সবার জন্য প্রীতি
১৩ বছর আগে ট্রেনে ঢিল ছোড়া প্রসঙ্গে প্রথম আলোতে সুমনা শারমীন লিখেছিলেন, ‘এই নিষ্ঠুর তামাশার কি কোনো শেষ নেই?’ সেই লেখার ১৩ বছর পর আনিসুল হক লিখলেন, ‘আমরা যে কেউ এই শিকারে পরিণত হতে পারি যেকোনো দিন। যেকোনো স্থানে।’ তার মানে দাঁড়াচ্ছে—সুদীর্ঘ ১৩ বছরে আমরা এই সমস্যার কোনো সমাধান করতে পারিনি! কেন সমাধান হচ্ছে না? নাকি এই ঘটনাগুলোকে আমরা ‘স্বাভাবিক’ বলে হজম করতে অভ্যস্ত হয়ে গেছি? প্রীতি আমার আত্মীয় নন, বন্ধু নন, কিন্তু প্রীতির জায়গায় আমি আমার পরম আত্মীয়টিকে কল্পনা করতে গেলেই কী যেন এক তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায় বুকের ভেতর। ট্রেনে প্রতিদিন গড়ে আমরা কতজন যাত্রী ভ্রমণ করি, তার পরিসংখ্যান আমার কাছে নেই। আমাদের প্রত্যেকের ঘর থেকেই যদি একজন করে প্রীতি হারিয়ে যায়, আমরা কী করতাম তখন? আসলে আমাদের করণীয় কী?
আনিসুল হক কিছু পরামর্শ দিয়েছেন, কষ্টসাধ্য হলেও তা বাস্তবায়ন করা অসম্ভব নয়। চলন্ত বাসে কেউ ঢিল ছুড়তে সাহস পায় না সচরাচর। কারণ, ড্রাইভার হার্ডব্রেক করবে আর হেলপার দৌড়ে গিয়ে পাজিটাকে ধরে ফেলবে। ট্রেনের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না আদৌ, আর তাই হয়তো ট্রেনের নিয়মকানুনও আলাদা। বাসের চাকায় কেউ পিষ্ট হলে প্রধানত চালককেই দায়ী করা হয়। ট্রেনের ক্ষেত্রে সেটা হয় না। যখন-তখন যেখানে খুশি সেখানেই ট্রেন থামানো যায় না।
রেল কর্তৃপক্ষ কি একটা দায়িত্ব নিতে পারে, তা হলো ট্রেনের প্রতিটি জানালায় সিকিউরিটি গ্রিল কি লাগানো যায়? একটু চেষ্টা করে কি দেখা যায় না? কাচেরটা থাকবে গ্রিলের ভেতরে, তাহলে কাচটাও ভাঙবে না। স্টিলের পাল্লার পরিবর্তে গ্রিলের পাল্লা দিলে কেমন হয়? অথবা লোহার নেটজাতীয় কিছু? প্লিজ, রেল কর্তৃপক্ষ একটু চেষ্টা করে দেখুন না।
আনমল হোসেন, পূর্ব নাখালপাড়া, ঢাকা।