
ঈশ্বর হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ। তিনি সৎ, চিৎ ও আনন্দের মূর্ত বিগ্রহ। তিনি অনাদির আদি এবং সর্বকারণের কারণ। চিরকল্যাণময় গোবিন্দ। তিনি সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, অনন্তস্বরূপ। শ্রীকৃষ্ণ বিরাট ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত থেকেও লীলাচ্ছলে তিনি সসীম রূপে দেহ ধারণ করে এই ধরাধামে অবতীর্ণ হন, দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য, ধর্ম ও ধার্মিককে রক্ষার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য। মনুষ্য দেহ ধারণ করেও তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ, স্বয়ং ভগবান, বিশ্ব নিয়ন্তা সর্বশক্তিমান।
ঈশ্বর সম্বন্ধে ঋগেবদে বলা আছে: যিনি চিন্ময় অদ্বিতীয়, তিনি সাধকের সাধনার সুবিধার্থে বিভিন্ন রূপ পরিগ্রহ করে এই ধরাধামে অবতীর্ণ হন। অবতার রূপে দেহ ধারণ করে তিনি পার্থিব সব দায়িত্ব পালন করেও যুগের প্রয়োজনে তিনি অতিমানবীয় ঐশ্বরিক পরিকল্পনা বাস্তবায়িত করে স্বধামে প্রত্যাবর্তন করেন। এইভাবে সাধনার পদ্ধতির বিভিন্নতা মূলত একই পরমাত্মাস্বরূপ ব্রহ্মের দেবরূপ, বিভিন্ন দেবতার রূপপরিগ্রহ। গীতার চতুর্থ অধ্যায়ে ৭-৮ নম্বর শ্লোকে ভগবান স্বয়ং এ বিষয়ে যা বলেছেন, তা-ই হিন্দুধর্মবিশ্বাসের মৌলিক অনুধাবন, অখণ্ড বিশ্বতত্ত্বের অনুরণিত সুরলহরি।
এই ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবকালটি ছিল খুবই বিভীষিকাময় এক দুঃস্বপ্নের যুগ, ধর্মের জন্য অবমাননাকর; প্রজাপীড়নে মত্ত অত্যাচারী রাজন্যবর্গ মুনি-ঋষিদের ধর্ম অনুশীলনে বিঘ্ন সৃষ্টি করে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ধরিত্রীমাতা এসব অনাচার ও পাপাচারের প্রতিবিধানকল্পে সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মার অনুরোধ ভগবান বিষ্ণু দুষ্টের দমন ও শিষ্টের পালন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠার প্রয়োজনে এই ধরাধামে আবির্ভূত হতে সম্মত হন।
এই সময়ে যদুবংশীয় রাজা উগ্র সেন মথুরায় রাজত্ব করতেন। তাঁরই পুত্র কংস ছিলেন অতিশয় বলবান এবং যারপরনাই খল প্রকৃতির। পিতা উগ্র সেনকে কারাবন্দী করে নিজেই সিংহাসনে বসেন এবং শক্তিমদমত্ততায় উন্মত্ত হয়ে তাঁর রাজ্যে অনাচার ও অত্যাচার-উৎপীড়নের এক বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করেন। আবার তাঁরই বন্ধু মগধের পাপাসক্ত রাজা জড়াসন্ধ ছিলেন মদমত্ত অত্যাচারী। উগ্র সেনের এক ভ্রাতা দেবকের কন্যার নাম দেবকী। ইনিই পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণের জননী হন।
কংস দেবকীকে খুবই স্নেহ করতেন। দেবকী বিবাহযোগ্যা হলে তাঁকে শূরের পুত্র বসুদেবের সঙ্গে বিয়ে দেন। বসুদেব ছিলেন সত্যনিষ্ঠ, সমদৃষ্টিসম্পন্ন চরিত্রবান। এই বিয়ে খুবই জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল।
আদরের ভগ্নি দেবকী ও বসুদেবের প্রতি বাড়তি সৌজন্য দেখাতে কংস নিজেই রথের সারথি হয়ে দেবকীকে শ্বশুরালয়ে পৌঁছে দিতে অগ্রসর হলেন। কিছুদূর এগোনোর পর কংস এক দৈববাণী শুনতে পেলেন! ‘আরে নির্বোধ! তুমি যাকে স্নেহভরে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছ, তারই গর্ভের অষ্টম সন্তান তোমাকে বধ করবে।’ এ কথা শুনে কংস দিগিবদিক জ্ঞানশূন্য হয়ে দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন। বেগতিক দেখে স্থিরপ্রজ্ঞ বসুদেব কংসকে বুঝিয়ে-শুনিয়ে অতিকষ্টে সাময়িকভাবে শান্ত করলেন। বসুদেব কংসকে প্রতিশ্রুতি দিলেন, দেবকীর গর্ভে যত সন্তান হবে, তা সবই জন্মের পরপরই কংসের হাতে তুলে দেবেন। দেবকী-বসুদেবের বাসস্থান নির্ধারিত হলো কংসের কারাগারের একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে। এভাবে কংসের রুদ্ররোষ থেকে দেবকীর জীবন রক্ষা পেল। কংস একে একে দেবকীর গর্ভজাত ছয়জন সন্তানের প্রত্যেককেই জন্মের সঙ্গে সঙ্গে নিষ্ঠুরভাবে হত্যা করেন। সপ্তম গর্ভে ভগবান বিষ্ণুর অংশে অনন্ত দেব ভিন্ন নামে সংকর্ষণ বলরাম রূপে আবির্ভূত হলে কংসের হাতে বিনষ্ট হওয়ার আশঙ্কায় ভগবান তাঁর অচিন্তনীয় যোগমায়াবলে দেবকীর সপ্তম গর্ভ আকর্ষণ করে বসুদেবের অপর পত্নী রোহিণীর গর্ভে প্রতিস্থাপিত করেন। এসবই অসম্ভবের সম্ভব শ্রীভগবানের লীলাবিলাস। এই সংকর্ষণের ঘটনাকে সকলে মনে করলেন, দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। কংসও তাই ধরে নিলেন। এভাবেই অনন্ত দেবের জীবন রক্ষা পেল। রোহিণী কংসের ভয়ে বসুদেবের বন্ধু নন্দের গৃহে অবস্থান করছিলেন। ভগবান যোগমায়াকে বললেন, তিনি যখন দেবকীর অষ্টম সন্তান হিসেবে এই ধরাধামে আবির্ভূত হবেন, তখন যেন যোগমায়া যশোদার গর্ভে আবির্ভূত হন।
সবার অজান্তে ভগবান বিষ্ণুর ইচ্ছা রূপায়িত করতে যোগমায়া নন্দগৃহে যশোদার কোলে আবির্ভূত হলেন, কিন্তু যশোদার গর্ভজাত সন্তান কারাগারে দেবকীর কোলে স্থানান্তরিত হয়েও রক্ষা পেলেন না। নিষ্ঠুর কংস দেবকীর গর্ভের অষ্টম সন্তান কন্যা জেনেও তাঁকে হত্যা করতে দ্বিধা করেননি। তাঁকে হত্যা করতে উদ্যত হলে কন্যারূপী যোগমায়া হাসতে হাসতে কংসের হাত ফসকে অন্তর্হিতা হলেন এবং বলে গেলেন, ‘তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে।’
ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জয়ন্তীযোগে অর্ধচন্দ্র উদিত হলে কংসের কারাগারে ক্ষুদ্র প্রকোষ্ঠে শ্রীহরি শঙ্খ, চক্র, গদা, পদ্মশোভিত হয়ে দিব্যকলেবর ধারণপূর্বক জ্যোতির্ময় মূর্তিতে পুত্র পরিচয়ে দেবকী ও বসুদেবের সম্মুখে আবির্ভূত হলেন। শ্রীভগবানের অপরূপ রূপমাধুর্যের আলোক প্রভায় দেবকী ও বসুদেব চমৎকৃত হলেন এবং করজোড়ে স্তুতি করতে লাগলেন।
শ্রীকৃষ্ণ অবতারে জ্ঞান, ভক্তি ও কর্মযোগের সমন্বয় সাধনের মধ্যে জীবের কল্যাণ ও শান্তি নিশ্চিত করা হয়েছে। ধর্মাচরণের ক্ষেত্রে শ্রীকৃষ্ণ সীমাহীন উদারতা ও বিশ্বের সকল মানুষের রুচি-বৈচিত্র্য ও চেতনার বিভিন্নতাকে যে অবারিত স্বাধীনতা দিয়েছেন, তা গোটা মানবজাতির অক্ষয় সম্পদ।
শ্রীকৃষ্ণের আবির্ভাব জগৎ কল্যাণে উদ্ভাসিত। তাঁর ত্রিবিধ শক্তি—কর্ম, জ্ঞান এবং ভক্তির অভূতপূর্ব সমন্বয় মানুষের মুক্তিপথের নিশ্চিয়ত্তিকা, চিরপ্রবহমান আশীর্বাদ। ব্রজলীলায় তিনি রসময় প্রেমঘন, মথুরা-দ্বারকালীলায় তিনি সর্বকৃৎ প্রতাপঘন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি সমরকুশলী একক নিয়ন্ত্রক এবং ন্যায়যুদ্ধের সার্থক পরিচালক, ধর্মরাজ্য স্থাপনের মহান স্থপতি, মহাগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতার গীতকার। তাঁর এসব লোকলীলার উদ্দেশ্য শুধু অসুরাদি বিনাশই নয়, আসল উদ্দেশ্য হলো ধর্ম সংস্থাপন ও ধর্মরাজ্য প্রতিষ্ঠা। ধর্মের সম্যক মর্মবাণী প্রচারে মানবাত্মার উন্নতি সাধন করে মানুষকে দিব্য জীবনে অধিষ্ঠিত করাই ছিল শ্রীভগবানের প্রকৃত অভিলাষ।
ভগবান শ্রীকৃষ্ণ ১২৫ বছর এই ধরাধামে থেকে স্বধামে প্রত্যাবর্তন করেন।
আজ শুভ জন্মাষ্টমী। এই পুণ্যক্ষণে দেবকীনন্দন জগদ্গুরু শ্রীকৃষ্ণের অপার করুণাধারা ও কল্যাণবারি সকলের ওপর বর্ষিত হোক—এটাই এ মুহূর্তে আমাদের বিনম্র প্রার্থনা। সবাই সুখী হোক, পৃথিবী শান্তিময় হোক!
গৌর গোপাল সাহা: অবসরপ্রাপ্ত বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।