সবার অংশগ্রহণে, না একতরফা নির্বাচন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতির দৃশ্যকল্প
রাজনীতির দৃশ্যকল্প

আগামী নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে যে বিরোধ দেখা দিয়েছে, তা দেশকে কোথায় নিয়ে যেতে পারে—সেই বিশ্লেষণ করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রীয়াজ। তিন কিস্তির এ ধারাবাহিকের দ্বিতীয় কিস্তি আজ প্রকাশিত হলো। আগামী দিনগুলোয় বাংলাদেশের রাজনীতির সব কার্যকলাপ নির্বাচনকে ঘিরেই আবর্তিত হবে। বর্তমান সংবিধান অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে। সংবিধানের সেই বাধ্যবাধকতাকে সামনে রেখে, গতকালের আলোচনায়, আমরা তিনটি সম্ভাব্য দৃশ্যকল্পের কথা বলেছি। এই তিনটি দৃশ্যকল্প হলো—সব দলের অংশগ্রহণে নির্বাচন, বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন অথবা নির্বাচন অনুষ্ঠিত না হওয়া। আগামী দিনগুলোকে আমরা তিনটি সময়-পরিসরে ভাগ করেছি—এখন থেকে ২৭ অক্টোবর, ২০১৩ পর্যন্ত; ২৭ অক্টোবর, ২০১৩ থেকে ২৪ জানুয়ারি, ২০১৪ পর্যন্ত এবং ২৪ জানুয়ারি বা নির্বাচন-পরবর্তী। নির্বাচনবিষয়ক তিনটি দৃশ্যকল্পের মধ্যে দেশ কোন পথে এগোচ্ছে, সেটা এই সময়ের ঘটনাপ্রবাহের দিকে নজর রাখলে বোঝা যাবে। প্রতিটি সময়-পরিসরে কিছু ঘটনা ঘটার পাশাপাশি কিছু রাজনৈতিক ক্রীড়নক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমরা আগেও বলেছি যে বিশেষ একটি সময়ে কোনো শক্তির বা রাজনৈতিক ক্রীড়নকের ভূমিকার গুরুত্ব বাড়ার অর্থ এই নয় যে সেই শক্তি পরবর্তী সময়কালেও অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা যেমন দেখব যে কিছু ক্রীড়নকের ভূমিকা গৌণ হয়ে যাচ্ছে, তেমনি নতুন ক্রীড়নকের ভূমিকাও দেখা যাবে।

কোন সময়ে কোন ঘটনা কোন দৃশ্যকল্পের সম্ভাবনার দিকে ইঙ্গিত দেবে, সেটা পর্যায়ক্রমিকভাবে বিবেচনা করতে পারি।

