অহরহ কারাগারে পোরা হচ্ছে। টি-টোয়েন্টি, জাতীয় সংগীতের বিশ্ব রেকর্ড আর এ আর রহমানের শো করে দেশের মানুষকে মুগ্ধ করে রাখা হয়েছে। এ সবই আওয়ামী লীগের কৌশল। দীর্ঘমেয়াদে আওয়ামী লীগকে এ জন্য মাশুল দিতে হতে পারে। তবে আপাতত জয়টা তাদেরই।
সায়েম সজল: এখন কী কী অন্যায় হচ্ছে আর আপনারা ক্ষমতায় এলে কী কী পরিবর্তন হবে, সুনির্দিষ্টভাবে জানতে চাই। শুধু গণতন্ত্রের ধুয়া তুলে ক্ষমতায় যাওয়া যাবে না। হিসাব-কিতাবের বাইরে কেউই নন।
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)