সম্প্রতি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়েছে। ফলে এখন বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংবাদমাধ্যমে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, খুদে পরীক্ষার্থীদের কঠিন সিলেবাসের কারণে স্বল্প সময়ে পরীক্ষা দিতে সমস্যা হয়। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের পরীক্ষার সময় বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত হয়েছে। গত ১৭ জুলাই প্রথম আলোয় ‘পঞ্চম শ্রেণীতে নতুন পদ্ধতির পরীক্ষা: প্রশ্ন কঠিন, সময় কম, বিপাকে শিশুরা’ শিরোনামের এক প্রতিবেদনে জানানো হয়, এখন থেকে প্রাথমিক পর্যায়ে প্রতি বিষয়ের মোট ১০০ নম্বরের পরীক্ষায় ২৫ নম্বর রাখা হয়েছে বইবহির্ভূত, মানে সিলেবাসের বাইরে। একই প্রতিবেদনে শিক্ষক-শিক্ষার্থীরা বলেছে, নতুন চালু করা প্রশ্নকাঠামো কঠিন হয়েছে এবং এর উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত সময়ও শিক্ষার্থীরা পাচ্ছে না। প্রতিবেদনটি পড়লে মনে হতে পারে, এই নতুন পদ্ধতিটি সম্ভবত কোনো চাকরির নিয়োগ পরীক্ষা কিংবা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি অর্জনের সঙ্গে সম্পর্কিত। বাস্তবিক পক্ষে এটির ভুক্তভোগী হবে প্রতিবছর প্রায় ২৬ লাখ শিক্ষার্থী, যাদের বয়স কমবেশি মাত্র ১০ বছর! বোঝা যাচ্ছে, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ আমলে নিয়ে পরীক্ষার সময় বাড়িয়ে দেওয়ার এ কাজটি করেছেন পরীক্ষা নেনেওয়ালারা।
সরকার ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা শুরু করে। ১০-১১ বছরের কোমলমতি শিক্ষার্থীদের ভিন্ন বিদ্যালয়ে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণে বাধ্য করার পদ্ধতি চালু করার আগে এর উদ্দেশ্য ও প্রয়োগ সম্পর্কে যেসব গবেষণা হওয়া দরকার ছিল, তা হয়নি। পরীক্ষার সময় বাড়ানোর সিদ্ধান্তের পর আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অনেক ঘাঁটাঘাঁটি করেছি। কিন্তু প্রাথমিক এ সম্পর্কে কোনো তথ্য পাইনি।
গেল কয়েক বছরে পিএসসি পরীক্ষা চালু হওয়া সম্পর্কে কয়েকটি গল্প শুনেছি। প্রথম গল্পটিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার একজন বড় কর্তা তাঁর এলাকায় একটি বৃত্তি দেওয়ার জন্য একটা পরীক্ষা নিয়ে থাকেন। তিনি ভাবলেন, এটি কেবল তাঁর নিজের এলাকায় না করে সারা দেশে করা যায়। ২০০৯ সালে যখন হঠাৎ প্রাথমিক পরীক্ষা চালু করা হয়, তখন নবগঠিত শিক্ষা কমিশন একটি শিক্ষানীতি প্রণয়নের কাজ করছিল। সেই শিক্ষানীতির জন্য অপেক্ষা না করেই পিএসসি পরীক্ষা চালু করে দেওয়া হয়।
অন্য একটি গল্পে শুনেছি, প্রচলিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ২০ শতাংশ শিক্ষার্থীকে অংশগ্রহণ করতে হয়। কিন্তু তাদের অনেকেই অনুপস্থিত থাকে। আর বৃত্তি পরীক্ষার ফল ভালো করার জন্য বিদ্যালয়ের শিক্ষকেরা কেবল বৃত্তি পরীক্ষার্থীদের দেখভাল করেন, অন্যদের করেন না। যাতে শিক্ষার্থীদের আলাদা করা না যায়, সে জন্য সবার জন্য পাবলিক পরীক্ষার ব্যবস্থা করা। আর প্রাথমিক পরীক্ষার সবচেয়ে ভালো সুফলটি আমি শুনেছি খোদ শিক্ষামন্ত্রীর মুখে। একটি গোলটেবিল বৈঠকে আমার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, আমাদের দেশে অনেকেই পঞ্চম শ্রেণী বা অষ্টম শ্রেণীর পর আর পড়ালেখা করে না। কাজেই পঞ্চম শ্রেণী বা অষ্টম শ্রেণী পাসের একটি সার্টিফিকেট তাদের কাছে থাকলে সেটি কাজে লাগবে। পিএসসি সার্টিফিকেট দিয়ে কী কাজ হবে, তা অবশ্য তিনি বলেননি।