প্রথম দৃশ্যকল্প: সবার অংশগ্রহণে নির্বাচন
এখন থেকে ২৭ অক্টোবর, ২০১৩ পর্যন্ত—ঘটনা: মধ্যস্থতাকারীদের মাধ্যমে সরকার ও বিরোধীদের মধ্যে যোগাযোগ ও আলোচনা, সংবিধানের প্রয়োজনীয় সংশোধন অথবা বিরোধী দলের আস্থা অর্জনে সংবিধানের নতুন ব্যাখ্যা, পারস্পরিক আক্রমণের ভাষায় পরিবর্তন, নির্বাচনমুখী রাজনৈতিক প্রস্তুতি ও তৎপরতা, জনসমাবেশ এবং ভবিষ্যতে সরকার গঠনের পর যেসব কর্মসূচি নেওয়া হবে, তার ওপর জোর দেওয়া। ক্রীড়নক: মধ্যস্থতাকারী (দেশি বা বিদেশি), ব্যবসায়ীদের সংগঠন, জাতীয় সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বিভিন্ন দলের জোট, সিভিল সোসাইটি ও গণমাধ্যম।
এই পর্যায়ের সবচেয়ে বড় বিষয় হলো, মধ্যস্থতাকারীদের মাধ্যমে সরকার ও বিরোধীদের একধরনের সমঝোতা প্রতিষ্ঠা এবং কমপক্ষে একটি সমঝোতার ক্ষেত্র প্রস্তুত করা। সে ক্ষেত্রে ব্যবসায়ীদের সংগঠনসহ অন্যদের সক্রিয়তা লক্ষণীয় হতে পারে। সমঝোতার জন্য দরকার কিছু সাংবিধানিক সংশোধনীর ব্যবস্থা করা। এই সমঝোতায় ২৭ অক্টোবরের আগেই উপনীত হতে হবে।
২৭ অক্টোবর, ২০১৩ থেকে ২৪ জানুয়ারি, ২০১৪ অথবা নির্বাচন—ঘটনা: অন্তর্বর্তী সরকার গঠন, নির্বাচন কমিশনের তৎপরতা, নির্বাচনের তারিখ ঘোষণা, প্রার্থী মনোনয়ন, দলীয় অভ্যন্তরীণ কলহ, নির্বাচনী তৎপরতা, বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি, নির্বাচন-পূর্ব ও নির্বাচনকালীন সহিংসতা ও নির্বাচন অনুষ্ঠান। ক্রীড়নক: অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ, বিএনপি, গণমাধ্যম ও সিভিল সোসাইটি।
২৭ অক্টোবরের মধ্যে সরকার ও বিরোধীদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হলে এই পর্যায়ের বিষয়গুলো কার্যত রুটিন বলে আমরা গণ্য করতে পারি। এই পর্যায়ের ঘটনা ও প্রধান ক্রীড়নক কারা, তা অতীতের নির্বাচনী অভিজ্ঞতার আলোকে আমরা কমবেশি সবাই জানি। এই পর্যায়ে সরকার ও বিরোধীদের গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠন ও নির্বাচন কমিশনের তৎপরতা হবে রাজনীতির প্রধান বিষয় এবং দলগুলো নিজেদের মনোনয়ন ও নির্বাচনী তৎপরতায় মনোনিবেশ করবে। বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতি হবে অতীতের মতোই। এই সময়-পরিসরের চূড়ান্ত পর্যায় হবে নির্বাচনের মধ্যে দিয়ে। প্রথম দৃশ্যকল্প যে বাস্তবায়িত হচ্ছে, সে বিষয়ে সন্দেহের আর কোনো অবকাশ থাকবে না, যখন সব দল তাদের মনোনয়নপত্র জমা দেবে।
২৫ জানুয়ারি, ২০১৪ অথবা নির্বাচন-পরবর্তী—ঘটনা: নতুন সরকার গঠন, নির্বাচনবিষয়ক স্থানীয় অভিযোগ, নির্বাচনের ফলাফল বিষয়ে পারস্পরিক অভিযোগ ও নির্বাচন-উত্তর সহিংসতা। ক্রীড়নক: নির্বাচন কমিশন, গণমাধ্যম, রাষ্ট্রপতি, বিজয়ী দল (স্থানীয় পর্যায়ের কর্মীরা), বিজিত দল (স্থানীয় পর্যায়ের কর্মীরা), নতুন সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই পর্যায়ে নতুন সরকার গঠনের বিষয়টি হবে মুখ্য। নির্বাচনের ফলাফল ঘোষণার দিকে মনোযোগ থাকার কারণে নির্বাচন কমিশন ও গণমাধ্যমের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে রাষ্ট্রপতি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

দ্বিতীয় দৃশ্যকল্প: বিরোধী দল ব্যতিরেকে নির্বাচন
এখন থেকে ২৭ অক্টোবর, ২০১৩ পর্যন্ত—ঘটনা: পারস্পরিক আক্রমণাত্মক ভাষা ব্যবহার, ক্রমবর্ধমান সহিংসতা, হরতাল ও নির্বাচন কমিশনের কার্যক্রমে পক্ষপাতিত্ব। ক্রীড়নক: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ, বিএনপি, হেফাজতে ইসলাম, গণজাগরণ মঞ্চ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, মধ্যস্থতাকারী (দেশি বা বিদেশি), নির্বাচন কমিশন ও ব্যবসায়ীদের সংগঠন।
আমরা যদি দেখতে পাই যে মধ্যস্থতাকারীরা ক্রমেই পিছিয়ে পড়ছেন, সরকার ও বিরোধীদের মধ্যে আক্রমণাত্মক ভাষা ব্যবহারের প্রবণতা বেড়েছে এবং সহিংসতার মাত্রা বাড়ছে, তাহলে আমরা অনুমান করতে পারব যে হয় বিরোধীরা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অথবা বিরোধীদের দাবিকে উপেক্ষা করেই সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে শুরু করেছে। যদি সংবিধানের কোনো রকম পরিবর্তন না হয়, তবে সংবিধানের ১২৩ (৩) ধারা বহাল থাকবে এবং নির্বাচন কমিশনকে নতুন আচরণবিধি তৈরি করতে হবে। কেননা, তখন নির্বাচিত সাংসদদের বহাল রেখেই তাঁদের নির্বাচন করতে দিতে হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে দেখব। শুধু তা-ই নয়, নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নয়, এমন রাজনৈতিক শক্তিগুলোকে (যেমন হেফাজতে ইসলাম কিংবা গণজাগরণ মঞ্চ) আরও বেশি সক্রিয় হয়ে উঠতে দেখতে পারি।
২৭ অক্টোবর, ২০১৩ থেকে ২৪ জানুয়ারি, ২০১৪ অথবা নির্বাচন—ঘটনা: সহিংসতার মাত্রায় নাটকীয় বৃদ্ধি, উপর্যুপরি হরতাল, নির্বাচন কমিশনের কার্যক্রমে পক্ষপাতিত্ব এবং নির্বাচনের প্রচার ও তার বিরোধিতা। ক্রীড়নক: সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রপতি, স্পিকার, গণমাধ্যম, অন্তর্বর্তী সরকার, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, আওয়ামী লীগ, বিএনপি, হেফাজতে ইসলাম, গণজাগরণ মঞ্চ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও জঙ্গি সংগঠন।
অব্যাহত সহিংসতা ও সেনাবাহিনীর লক্ষ্যযোগ্য ভূমিকাই কার্যত বলে দেবে যে দ্বিতীয় দৃশ্যকল্পের পথেই দেশের রাজনীতি অগ্রসর হয়েছে। যদিও গোড়ায় তা একেবারেই অপরিবর্তনীয় নয়, তথাপি একপর্যায়ে এসে আমরা বলতে পারব যে বিরোধীদের নির্বাচনে আসার পথ রুদ্ধ হয়ে গেছে বা রুদ্ধ করে দেওয়া হয়েছে। এই পর্বের গোড়ায় রাষ্ট্রপতি ও স্পিকারের ভূমিকা রাখার অবকাশ তৈরি হবে বলে আমরা অনুমান করতে পারি এবং সম্ভবত সে জন্য কোনো কোনো মহল থেকে চাপও তৈরি হতে পারে। নিঃসন্দেহে এ সময়ে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের ওপর সবারই মনোযোগ থাকবে। যদি ক্ষমতাসীন দল এখন পর্যন্ত তাদের দেওয়া বক্তব্যকে তারা অনুসরণ করে, তবে সেই সরকারের কর্মকাণ্ড খুব বেশি দূর বিবেচ্য হবে না। জাতীয় পার্টি এই সময়ে একটা বড় ভূমিকা পালন করতে পারে। অন্য যেসব শক্তি ভূমিকা রাখতে পারে, তার মধ্যে নতুন উপাদান হিসেবে জঙ্গিগোষ্ঠীগুলোর কথা বিবেচনা করা যেতে পারে। এই সময়ের শেষ পর্যায় হচ্ছে নির্বাচন। কিন্তু প্রধান বিরোধীদের বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের প্রেক্ষাপটে তার ফলাফল নিয়ে উৎসাহের কারণ থাকবে না।
২৫ জানুয়ারি, ২০১৪ অথবা নির্বাচন-পরবর্তী—ঘটনা: আইনশৃঙ্খলা পরিস্থিতির অভাবনীয় অবনতি, সহিংসতার মাত্রা ও প্রকৃতিতে পরিবর্তন ও নাটকীয় বৃদ্ধি ও প্রত্যক্ষ সহিংস কার্যক্রম। ক্রীড়নক: রাষ্ট্রপতি, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জঙ্গি সংগঠন, গণমাধ্যম ও নতুন সরকার।
বিরোধীদের বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচনের সময় এবং পরে সহিংসতার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অভাবনীয় অবনতির কারণ সৃষ্টি হবে। সে সময় রাষ্ট্রপতি ও সেনাবাহিনীর ভূমিকা পালনের প্রয়োজন এবং তাগিদ—দুই-ই সৃষ্টি হবে বলে আমরা অনুমান করতে পারি। জঙ্গি সংগঠনগুলো এই সুযোগ নেওয়ার চেষ্টা করবে বলে ধারণা করা যেতে পারে। নতুন সরকার পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ নেবে, সেটাও দেশ ও দেশের বাইরে বিবেচিত হবে।
আমরা দেখতে পাচ্ছি যে এই দুই দৃশ্যকল্প, যাতে অভিন্ন বিষয় হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হওয়া, তার পথ ভিন্ন এবং আগামী দিনগুলোতেই আমরা তার ইঙ্গিত পেতে থাকব। কিন্তু তৃতীয় যে দৃশ্যকল্প, নির্বাচন না হওয়া, তার ইঙ্গিত আমরা কীভাবে পাব? আর যদি শেষ পর্যন্ত যদি নির্বাচন না হয়, তবে সাংবিধানিকভাবে দেশ শাসনের কি পথ খোলা থাকবে? সে প্রসঙ্গ এই ধারাবাহিকের শেষ পর্বে।

আগামীকাল: দুই পক্ষকেই ছাড় দিতে হবে

আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।