১০ থেকে ১১ বছরের শিশুদের পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার ব্যাপারটা আসলে পৃথিবীর কোথাও নেই। এমনকি আমাদের নতুন শিক্ষানীতিতেও এ বিষয়টি অনুপস্থিত। জাতীয় শিক্ষানীতিতে ক্রমান্বয়ে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণীতে উত্তরণ ঘটিয়ে অষ্টম শ্রেণী শেষে একটি পাবলিক পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষানীতির মূল্যায়নপদ্ধতিতে বলা হয়েছে, ‘পঞ্চম শ্রেণী শেষে উপজেলা/পৌরসভা/থানা (বড় বড় শহর) পর্যায়ে সবার জন্য অভিন্ন প্রশ্নপত্রে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। অষ্টম শ্রেণী শেষে আপাতত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা নামে একটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত হবে। (জাতীয় শিক্ষানীতি-২০১০, পৃ-৮)।’
শিক্ষানীতির নির্দেশনাকে তোয়াক্কা না করেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আসলে শিশুদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, ডিপিইর সমাপনী নীতিমালা, ২০১২-তে উত্তরপত্র মূল্যায়নের দুটি ধারাও আমার দৃষ্টিগোচর হয়েছে, যা আসলে কতটা যুক্তিসংগত, তা ভেবে দেখার অবকাশ রয়েছে। নীতিমালার ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কোন উপজেলা বা থানার উত্তরপত্র কোন উপজেলা বা থানায় পাঠানো হবে, জেলা বা মহানগর কমিটি সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তা উপজেলা বা থানা কমিটিকে অবহিত করবে; এক উপজেলা বা থানার উত্তরপত্র অন্য উপজেলা বা থানায় মূল্যায়নের নিমিত্ত কোনোক্রমেই Vice-versa করা যাবে না। অনেকে হয়তো জানেন না যে এসএসসি বা এইচএসসি পরীক্ষার মতো পিএসসি পরীক্ষার উত্তরপত্র স্বয়ংক্রিয় কোডিংয়ের আওতায় না থাকলেও পরীক্ষকের কাছে মূল্যায়নের জন্য পাঠানোর আগে সব উত্তরপত্রই কোডিং করা হয়, যাতে নির্মোহভাবে পরীক্ষকেরা মূল্যায়ন করতে পারেন। কিন্তু আমাদের শিক্ষাকর্তারা এখন এই খাতা পাঠাবেন অন্য উপজেলায়। তাঁরা কি আমাদের শিক্ষকদের বিশ্বাস করেন না?
প্রশাসনের লোকেরা শিক্ষকদের কীভাবে মূল্যায়ন করেন, তার আরেকটি নমুনা আমি দেখি বছরের শুরুতে, যখন দেশের বিভিন্ন স্থানে প্রধান বিদ্যালয়গুলোয় বিভিন্ন শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বছরের সেই সময়টায় ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের কারণে আমরা সারা দেশেই ঘুরে বেড়াই। গত বছর আমি আবিষ্কার করেছি ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকেন জেলা প্রশাসনের কর্মকর্তারা! প্রশ্ন তাঁরাই করেন, খাতাও তাঁরা দেখেন এবং ফলাফলও তাঁরাই ঠিক করেন। আমি জানি না, পৃথিবীর আর কোনো দেশে স্কুলের শিক্ষকদের ভর্তি কার্যক্রম থেকে এভাবে দূরে রাখা হয় কি না।
ইদানীং আমার মনে হয়, আমাদের দেশে কোনো শিক্ষানীতি কেউ অনুসরণ করেন না, বরং পরীক্ষানীতি বাস্তবায়ন করেন, যার মূলনীতি হলো—সবার উপরে পরীক্ষা সত্য, তাহার উপরে নাই!
মুনির হাসান: সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।